বৃষ্টি থাকতে পারে আরও দু-তিন দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকাসহ সারা দেশে এখন বর্ষণ চলছে। আজ শুক্রবার সকাল থেকে রাজধানীতে কয়েক পশলা বৃষ্টি হয়েছে। কখনোবা বৃষ্টি ঝরছে ঝিরিঝিরি। ছুটির দিন বলে অপ্রয়োজনে ঘরের বাইরে সহজে পা দিচ্ছে না কেউ। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানা গেছে, মাঝেমধ্যে মাত্রা কিছুটা কম হলেও দেশজুড়ে আরও দু-তিন দিন বৃষ্টি এভাবেই ঝরবে।

আবহাওয়া অধিদপ্তর তাদের ওয়েবসাইটে দেওয়া পূর্বাভাসে জানায়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের দক্ষিণে টেকনাফ ও কক্সবাজার উপকূল পর্যন্ত চলে এসেছে। পরবর্তী ৭২ ঘণ্টায় তা সিলেট ও দেশের মধ্যাঞ্চল পর্যন্ত বিস্তৃত হবে। মৌসুমি বায়ুর সঙ্গে কালবৈশাখীর প্রভাবে অবিরাম বৃষ্টি হচ্ছে। সন্দ্বীপের পর রাজধানী ঢাকাতেই বেশি বৃষ্টি হয়েছে। আজ সকাল ছয়টা পর্যন্ত সন্দ্বীপে ৪৩ মিলিমিটার বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর, যা ঢাকায় ছিল ৩৭। তবে সকাল থেকে ঢাকায় আরও বেশি বৃষ্টি হয়েছে। আজ দুপুর ১২টা পর্যন্ত রাজধানীতে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১৬ মিলিমিটার। অঝোরে বৃষ্টি হলেও সারা দেশের তাপমাত্রা খুব একটা কমেনি। গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস।