বৃষ্টি থামলেও এখন জলাবদ্ধ আগ্রাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা বৃষ্টিতে ডুবে আছে নগরের আগ্রাবাদ এলাকা। আজ মঙ্গলবার বেলা ১১টায় আগ্রাবাদ এক্সেস রোডের দৃশ্য। ছবি: জুয়েল শীল
টানা বৃষ্টিতে ডুবে আছে নগরের আগ্রাবাদ এলাকা। আজ মঙ্গলবার বেলা ১১টায় আগ্রাবাদ এক্সেস রোডের দৃশ্য। ছবি: জুয়েল শীল

চট্টগ্রামে বৃষ্টি থামলেও নগরের বিভিন্ন জায়গা এখনো জলাবদ্ধ। পতেঙ্গা আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে আজ মঙ্গলবার সকাল নয়টা পর্যন্ত চট্টগ্রামে ১৫৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে সরিয়ে নেওয়া হয়েছে ৩ নম্বর সতর্কতা।

নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, হালিশহর, আগ্রাবাদ এক্সেস রোড, ছোট পুলসহ ওই এলাকার বিভিন্ন জায়গা গতকাল সোমবার থেকে পানিতে ডুবে আছে। তবে সকালের পর বৃষ্টি না হওয়ায় মুরাদপুর, ষোলশহর, চাক্তাই, খাতুনগঞ্জ, চান্দগাঁওসহ বিভিন্ন এলাকা থেকে পানি নেমে গেছে।

আগ্রাবাদের এক্সেস রোডে এখন আগের মতো পানি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম। এক্সেস রোডের ব্যাপারীপাড়া থেকে ছোটপুল পর্যন্ত নৌকায় চড়ে মানুষকে পারাপার হতে দেখা যায়।

গতকাল এ সড়কে রিকশার পাশাপাশি রাবারের নৌকা চলেছে। ছবিটি বেলা ১১টার দিকে আগ্রাবাদ এক্সেস রোড থেকে তোলা। ছবি: জুয়েল শীল
গতকাল এ সড়কে রিকশার পাশাপাশি রাবারের নৌকা চলেছে। ছবিটি বেলা ১১টার দিকে আগ্রাবাদ এক্সেস রোড থেকে তোলা। ছবি: জুয়েল শীল

আগ্রাবাদে মা ও শিশু জেনারেল হাসপাতালে নিচতলায় এখনো প্রায় হাঁটুপানি। হাসপাতালের পরিচালক মো. নুরুল হক প্রথম আলোকে বলেন, ‘গতকাল থেকে আমরা পানিতে ডুবে আছি। নিচতলার বিভিন্ন ওয়ার্ড, ফার্মেসি, সেবাদানকারী কক্ষগুলো কার্যত অচল হয়ে আছে। নিচতলার সব রোগীকে ওপরের বিভিন্ন তলার মেঝেতে রাখা হয়েছে। তিনি অভিযোগ করেন, জোয়ারের পানি ঠেকাতে আগ্রাবাদে মহেশখালের মুখে বাঁধ দেওয়ার কারণে এখন বৃষ্টির পানি নামতে পারে না। তাই প্রতিবার জলাবদ্ধতায় ভুগছি।’

এ প্রসঙ্গে গতকাল চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলছিলেন, জলাবদ্ধতা দূর করতে মহেশখাল খনন করা হবে। আগ্রাবাদ এক্সেস সড়কও উঁচু করা হবে।

বৃষ্টি ও জোয়ারের পানিতে ডুবে গেছে ঘরের জিনিস। তাই খাটের ওপর আশ্রয় নিয়েছেন এই নারী। ছবি: জুয়েল শীল
বৃষ্টি ও জোয়ারের পানিতে ডুবে গেছে ঘরের জিনিস। তাই খাটের ওপর আশ্রয় নিয়েছেন এই নারী। ছবি: জুয়েল শীল

জোয়ারের পানি ঠেকাতে ২০ মাস আগে মহেশখালে এ বাঁধ দেওয়া হয়েছিল। আজ বেলা তিনটার দিকে তা অপসারণ করা হবে।

রাতভর মুষলধারে বৃষ্টি ও জোয়ারের কারণে ভোরের দিকে নগরের ভোগ্য পণ্যের পাইকারি বাজার চাক্তাই ও খাতুনগঞ্জের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়িতে পানি ঢুকে যায়।

খাতুনগঞ্জের ব্যবসায়ী ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর জামাল হোসেন বলেন, ‘রাতের বৃষ্টি ও জোয়ারের কারণে খাতুনগঞ্জে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘরে পানি ঢুকেছে। আমাদের ঘরেও পানি ঢুকে। গত চার বছরে এ ধরনের পানি এ এলাকায় ঢোকেনি।’ তবে বৃষ্টি থামার পর ও ভাটার টানে পানি নেমে যায়।

বৃষ্টির পানিতে আগ্রাবাদে মা ও শিশু জেনারেল হাসপাতালের নিচতলায় এখনো প্রায় হাঁটুপানি। দুপুর ১২টায় ছবিটি তোলেন জুয়েল শীল
বৃষ্টির পানিতে আগ্রাবাদে মা ও শিশু জেনারেল হাসপাতালের নিচতলায় এখনো প্রায় হাঁটুপানি। দুপুর ১২টায় ছবিটি তোলেন জুয়েল শীল

পতেঙ্গা আবহাওয়া দপ্তরের কর্তব্যরত আবহাওয়াবিদ বিজন রায় আজ সকাল ১০টার দিকে জানিয়েছেন, নিম্নচাপজনিত ৩ নম্বর সতর্কসংকেত তুলে নেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে।