বৃষ্টি-পাহাড়ি ঢলে ময়মনসিংহ ও শেরপুরের ৯ ইউনিয়ন প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবল বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গতকাল সোমবার শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার ছয় ইউনিয়ন প্লাবিত হয়েছে। এদিকে পাহাড়ি ঢলে ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলার তিনটি ইউনিয়নের ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে।আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:নালিতাবাড়ী: উপজেলা প্রশাসন জানায়, কয়েক দিনের বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার চেল্লাখালী ও ভোগাই নদী এবং পাহাড়ি ঝরনার পানি অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এতে চেল্লাখালী নদীর সন্ন্যাসীভিটা সেতু, বালুঘাটা পাকা সড়ক, দক্ষিণ সন্ন্যাসীভিটা এলাকায় বেড়িবাঁধ ও নদীর তীররক্ষা বাঁধ ভেঙে গেছে। ফলে উপজেলার কলসপাড়, রাজনগর, নয়াবিল, বাঘবেড়, নন্নী ও রামচন্দ্রকুড়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা পানিতে নিমজ্জিত হয়েছে। এতে উপজেলা সদর থেকে জেলা সদরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।ঝিনাইগাতী: গত দুই দিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে ঝিনাইগাতী-ভায়াডাঙ্গা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।ময়মনসিংহ: পাহাড়ি ঢলে ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলায় নিতাই নদীর উত্তর ও দক্ষিণ পারের তিনটি ইউনিয়নের বিভিন্ন স্থানে বাঁধে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। গত রোববার মধ্যরাত থেকে গতকাল পর্যন্ত পাহাড়ি ঢলে নদীর উভয় পাড়ে ভাঙন অব্যাহত রয়েছে। এতে উপজেলার দক্ষিণ মাইঝপাড়া, ঘোষগাঁও ও ঘামারীতলা ইউনিয়নের ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। ধোবাউড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আলম বলেন, এতে ২৫টি গ্রামের প্রায় এক থেকে দেড় হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।