বৃষ্টি থামার অপেক্ষায় ক্রেতা-বিক্রেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রেতাদের আকর্ষণ করতে বিপণিকেন্দ্রগুলোয় আলোকসজ্জা। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড় এলাকা থেকে তোলা ছবি l জুয়েল শীল
ক্রেতাদের আকর্ষণ করতে বিপণিকেন্দ্রগুলোয় আলোকসজ্জা। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড় এলাকা থেকে তোলা ছবি l জুয়েল শীল

‘বিকেলের এ সময়ে মার্কেটের গলিতে ক্রেতাদের প্রচণ্ড ভিড় থাকত। দোকানেও দাঁড়ানোর জায়গা থাকে না। কথা বলার তো সময়ই পাওয়া যায় না। আর আজকের অবস্থা তো নিজের চোখে দেখছেন। পুরো দোকান ফাঁকা পড়ে আছে। দিনভর বৃষ্টির কারণে লোকজন ঘর থেকে বের হয়নি। বিকেলের দিকে বৃষ্টি থেমে গেলে ক্রেতা আসা শুরু হয়।’

ঈদের বেচাবিক্রি সম্পর্কে জানতে চাইলে ওপরের কথাগুলো বলেন চট্টগ্রাম নগরের নিউমার্কেটের ব্যবসায়ী নাজিম মোহাম্মদ। মার্কেটের নিচতলায় অবস্থিত তাঁর পোশাকের দোকান নক্ষত্র। তাঁর সঙ্গে যখন কথা হয়, ঘড়ির কাঁটায় তখন রোববার বিকেল সোয়া পাঁচটা। দোকানে একটা দুটো ক্রেতা। বিক্রয়কর্মীদের অপেক্ষা কখন ক্রেতাদের ভিড় বাড়বে। 

নগরের তামাকুমন্ডি লেনে ঈদের কাপড় দেখছেন এক তরুণী। গতকাল বিকেলে তোলা l প্রথম আলো
নগরের তামাকুমন্ডি লেনে ঈদের কাপড় দেখছেন এক তরুণী। গতকাল বিকেলে তোলা l প্রথম আলো

গতকাল সকাল থেকেই চট্টগ্রাম নগরে বৃষ্টি শুরু হয়। থেমে থেমে তা চলে দিনভর। কখনো ভারী বর্ষণ, আবার কখনো গুঁড়িগুঁড়ি। বৃষ্টির কারণে বিপাকে পড়েছেন নগরের বিভিন্ন বিপণিবিতানের ব্যবসায়ীরা। ঈদের কেনাকাটার ভরা মৌসুম গতকাল বিপণিবিতানগুলোয় ক্রেতাদের ভিড় ছিল অনেক কম। কয়েক দিন ধরে জমে ওঠা ঈদের বা­­­­জার গতকালের বৃষ্টিতে ভাটা পড়েছে বলে জানান ব্যবসায়ীরা।

শাড়ির দোকান তারা ফ্যাশনের স্বত্বাধিকারী মোহাম্মদ হাসান প্রথম আলোকে বলেন, রোজার এই সময়ে চট্টগ্রাম নগরের পাশাপাশি জেলার বোয়ালখালী, সাতকানিয়া, লোহাগাড়া, পটিয়া ও আনোয়ারা থেকে লোকজন ঈদের কেনাকাটা করতে নিউমার্কেটে আসে। কিন্তু বৃষ্টির কারণে তারা শহরে আসছে না। উপজেলা থেকেই ঈদের কাপড় কিনছে।

গতকাল বিকেলে নিউমার্কেট ঘুরে দেখা যায়, নারী ও শিশুদের পোশাকের দোকানগুলোয় কিছুটা ভিড় ছিল। তবে ছেলেদের পোশাকের দোকানে তেমন ভিড় দেখা যায়নি।

