বৃষ্টি থেমেছে, তারপরও ভবদহে প্রতিদিন বাড়ছে পানি
বৃষ্টি থেমে গেছে গত বুধবার। তারপরও প্রতিদিন ভবদহ অঞ্চলে বাড়ছে পানি। প্লাবিত হচ্ছে নতুন নতুন বাড়ি। সেই সঙ্গে বাড়ছে মানুষের দুর্ভোগ।
যশোরের মনিরামপুর উপজেলার লেবুগাতী গ্রামের গৃহবধূ অনিমা মণ্ডল আশ্রয় নিয়েছেন সুন্দলী-মনিরামপুর সড়কের ওপর। তিনি বলেন, ‘বৃষ্টি নেই। কিন্তু প্রতিদিন জল বেড়েই চলেছে। আজও (গতকাল) প্রায় এক ইঞ্চির মতো জল বেড়েছে। আট দিন আগে গরু–বাছুর নিয়ে বাড়ি ছেড়ে রাস্তায় উঠেছি। কবে বাড়ি ফিরে যাব জানি না।’
যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলা এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষ নিয়ে ভবদহ অঞ্চল। চলতি মাসের ২০ থেকে ২৬ তারিখ পর্যন্ত সপ্তাহব্যাপী টানা ভারী বর্ষণে অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার ১০৫টি গ্রাম জলাবদ্ধ হয়ে পড়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় দুই লাখ মানুষ।
গত শনিবার এবং গতকাল রোববার মনিরামপুর উপজেলার লেবুগাতী, কুচলিয়া, হাটগাছা, সুজাতপুর, পাঁচবাড়িয়া ও পাঁচকাটিয়া এবং অভয়নগর উপজেলার আন্ধা, ডুমুরতলা, চলিশিয়া, বেদভিটা, বলারাবাদ ও কোটা গ্রাম ঘুরে দখা গেছে, এসব গ্রামের অধিকাংশ বাড়িতে পানি উঠেছে। গ্রামের বাসিন্দারা জানান, গত ২০ জুলাই ভোর থেকে বৃষ্টি শুরু হয়। ২৭ জুলাই সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকে। এ সময় কখনো গুঁড়ি গুঁড়ি আবার কখনো ভারী বৃষ্টিপাত হয়েছে। এরপর অল্প কিছু বিচ্ছিন্ন বৃষ্টিপাত হয়েছে। তবে তা তেমন জোরালো ছিল না। তাঁরা জানান, যশোর শহরসহ ওপরের অংশের পানি মুক্তেশ্বরী, শ্রী, হরি ও টেকা নদ–নদী দিয়ে সাগরে যায়। বৃষ্টি থেমে গেলেও ধীরে ধীরে ওই পানি নদী দিয়ে নিষ্কাশিত হয়। কিন্তু পলি পড়ে উঁচু হয়ে পড়ায় নদীগুলো দিয়ে বর্তমানে তেমন পানি নিষ্কাশিত হচ্ছে না। কিন্তু প্রতিদিন ওপরের পানির চাপ বাড়ছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।
অভয়নগর উপজেলার ডুমুরতলা গ্রামের শিবপদ বিশ্বাস বলেন, প্রতিদিন পানি বাড়ছে। কখনো বেশি আবার কখনো কিছুটা কম। প্রতিদিন গড়ে এক ইঞ্চি করে পানি বাড়ছে। কোটা গ্রামের হাফিজুর রহমান বলেন, ‘বৃষ্টি থেমে গেছে গত বুধবার। এরপর পানি বেড়ে বারান্দা ছুঁই ছুঁই করছিল। আজ (গতকাল) ঘরে পানি ঢুকে পড়েছে।’ আন্ধা গ্রামের স্বপ্না বিশ্বাস বলেন, ‘ঘরের মধ্যে জল। খাট উঁচু করে সেখানেই রাতে থাকছি। জল যেভাবে বাড়ছে, তাতে এভাবে যে কত দিন থাকা যাবে বুঝতে পারছি না।’ মনিরামপুর উপজেলা হাটগাছা গ্রামের প্রভাংশু বিশ্বাস বলেন, ‘ওপরের জল নেমে আসছে। এ জন্য প্রতিদিন জল বাড়ছে। আমার বাড়িঘর ইতিমধ্যে জলে প্লাবিত হয়ে গেছে।’
ভবদহ পানিনিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ কুমার বাওয়ালি বলেন, ওপরের পানির চাপে প্রতিদিন ভবদহ অঞ্চলে জল বেড়েই চলেছে। এক দিন সবচেয়ে বেশি তিন ইঞ্চি জল বেড়েছে। প্রতিদিন মানুষ বাড়ি ছেড়ে গরু, ছাগল ও হাঁস-মুরগি নিয়ে উঁচু রাস্তার ওপর এসে আশ্রয় নিচ্ছে। মানুষের দুর্ভোগ বাড়ছে।