বৃষ্টি নেই উত্তরে, বিপাকে কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোটা উত্তরাঞ্চলে ভরা বর্ষাতেও বৃষ্টির দেখা নেই। পানির অভাবে রংপুর, কুড়িগ্রাম ও নীলফামারীতে আমনের জমি তৈরি, চারা রোপণ ও পাট জাগ দিতে পারছেন না কৃষকেরা। যেসব জমিতে আমনের চারা লাগানো হয়েছে, সেসব জমি পানির অভাবে ফেটে যাচ্ছে। অনেকে বাধ্য হয়ে শ্যালোইঞ্জিনচালিত যন্ত্র দিয়ে জমিতে পানি দিচ্ছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রংপুর: জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এ বছর এক লাখ ৫৫ হাজার হেক্টর জমিতে আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জুলাই মাসে সামান্য বৃষ্টিপাত হওয়ায় লক্ষ্যমাত্রার অর্ধেকের কিছু কম জমিতে চারা রোপণ করা হয়েছে। আর বৃষ্টি না হওয়ায় কৃষকেরা বাকি জমিতে চারা রোপণ করতে পারছেন না। অনেক কৃষক অগভীর নলকূপের মাধ্যমে সেচ দিয়ে চারা রোপণ করছেন। গঙ্গাচড়ার তালুক হাবু গ্রামের শিক্ষক কমল কান্ত জানান, আমন আবাদ বৃষ্টির ওপর নির্ভরশীল। বৃষ্টি না হওয়ায় বাধ্য হয়ে অগভীর নলকূপ দিয়ে সেচ দিতে হচ্ছে। এতে কৃষকদের ঘণ্টাপ্রতি ১০০ টাকা থেকে ১১০ টাকা ব্যয় হচ্ছে। এক একর জমিতে ১০ ঘণ্টা পানি দিয়ে চারা রোপণ করতে হয়। এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে।
কৃষি সম্প্রসারণ রংপুর কার্যালয়ের উপপরিচালক ফিরোজ আহমেদ জানান, লক্ষ্যমাত্রার অর্ধেক জমিতে চারা রোপণ করেছেন কৃষকেরা। বৃষ্টিপাত হলে বাকি জমিতে কৃষকেরা চারা রোপণ করবেন। চারা রোপণের এখনো সময় রয়েছে।
কুড়িগ্রাম: জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে জেলায় এক লাখ ১৮ হাজার ৬৫১ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।এ পর্যন্ত ৪৩ হাজার হেক্টর জমি রোপণ করা হয়েছে। এ ছাড়া জেলায় ২১ হাজার ৬৫২ হেক্টর জমিতে পাটের চাষ করা হয়েছে।
গত রোববার সদর উপজেলার মাধগ্রামে গিয়ে দেখা যায়, অসংখ্য জমি পড়ে আছে।পানির অভাবে কৃষকেরা আমন রোপণ করতে পারছেন না। যেসব জমিতে কৃষকেরা চারা রোপণ করেছেন খরায় সেই জমি ফেটে যাচ্ছে।বাধ্য হয়ে অনেক কৃষক অগভীর নলকূপ দিয়ে জমিতে পানি দিচ্ছেন।
মাধগ্রামের কৃষক সাইদুর রহমান জানান, তিনি বাধ্য হয়ে তিন একর জমিতে অগভীর নলকূপ দিয়ে পানি দিচ্ছেন। এতে তাঁর প্রতিদিন ২১০ টাকা লাগছে।মাঝের চর গ্রামে দেখা যায়, এখানে ব্যাপক পাট আবাদ হয়েছে। কিন্তু পানি না থাকায় কৃষকেরা পাট কেটে জাগ দিতে পারছেন না।এ কারণে অনেক কৃষক পাট কাটছেন না।এনামুল হক নামে এক কৃষক জানান, তিনি তিন বিঘা জমিতে পাট চাষ করেছেন।পাট খুব ভালো হয়েছে।কিন্তু পানির অভাবে পাট জমিতে পড়ে আছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক প্রতাপ কুমার মণ্ডল জানান, বৈরী আবহাওয়ার কারণে আমনচাষিরা সমস্যায় পড়েছেন। তবে সবচেয়ে সমস্যায় পড়েছেন পাটচাষিরা। পানির অভাবে তাঁরা পাট জাগ দিতে পারছেন না।
নীলফামারী: জেলা সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, এ মৌসুমে জেলায় এক লাখ ১০ হাজার ১৬১ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া জেলায় এ বছর ১২ হাজার হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পানির অভাবে রোপণ করা আমনের জমি ফেটে যাচ্ছে। এ সময় ডোমারের ভোগডাবুরি ইউনিয়নের কৃষক তাকদিমুল ইসলাম জানান, তিনি প্রায় ১০ বিঘা জমিতে আমনের চারা রোপণ করেছেন। বৃষ্টির অভাবে আরও পাঁচ বিঘা জমিতে রোপণ করতে পারছেন না।
জলঢাকার দেশিবাই গ্রামের কৃষক মোজাম্মেল হক জানান, বৃষ্টির অভাবে এখন আমনখেতে সেচ দিতে হচ্ছে। পানির অভাবে পাট কাটার পরও জাগ দিতে পারছেন না। জেলা সদরের শাহপাড়া গ্রামের কৃষক আলম জানান, তিনি ২৬ বিঘা জমির মধ্যে ২১ বিঘা জমিতে সেচ দিয়ে চারা রোপণ করেছেন। সেচ দিয়ে চারা লাগাতে প্রতি বিঘায় ৩০০ টাকা অতিরিক্ত খরচ হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম জানান, বৃষ্টি না হওয়া পর্যন্ত কৃষকদের আমনের জমিতে সেচ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বৃষ্টি না হওয়ায় অনেক কৃষক পাট কাটার পরও জাগ দিতে পারছেন না।