বৃষ্টি নেই, তবুও সড়কে পানি
গত দুদিন নোয়াখালী শহরে ভারী বৃষ্টিপাত হয়নি। অথচ শহরের জেলা জজকোর্ট রোড ও ফ্ল্যাট রোডে ঢোকার মুখে জমে থাকা পানি দেখে মনে হবে এই বুঝি বৃষ্টি বন্ধ হলো।
স্থানীয় লোকজন বলেন, এক দিন সামান্য বৃষ্টি হলে পরের কয়েক দিন সড়ক দুটির মুখে পানি জমে থাকে। এ বছর বর্ষার বেশির ভাগ সময় ওই দুটি সড়কে ছিল এই চিত্র।
সরেজমিনে দেখা যায়, সড়ক দুটির মুখেই পৌরসভার নর্দমা। নর্দমার পানি উপচে পড়ে সড়কের পরিবেশকে আরও নোংরা করে তুলেছে। পথচারীরা নোংরা পানির মধ্য দিয়ে চলাচল করছেন। যানবাহন চলার সময় নোংরা পানি ছিটকে পড়ে অনেকের জামাকাপড়ও নষ্ট হয়ে যাচ্ছে।
ফ্ল্যাট রোড দিয়ে শহরের সরকারি আবাসিক এলাকা এবং মাইজদী হাউজিং এস্টেটের কয়েক হাজার বাসিন্দা চলাচল করে। একই সড়কে রয়েছে বেশ কয়েকটি গণমাধ্যমের কার্যালয়। ব্যবসায়ীদের অভিযোগ, সড়কের মুখের নর্দমা অনেক দিন ধরে পরিষ্কার না করায় নর্দমার পানি সড়কে এসে পড়ে। ময়লা পানি ডিঙিয়ে ক্রেতারা দোকানে আসতে চান না। সমস্যাটি সমাধানের জন্য পৌর কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেও কোনো কাজ হয়নি।
পথচারী সফিক উল্লা বলেন, ‘জেলা জজকোর্ট রোডের মুখে সব সময় পানি জমে থাকে। অথচ পাশেই রয়েছে বড় নর্দমা। কিন্তু পানি নর্দমায় যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে না। তাই আমাদের দুর্ভোগেরও শেষ নেই।’
পৌর মেয়র হারুনুর রশিদ আজাদ জানান, সড়ক দুটির মুখে জমে থাকা পানি নিষ্কাশনে এবং নর্দমা পরিষ্কার করতে তিনি একাধিকবার সংশ্লিষ্ট বিভাগের লোকজনকে বলেছেন। কিন্তু কাজটি যে হয়নি তা তাঁর জানা নেই। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।