বৃষ্টি, তবু পাঠক এলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝোড়ো হাওয়ার সঙ্গে বেশ খানিকটা বৃষ্টি। একুশের গ্রন্থমেলায় ছন্দপতন। ভিজে গেছে প্রচুর বই। জমেছে পানি। সোহরাওয়ার্দী উদ্যান থেকে গতকাল দুপুরের পরে ছবিটি তোলা l প্রথম আলো
ঝোড়ো হাওয়ার সঙ্গে বেশ খানিকটা বৃষ্টি। একুশের গ্রন্থমেলায় ছন্দপতন। ভিজে গেছে প্রচুর বই। জমেছে পানি। সোহরাওয়ার্দী উদ্যান থেকে গতকাল দুপুরের পরে ছবিটি তোলা l প্রথম আলো

হঠাৎ হরিষে বিষাদ নেমে এল বইমেলায়। ২১ ফেব্রুয়ারির পর যেমনটি হয়, আগের দিনগুলোতে বেচাবিক্রি ভালোই জমেছিল। নিতান্তই ঘুরে বেড়ানো নয় বরং প্রকৃত ক্রেতারাই আসছিলেন মেলায়। কিন্তু প্রকৃতি বাদ সাধল। বুধবার সকালের শিলাবৃষ্টি, ঝোড়ো হাওয়া এবং দুপুরের পর মুষলধারে বৃষ্টিতে অনেকটাই লন্ডভন্ড হয়ে পড়ে বইমেলার দুই প্রাঙ্গণ।
দুই বেলার বৃষ্টিতে পানি জমে একাকার মেলা। সেচযন্ত্র এনে ঘণ্টার পর ঘণ্টা পানি সরাতে ঘাম ঝরেছে কর্তৃপক্ষের। বেলা তিনটা থেকে মেলা শুরু হওয়ার কথা থাকলেও বাস্তবতা ছিল প্রতিকূলে। বারবার তথ্যকেন্দ্র থেকে মাইকে ঘোষণা আসছিল, মেলা সাময়িক স্থগিত। তবু যেন বইপাগল মানুষের তর সইছিল না। ঘড়ি ধরে বেলা তিনটায় মূল গেটের বাইরে জড়ো হতে থাকেন তরুণ-তরুণীরা। মাইকে বারবার ঘোষণা দেওয়া হচ্ছিল মেলা সাময়িক বন্ধ...। বৃষ্টির কারণে নির্ধারিত সময় বেলা তিনটার পরিবর্তে মেলা শুরু হয় বিকেল সাড়ে পাঁচটায়। এক ঘণ্টা চলার পর সন্ধ্যা সাড়ে ছয়টায় আবার বন্ধ করে দেওয়া হয়।
আয়োজকদের ছোটাছুটি চলছিল দুপুর থেকে। মেলা পরিচালনা কমিটির সদস্যসচিব জালাল আহমেদকে দেখা গেল একবার বাংলা একাডেমি চত্বরে, কিছুক্ষণ পর আবার সোহরাওয়ার্দী উদ্যান চত্বরে। সন্ধ্যায় ঘণ্টা খানেক মেলা খুলে বন্ধ করে দেওয়া হলো কেন তার ব্যাখ্যা দিলেন তিনি, ‘বৃষ্টির ফলে বৈদ্যুতিক সংযোগের ভেতরে পানি জমে গেছে। এমন অবস্থায় বিদ্যুৎ-সংযোগ দেওয়া হলে যেকোনো ধরনের ক্ষতি হতে পারে। এ বিষয়টি মাথায় রেখে আমরা সন্ধ্যা সাড়ে ছয়টায় মেলা বন্ধ করে দিয়েছি। তবে আগামীকাল (আজ বৃহস্পতিবার) মেলা নির্ধারিত সময় অনুযায়ী বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।’
বেলা তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানে পায়ের গোড়ালি পর্যন্ত পানি। উদ্যানের দক্ষিণ পাশে পানি জমেছে বেশি, সেখান থেকে পানি সরানোর চেষ্টা করছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বাংলা একাডেমির নজরুল মঞ্চের সামনেও একই কাজে ব্যস্ত ছিলেন তাঁরা।
বৃষ্টির কারণে সোহরাওয়ার্দী উদ্যান অংশের বেশির ভাগ স্টলেই কিছু না কিছু বই ভিজে গেছে। পানি মোছা ভেজা বই আলাদা করে শুকানোর চেষ্টা ও স্টল গোছাতে ব্যস্ত দেখা গেছে স্টল ব্যবস্থাপকদের। অনেকেই স্টলের দিকে যাওয়ার জন্য ইট বসানোর ব্যবস্থা করছেন।
