বৃষ্টি নেই, চৈত্রের তাপে পুড়ছে দেশ

চৈত্রের তৃতীয় সপ্তাহও শেষের পথে। ফাল্গুন-চৈত্র মিলে এখন পর্যন্ত বৃষ্টি হয়েছে সামান্যই। প্রায় এক সপ্তাহ ধরে দেশের কোথাও এক ফোঁটা বৃষ্টি নেই। ফলে খরতাপ পুঞ্জীভূত হয়ে সৃষ্টি করেছে তাপপ্রবাহ। সেই তাপে পুড়ছে দেশের অধিকাংশ এলাকা।
আবহাওয়া অফিস বলেছে, দেশের অধিকাংশ এলাকায় মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ চলছে। রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগ এবং ময়মনসিংহ ছাড়া ঢাকা বিভাগের সর্বত্র এই তাপপ্রবাহ ছড়িয়ে পড়েছে। আরও দুই-তিন দিন এই ধারা চলতে পারে। তারপর বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিসের হিসাব ও পর্যবেক্ষণ অনুযায়ী, বৃষ্টিহীন মধ্যচৈত্রের চলমান তাপমাত্রা এই সময়ের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে গড়ে প্রায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি। কোথাও কোথাও তা সাত-আট ডিগ্রি পর্যন্ত বেশি। দিনের ও রাতের তাপমাত্রার মধ্যেও ব্যবধান কম। ফলে চৈত্র মাস আক্ষরিক অর্থেই কাঠফাটা হয়ে উঠেছে।
কয়েকজন আবহাওয়াবিদ বলেন, একদিকে বৃষ্টি নেই, অন্যদিকে সূর্যের কিরণকাল অর্থাৎ দিনের দৈর্ঘ্য বাড়ছে। ভৌগোলিক কারণে তা ২১ জুন পর্যন্ত বাড়বে। সূর্যরশ্মি এখন বাংলাদেশ অঞ্চলে তির্যকভাবে পড়ছে। দিনের তাপমাত্রা অসহনীয় হয়ে ওঠার এটা অন্যতম কারণ। তবে বাতাসে জলীয় বাষ্প কম থাকায় সকালে কিংবা সন্ধ্যায় যখন সূর্য থাকে না তখন ঘরের বাইরের তাপমাত্রা একেবারে অসহনীয় থাকে না।
বছরের এ সময়ে বাংলাদেশে তাপ ও বৃষ্টিপাতের মাত্রায় হেরফের একেবারে অস্বাভাবিক নয় বলে আবহাওয়াবিদদের অভিমত। তাঁরা বলেন, এ সময় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হয়। কখনো প্রয়োজনের তুলনায় বেশি, কখনো বা কম। এ ছাড়া প্রকৃতি এ সময় মানুষের জন্য কিছু শারীরিক সমস্যা সৃষ্টি করে। সর্দি-কাশি, জ্বর, জলবসন্ত ইত্যাদি এই সময়ের অস্বস্তিকর বিষয়। এগুলো থেকে মুক্ত থাকতে এই সময়ে দরকার হয় বাড়তি সতর্কতা।
আবহাওয়া অফিসের সূত্র জানায়, দুই-তিন দিন ধরে ঢাকার তাপমাত্রা ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াস। এটা এই সময়ের স্বাভাবিক তাপমাত্রার তুলনায় তিন-চার ডিগ্রি বেশি। গত শনিবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ছয় ডিগ্রি, যা এই সময়ে রাজশাহীর স্বাভাবিক তাপমাত্রার তুলনায় সাত-আট ডিগ্রি বেশি। গতকাল রোববার পটুয়াখালীর খেপুপাড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক চার ডিগ্রি। এটাও এই সময়ে সেখানকার স্বাভাবিক তাপমাত্রার চেয়ে সাত-আট ডিগ্রি বেশি। বৃষ্টি হলেই তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে আসবে। সে জন্য হয়তো আরও দুই-তিন দিন অপেক্ষায় থাকতে হবে।