নিউমার্কেটের নিচতলায় অবস্থিত আরেকটি পোশাকের দোকান খাকীতে অবশ্য চার-পাঁচজনকে দেখা যায় পোশাক পছন্দ করতে। তবে তা অন্যান্য দিনের তুলনায় খুবই কম বলে জানান খাকীর ব্যবস্থাপক কমল হাউই। তিনি গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রথম আলোকে বলেন বলেন, এই সময়ে ক্রেতাদের সামলাতে খুবই ব্যস্ত থাকতে হয়। কিন্তু রোববার বৃষ্টি হওয়ায় ক্রেতার দেখা নেই। তাই সারা দিন অলস সময় পার করতে হয়েছে। অবশ্য আগের দুদিন ভালোই বিক্রি হয়েছে বলে জানান তিনি।

নগরের রেয়াজউদ্দিন বাজারের ঈদের কেনাকাটা। গতকাল বিকেল চারটায় তোলা ছবি l প্রথম আলো
নগরের রেয়াজউদ্দিন বাজারের ঈদের কেনাকাটা। গতকাল বিকেল চারটায় তোলা ছবি l প্রথম আলো

নগরের বাকলিয়া এলাকা থেকে চতুর্থ শ্রেণিপড়ুয়া মেয়ে আইরিন সুলতানাকে নিয়ে নিউমার্কেটে এসেছিলেন ব্যবসায়ী ফারুক আহমেদ। নিউমার্কেটের নিচতলায় একটি দোকানে মেয়ের জন্য পোশাক পছন্দ করছিলেন তিনি। এ সময় প্রথম আলোকে বলেন, ‘বৃষ্টির জন্য মার্কেটে আসতে ইচ্ছে করছিল না। কিন্তু মেয়ে বায়না ধরেছে। তাই আসতে হলো।’

নগরের নিউমার্কেটের পাশেই অবস্থিত তামাকুমুণ্ডি লেন ও রেয়াজউদ্দিন বাজার। এখানকার দোকানগুলোর ক্রেতাদের বড় অংশ হচ্ছে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত লোকজন। নিউমার্কেটের তুলনায় এখানে মানুষের ভিড় ছিল কিছুটা বেশি। তবে তা স্বাভাবিকের তুলনায় অনেক কম বলে জানান ব্যবসায়ীরা।

দম ফেলার ফুরসত নেই খলিফাপট্টির কারিগরদের। ছবিটি গত শনিবার বেলা ১১টায় নগরের ঘাটফরহাদবেগ এলাকার খলিফাপট্টি থেকে তোলা l প্রথম আলো
দম ফেলার ফুরসত নেই খলিফাপট্টির কারিগরদের। ছবিটি গত শনিবার বেলা ১১টায় নগরের ঘাটফরহাদবেগ এলাকার খলিফাপট্টি থেকে তোলা l প্রথম আলো

তামাকুমুণ্ডি লেন ও রেয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীরা জানান, ২০ রোজার পর তাঁদের দোকানে মানুষের ঢল নামে। ভিড়ের কারণে অনেকেই কেনাকাটা করতে দোকানে ঢুকতে পারে না। কিন্তু এবার লোকজন খুব কম। গত দু-এক দিন যা-ও কিছুটা বেচাবিক্রি হয়েছিল, গতকালের বৃষ্টিতে তা-ও ভাটা পড়েছে।

গতকালের বৃষ্টিতে ক্রেতা কম ছিল অভিজাত বিপণিকেন্দ্র মিমি সুপার মার্কেটেও। গতকাল বিকেলে একটি শাড়িও বিক্রি হয়নি বলে জানান এই বিপণিকেন্দ্রের শাড়ির দোকান আঁচলের বিক্রয়কর্মীরা।

মিমি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, এবার রোজার প্রথম থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া। মাঝখানে কিছুটা ভালো বিক্রি হয়। কিন্তু আবার বৃষ্টিতে বেচাকেনা প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে।