বৃষ্টি নেই, শিবগঞ্জের চাষিরা বিপাকে
বর্ষা যাই যাই করছে। কিন্তু বগুড়ার শিবগঞ্জে বৃষ্টি নেই। জুলাই মাসের প্রথম দিকে মাঝারি বৃষ্টি হয়েছিল এই উপজেলায়। তার পর থেকে আকাশে মেঘ জমলেই আশার বুক বেঁধেছেন চাষিরা। কালো মেঘের আনাগোনা প্রায়ই ছিল। কোথাও টিপটিপ, কোথাও বা একপশলা বৃষ্টি হয়েছে। কিন্তু কোনো কোনো এলাকায় ছিটেফোঁটা বৃষ্টিও হয়নি। তাই বর্ষানির্ভর আমন চাষিদের মুখে ঘনীভূত হয়েছে আশঙ্কার মেঘ।
কৃষিপ্রধান এলাকা হিসেবে পরিচিত এ উপজেলায় বৃষ্টির অভাবে আমন চাষ হুমকিতে পড়েছে। টানা খরতাপে খেত শুকিয়ে গেছে। বৃষ্টি হবে—এই আশায় বুক বেঁধে আছেন কৃষকেরা। আশা করছেন, প্রয়োজনীয় বৃষ্টির দেখা পাবেন। আর যাঁরা আশা করতে পারছেন না তাঁরা বাড়িতে তুলে রাখা সেচযন্ত্র আবার মাঠে নামিয়েছেন। আমন খেতে সেচ দিচ্ছেন।
গত রোববার উপজেলার কুড়াহার গ্রামে গিয়ে দেখা যায়, শ্যালো মেশিন চালিয়ে খেতে সেচ দেওয়া হচ্ছে। ওই গ্রামের কৃষক ফরিদ উদ্দিন (৩৮) বলেন, ‘সচ্ছল কৃষকেরা সেচ দিয়ে আমন রোপণের সুযোগ পেলেও ক্ষুদ্র কৃষকেরা পড়েছেন বিপাকে। তাঁরা চেয়ে আছেন আকাশের দিকে।’
উপসহকারী কৃষি কর্মকর্তা এজাজ কামাল জানান, চলতি মৌসুমে উপজেলার ২০ হাজার ৮৮০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হচ্ছে। বৃষ্টির পানি ছাড়া ধান উৎপাদন কম হবে।