সকালে খানিকটা মেঘ জমেছিল আকাশে। তবে আভাস দিয়েও বৃষ্টি নামি নামি করে নামল না। দুপুরে কোথাও কোথাও ছিটেফোঁটা। তাতে রোদের দহনজ্বালা খানিকটা কমেছিল বটে, তবে আষাঢ়ে বৃষ্টি তাকে বলা যায় না। শনিবার বর্ষার প্রথম দিনে ভারী বৃষ্টির প্রত্যাশা থাকলেও সাড়া মেলেনি প্রকৃতির। খানিক মেঘ, খানিক রোদ্দুর—এভাবেই গেছে আষাঢ়ের প্রথম দিন।
বৃষ্টি না ঝরুক, আষাঢ়ের প্রথম দিনে রাজধানীতে বর্ষাবরণের উৎসবে উৎসাহের ঘাটতি ছিল না। সকাল-সন্ধ্যা বিভিন্ন সংগঠন নানা আয়োজনে বর্ষাবরণ উৎসব উদ্যাপন করেছে। এর মধ্যে ছিল বর্ষা নিয়ে আলোচনা, সংগীত, নৃত্য, আবৃত্তি, বৃক্ষরোপণসহ নানা আয়োজন। দিনটিও ছিল সাপ্তাহিক ছুটির। ফলে উৎসবের সকাল-বিকেল উভয় অধিবেশনেই দর্শনার্থীর সংখ্যা ছিল যথেষ্ট।
উৎসবে অংশগ্রহণকারীদের পোশাক ও সাজসজ্জা ছিল বর্ষার সঙ্গে মানানসই। নারীদের পরনে ছিল আকাশি-নীল শাড়ি, সঙ্গে খোঁপায় বেলি ফুলের মালা আর হাতে প্রিয়জনের দেওয়া কদম ফুল। পুরুষদের পরনে নীল পাঞ্জাবি আর ফতুয়া। অনেকে আবার বর্ষার কবিতার পঙিক্ত আর ছবি আঁকা টি-শার্ট পরেছিলেন।
উদীচীর বর্ষাবরণ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের লিচুতলায় সকালে শুরু হয়েছিল উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর সংসদের আয়োজনে বর্ষা উৎসব। প্রিয়াংকা গোপের গাওয়া ‘শ্রাবণ আয়ে বনে বনে’ রাগপ্রধান গানটি দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর উদীচীর শিল্পীরা পরিবেশন করেন গীতিনৃত্য-আলেখ্য। গান, নাচ ও আবৃত্তির সমন্বয়ে এ গীতিনৃত্য-আলেখ্যে বর্ষার রূপ তুলে ধরা হয়। পরে ছিল উদীচীর বাচিক শিল্পীদের বৃন্দ আবৃত্তি এবং নৃত্যমের শিল্পীদের নৃত্য পরিবেশনা।
এরপর কাজী মোহাম্মদ শীশের সভাপতিত্বে বর্ষাকথনে অংশ নেন কবি অসীম সাহা, শংকর সাঁওজাল, সংগীতা ইমাম প্রমুখ। উৎসবের ঘোষণা পাঠ করেন অমিত রঞ্জন দে।
বর্ষাকথনের পর শুরু হয় উৎসবের দ্বিতীয় পর্ব। এ পর্বে গান, নাচ ও আবৃত্তি পরিবেশন করেন আমন্ত্রিত শিল্পীরা। শুরুতেই রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে’ গানটি পরিবেশন করেন সেমন্তী মঞ্জুরি। পরে নজরুলসংগীত, লোকগীতি ও হারানো দিনের গান নিয়ে মঞ্চে আসেন সুমা রানী রায়, সুমন চৌধুরী, সুনন্দা মঞ্জুরি, ঐশিকা নদী প্রমুখ শিল্পী। জাহিদ মামুন খানের গাওয়া ‘আকাশ এত মেঘলা যেও নাকো একলা’ গানটি দর্শকদের মনে পুরোনো দিনের স্মৃতি জাগিয়ে তোলে। আবৃত্তি করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, বেলায়েত হোসেন, ডালিয়া আহমেদ, মাসকুরে সাত্তার ও শিখা সেনগুপ্তা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাহমুদ সেলিম ও হালিমা নূর।
সত্যেন সেন শিল্পীগোষ্ঠী: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে ছিল সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর বর্ষা-উৎসব। সকাল সাড়ে সাতটায় শিল্পী অলক সেনের মিয়া কি মাল্লা রাগ পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় উৎসব। উদ্বোধন করেন অধ্যাপক আনিসুজ্জামান। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, আলোচক ছিলেন নিগার চৌধুরী। সভাপতিত্ব করেন হায়াৎ মামুদ। অনুষ্ঠান পরিচালনা করেন মানজার চৌধুরী।
এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আবুবকর সিদ্দিক, তানিয়া মান্নান, অনিমা রায় ও মাফিয়া রহমান। একক আবৃত্তিতে ছিলেন ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও লায়লা আফরোজ। দলীয় নৃত্য পরিবেশন করে নটরাজ, নৃত্যম ও স্পন্দন। দলীয় সংগীত পরিবেশন করে বহ্নিশিখা, ধ্রুবতান, সুরসপ্তক, পঞ্চ ভাস্কর, ভাওয়াইয়া গানের দল ও সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। সকালের শেষ পর্বে বনজ, ফলদ ও ঔষধি গাছ বিতরণ করা হয় কেন্দ্রীয় খেলাঘর আসরের শিশু, শিল্পী ও অতিথিদের মধ্যে। উৎসবের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছিল বিকেল পাঁচটায়। টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে। এতেও ছিল একক ও দলীয় গান, নৃত্য ও আবৃত্তি। বেশ খানিকটা রাত পর্যন্ত ছিল এসব পরিবেশনা।
বজ্রমাণিক দিয়ে গাঁথা: বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষা-উৎসবের আয়োজন করে অফিসার্স ক্লাব। ‘বজ্রমাণিক দিয়ে গাঁথা আষাঢ় তোমার মালা’ নামের এ উৎসবের উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইয়া ও নিসর্গী দ্বিজেন শর্মা। সকালে ক্লাব প্রাঙ্গণে বৃক্ষরোপণের মধ্য দিয়ে শুরু হয়েছিল উৎসবের কার্যক্রম। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন অদিতি মহসিন, সুবর্ণা চৌধুরী ও ইমন চক্রবর্তী।