প্রাঙ্গণের প্রবেশমুখে বর্ধমান হাউসের আদলে গড়া বাংলা একাডেমির প্যাভিলিয়নটির ছাদ সম্পূর্ণভাবে ভেঙে গেছে। সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্তই প্যাভিলিয়নটি ঠিক করা হচ্ছিল। গ্রন্থ কাননের স্বত্বাধিকারী শাহজাহান আবদালী নিজের স্টলের সামনে হতাশ হয়ে দাঁড়িয়ে ছিলেন। নিজের স্টলের দিকে ইঙ্গিত করে বললেন, ‘দেখছেন, সব বই ভিজে একাকার।’ বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত স্টলগুলোর মধ্যে রয়েছে বাংলা একাডেমি, অন্য প্রকাশ, অবসর, সাহিত্য প্রকাশ, সময় প্রকাশন, অন্বেষা প্রকাশন, বিশ্বসাহিত্য কেন্দ্র, নালন্দা, অনন্যা, পুঁথি নিলয়সহ শতাধিক স্টল। অনন্যা প্রকাশনীর কর্ণধার মনিরুল হক বলেন, ‘আমার প্যাভিলিয়নের মেঝেতে থাকা বইগুলো প্রায় সবই ভিজে গেছে।’ অন্যপ্রকাশের প্যাভিলিয়নের উপরিভাগে থাকা নন্দিত কথাসাহিত্যিক হুরমায়ূন আহমেদের প্রতিকৃতিটিও ভেঙে পড়েছে।
তবু পাঠক এলেন: তখনো মেলার দ্বার খোলেনি। বিকেল চারটার কিছুক্ষণ পর প্রথমা প্রকাশনের স্টলের সামনে একজনকে দেখা গেল একটা কাগজের তালিকা হাতে। জানালেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে শুধু বই কেনার জন্য ঢাকায় এসেছেন। অনেক কষ্টে ঢুকতে পেরেছেন ভেতরে। শাহবাগ আজিজ মার্কেটে প্রথমার বিক্রয় কেন্দ্র থেকে আনিসুল হকের জেনারেল ও নারীরা, মহিউদ্দিন আহমদের বিএনপি: সময়-অসময়সহ তালিকা ধরে বেশ কিছু বই কিনেছেন। একটি বই সেখানে পাননি, সৃজনশীল প্রশ্নপদ্ধতি: ভালো করার নিয়মকানুন বইটি। দোকান খোলেনি তখনো। তাই রীতিমতো অনুরোধ করছিলেন বিক্রয়কর্মীকে। বইটি তাঁর চা-ই! বিকেলে যে অল্প সময় মেলা খোলা ছিল, সে সময়টাতে উল্লেখ করার মতো ভিড় দেখা গেছে। তালিকা ধরে পাঠকেরা বই কিনেছেন। প্রথমা প্রকাশন মেলায় এনেছে আবুল মোমেনের জিয়নকাঠি: প্রাণবন্ত শিক্ষার সন্ধানে। কথা প্রকাশ এনেছে সনৎকুমার সাহার পুরানো জানিয়া, অন্দিন্দ্য প্রকাশ এনেছে আলাউদ্দিন আল আজাদের অগ্রন্থিত রচনাসমগ্র। ঐতিহ্য এনেছে পিয়াস মজিদের এলোমেলো ভাবনাবৃন্দ।
বিকেলে মেলার প্রবেশপথ খুলে দিলে সারি ধরে মানুষ ঢোকে মেলায়। অল্প সময়ের জন্য বিক্রিও হয় উল্লেখ করার মতো। রূপ প্রকাশনের স্বত্বাধিকারী কাজী আবদুল হক জানালেন, দোকান খুলতে না খুলতে কয়েক হাজার টাকার বই বিক্রি করেছেন। বিকেল সাড়ে পাঁচটায় যখন স্টল খুলে দেওয়া হেলা তখন তাম্রলিপি প্রকাশনীর সামনেও ভিড়। প্যাভিলিয়নের এক পাশে মন ভার করে দাঁড়িয়ে ছিলেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী তারিকুল ইসলাম। কারণ জানতে চাইলে বললেন, ‘এখন বেচাবিক্রির সময়। এর মধ্যে বৃষ্টিতে একটা দিন নষ্ট হয়ে গেল!’