বৃষ্টি না হলেও সড়কে পানি!

দুপুরের প্রখর রোদ। সকাল থেকে কোনো বৃষ্টি নেই, তবু খিলগাঁও সি ব্লকে ঢোকার রাস্তায় জমে আছে পানি।
স্থানীয় বাসিন্দারা বলছেন, সড়কটিতে সব সময় পয়োনালার নোংরা পানি জমে থাকে। ওই নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি মাড়িয়ে চলতে হয় তাঁদের। বৃষ্টি হলে পানি হাঁটুর ওপরে উঠে যায়।
গতকাল মঙ্গলবার দুপুরে দেখা যায়, সি ব্লকের খিলগাঁও সরকারি কলোনি লাগোয়া ওই সড়কের ফুটপাত দিয়ে পথচারীরা যাতায়াত করছে। ব্যক্তিগত গাড়ি বা মোটরবাইক গেলে নোংরা পানি ছিটকে পড়ছে পথচারীদের গায়ে।
স্থানীয় বাসিন্দারা বলেন, সড়কের ১২০ মিটার অংশে দীর্ঘদিন ধরে পানি জমে আছে। চলতি বর্ষা মৌসুমে শুরু থেকেই চলছে এই অবস্থা। নোংরা পানি মাড়িয়ে এই অল্প পথটুকু হেঁটে যেতে তাঁদের কষ্ট হয়। সিটি করপোরেশন কর্তৃপক্ষকে কয়েকবার জানালেও এই সমস্যা সমাধানের কোনো উদ্যোগ তাঁদের চোখে পড়েনি।
সি ব্লকের বাসিন্দা কলেজ শিক্ষার্থী ফুয়াদ বিন নুরুল্লাহ বলেন, প্রতিদিন এই নোংরা পানি মাড়িয়ে তাঁকে কলেজে যেতে হয়। বৃষ্টি হোক বা না হোক পানি থাকবে। এই পানি কখনো বাড়ে, কখনো কমে। ফুটপাত দিয়ে হাঁটার সময় গাড়ি গেলে পানি গায়ে এসে লাগে।
রাস্তার মুখেই ফুটপাতে বসেন চর্মকার রমেশ বাবু। জমে থাকা পানির কারণে সপ্তাহের বেশির ভাগ দিন তিনি এখানে বসতে পারেন না। রমেশ বাবু প্রথম আলোকে বলেন, ‘কোরবানির ঈদের আগ থেকেই এই খানে পানি জমা। বৃষ্টি আইলেই বন্যা লাইগা যায়। সিটি করপোরেশনের কোনো লোকরে তো কাম করতে দেখি না।’
একটু বৃষ্টি হলে দোকানে পানি উঠে মালামাল নষ্ট হয় বলে জানান সড়কের প্রগতি জেনারেল স্টোরের দোকানি আবদুল কাদের চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, ‘ঈদের দুই সপ্তাহ আগে থেকেই এই রাস্তার নোংরা পানি জমে আছে। কয়েক দিন আগে চার-পাঁচজন এসে বাঁশের কঞ্চি দিয়ে নালাগুলো খুঁচিয়ে গেছে। আর কোনো সমাধান নাই। এত দিন ধইরা সমস্যা। অতি শোকে পাথর হয়ে গেছি। দেখার কেউ নেই। কাউন্সিলরকে অভিযোগ করেও কোনো লাভ হয় না।’
রাস্তাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডে পড়েছে। ওয়ার্ড কাউন্সিলর ওয়াহিদুল হাসান বাসিন্দাদের এই ভোগান্তির কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের যেতে কষ্ট হয়, গাড়ি নষ্ট হয়ে পড়ে। এই রাস্তাটি দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের সীমানার মধ্যে পড়েছে। এর ড্রেনেজ ব্যবস্থাটা বেশ পুরোনো ও দুর্বল। বিষয়টি নিয়ে দুই সিটি করপোরেশনের মধ্যে কথা হয়েছে। এটি সংস্কারে একটি প্রকল্প নেওয়া হয়েছে। মাসখানেকের মধ্যেই কাজ শুরু হবে।