বৃষ্টি জ্বালাচ্ছে সাতক্ষীরাবাসীকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচণ্ড গরমে প্রাণ যখন ওষ্ঠাগত তখন কায়মনোবাক্যে এক ফোঁটা বৃষ্টির প্রার্থনা করছিলেন সবাই। অথচ সেই বৃষ্টিকেই এখন চরম শত্রু মনে হচ্ছে সাতক্ষীরাবাসীর। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের মিয়ারাজ হোসেন যেন অভিমান করেই বললেন, ‘বৃষ্টিটা খুব জ্বালাচ্ছে। সব আনন্দ মাটি করে দিচ্ছে। যেভাবে উদ্‌যাপন করতে চাই সেভাবে পারছি না। বড় কোনো আনন্দ মিছিল করতে পারছি না।

সাতক্ষীরার তেঁতুলিয়া গ্রামের নামটা গত কয়েক দিনে বেশ পরিচিত হয়ে উঠেছে ১৯ বছরের তরুণ মুস্তাফিজের কল্যাণে। ভারতের বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের বাংলাদেশের জয়ের নায়ক যে এই মুস্তাফিজুর রহমান নামের নতুন বিস্ময়! কিন্তু বৃষ্টির সঙ্গে অভিমান করা এই মিয়ারাজ হোসেন কে? মুস্তাফিজ এখন এতই দ্যুতি ছড়াচ্ছেন যে তার আলোয় আলোকিত হচ্ছে মুস্তাফিজের পরিবার পরিজনসহ আশপাশের সবাই। মিয়ারাজও তেমনই একজন। মুস্তাফিজের ঘনিষ্ঠ বন্ধু।
বাংলাদেশ ভারত সিরিজের দ্বিতীয় ম্যাচটি সাতক্ষীরার একটি ফুটবল খেলার মাঠে বড় পর্দায় দেখার কথা ছিল। বাদ সাধে বৃষ্টি, আর তাই দেখা হয়নি বড় পর্দায়। কিন্তু শেষ ম্যাচটিতে আর এই আনন্দ থেকে বঞ্চিত হবে না মুস্তাফিজের বন্ধুরা। মেহেদি হাসান নামে এক বন্ধু জানান, সবাই মিলে অন্যভাবে গ্রাম সাজাবেন। তাঁবু টানিয়ে বন্ধুরা এক সঙ্গে বসে খেলা দেখবেন। ইফতারি করবেন। মো. তোহা নামে আরেক বন্ধু বললেন, ‘আগামীকাল আর বৃষ্টি বাদল কোনো কিছু মানব না। উৎসব হবেই। আতশবাজি কিনেছি। বন্ধুরা মিলে ঠিক করেছি আনন্দ শোভাযাত্রা হবে। আমরা সকলে মিলে নাচব। গান গাইব। আরও যে কত কিছু করব ঠিক করতে পারছি না।’
মুস্তাফিজের মতোই ইতিমধ্যে বিখ্যাত হয়ে গেছেন মুস্তাফিজের সেজ ভাই মোখলেছুর রহমান। তিনিই প্রায় প্রতিদিন ভোরে ৪০ কিলোমিটার পথ মুস্তাফিজকে নিয়ে পাড়ি দিতেন প্র্যাকটিসের জন্য। আজ সকালেই মুঠোফোনে ফোন দিতেই জানালেন ক্লান্তির কথা। গত দুই দিন মুঠোফোন ছাড়তেই পারছেন না তিনি। গলা বসে গেছে। কিছু মানুষ বাড়িতে এসেছিলেন বিভিন্ন সময় অভিনন্দন জানাতে। মুস্তাফিজের খোঁজখবর নিতে। তাঁদের সঙ্গেও কথা বলতে হয়েছে তাঁকে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাড়তি কোনো আয়োজন নেই। বাড়িতে বসে সবাই মিলে এক সঙ্গে খেলা দেখবেন আগামীকাল। তিনি বলেন, বাংলাদেশে ১৬ কোটি মানুষ মুস্তাফিজকে নিয়ে স্বপ্ন দেখছে। তাদের পরিবারও সবাই মিলে কামনা করছেন ভালো খেলা যেন ওর অব্যাহত থাকে। স্বপ্ন দেখছেন বাংলাদেশ আগামী বিশ্বকাপ জয়ী হবে এবং তাতে অবদান থাকবে মুস্তাফিজের।
মুস্তাফিজের বাবা আবুল কাসেম গাজী বলেন, ছেলে তো এখন আর তাঁর একার নয়। দেশের জন্য ওকে ভালো খেলতে হবে এ কামনায় করছেন সব সময়।