বৃষ্টি থাকতে পারে আরও দুই দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে তিন দিন ধরে যে বৃষ্টিপাত হচ্ছে, তা একই ধারায় অব্যাহত থাকতে পারে আরও দুই দিন। তারপর এর তীব্রতা কমবে। কয়েক দিনের বিরতিও পাওয়া যেতে পারে। তারপর আবার আকাশ কালো করা মেঘ বৃষ্টি ঝরাবে, যা কিনা বাংলার বর্ষার চিরকালীন রূপ৷ গতকাল রোববার আবহাওয়াবিদেরা জানিয়েছেন এ কথা৷
১৫ জুন বা আষাঢ় মাসের একেবারে শুরু থেকেই সারা দেশে মৌসুমি বায়ু বিস্তার লাভ করতে শুরু করে। ১৮ জুন থেকে দেশের অধিকাংশ স্থানে শুরু হয় বৃষ্টিপাত। আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞানীরা বলেন, এ রকম মৌসুমি বায়ু দ্বারা প্রভাবিত বৃষ্টির একেকবারের ব্যাপ্তিকাল বা পালা তিন থেকে সাত দিন পর্যন্ত হতে পরে। একেকটি পালার পর পর বৃষ্টির তীব্রতা কমে। তখন হয়তো একযোগে সারা দেশে বৃষ্টি হয় না। কিন্তু যেহেতু বর্ষাকাল, সেহেতু দেশের কোথাও না কোথাও কম-বেশি বৃষ্টিপাত হবেই।
দেশের স্থলভাগে বৃষ্টিপাতের পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আবহাওয়া দপ্তরের ভাষায় জলভারাবনত ‘গভীর সঞ্চরণশীল মেঘমালা’। তারও কারণ ভরা মৌসুম। ওই মেঘমালার কারণে উপকূলীয় অঞ্চলে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা বেশি। ঢাকাসহ দেশের অন্যত্র সে তুলনায় বৃষ্টি কম। তবে ধীরে ধীরে পালার পর পালায় দেশের সর্বত্র বৃষ্টির পরিমাণ ও তীব্রতা বৃদ্ধি পাওয়াই বর্ষা মৌসুমের স্বাভাবিক বৈশিষ্ট্য।
বৃষ্টির পরিমাণ: আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলেন, গতকাল রোববার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১২ ঘণ্টায় উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে ১৫৯ মিলিমিটার, সীতাকুণ্ডে ১৭৬, কুতুবদিয়ায় ১৫৪, সন্দ্বীপে ১৭৯, মাইজদীকোর্টে ১১৩ ও খুলনায় ১৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। দেশের অন্যত্র সে তুলনায় বৃষ্টি অনেক কম হয়েছে। ঢাকায় ওই ১২ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১২ মিলিমিটার।
আজকের পূর্বাভাস: আজ সোমবারও একই রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ তবে বৃষ্টি হলে তা হবে দুপুরের পর থেকে৷ দেশের সব কটি বিভাগের অধিকাংশ জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি তো হবেই, কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে।
আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, এই বৃষ্টির ফলে দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। আর বিপদের কথা হচ্ছে, এতে পাহাড় ও ভূমিধসের আশঙ্কা বাড়বে। এ জন্য বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে হবে।