বৃষ্টি থেমেছে, পানি সরে গেছে ওই ৩০টি কেন্দ্র থেকে
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ৩০টি ভোটকেন্দ্রে জমে থাকা বৃষ্টির পানি গতকাল বুধবার সরে গেছে। গতকাল বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি না হওয়ায় পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে আকাশ ছিল মেঘলা। বৃষ্টি হলে এসব কেন্দ্রে ভোট গ্রহণ নিয়ে শঙ্কাও আছে।গত সোমবার রাতের ভারী বর্ষণে ৩০টি ভোটকেন্দ্রে পানি ওঠে। মঙ্গলবার বিকেলেও এসব কেন্দ্রে পানি থাকায় ভোট গ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হয়।এ প্রসঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলী প্রথম আলোকে বলেন, ‘যেসব কেন্দ্রে পানি উঠেছিল সেখান থেকে পানি নেমে গেছে। এখন আবহাওয়া ভালো। হালকা বৃষ্টি হলে আমাদের সমস্যা হবে না। তবে অধিক বৃষ্টি হলে যেসব কেন্দ্রে সমস্যা হবে সেগুলোতে তাৎক্ষণিকভাবে বিকল্প ব্যবস্থায় ভোট গ্রহণ করার প্রস্তুতি আছে। এসব কেন্দ্রে ব্যালট বাক্সসহ নির্বাচনের সরঞ্জাম পৌঁছে গেছে।’ মঙ্গলবার রাতে সেনাবাহিনী এক প্রতিবেদনে জানায়, বৃষ্টি হলে অন্তত ১২টি প্রতিষ্ঠানে ভোট গ্রহণে সমস্যা হবে। এসব ভোটকেন্দ্র থেকে মঙ্গলবার বিকেলের দিকে পানি নেমে গেছে। তবে বৃষ্টি হলে আবার পানি জমার আশঙ্কা রয়েছে। তখন নিচতলায় কক্ষ স্থাপন এবং ভোটারদের কেন্দ্রে আসা-যাওয়ায় সমস্যায় পড়তে হবে। পতেঙ্গা আবহাওয়া দপ্তর জানায়, উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুপ্রবাহ তীব্র থাকায় সেখানে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ঝোড়োহাওয়া বয়ে যেতে পারে। ফলে কক্সবাজার, চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।এদিকে আমবাগান কেন্দ্রে গতকাল দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৩৭ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বেলা ১১টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রামে তেমন বৃষ্টি হয়নি।তবে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও আশপাশের এলাকায় স্বাভাবিক বৃষ্টিপাত হবে। তবে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও রয়েছে বলে জানান পতেঙ্গা আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ মেঘনাদ তঞ্চ্যঙ্গা।