বৃষ্টি বেশি, ইলিশ কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচুর বৃষ্টি হলো এবার বর্ষায়। শরতেও কমতি নেই ধারা বর্ষণের। কমতি কেবল ইলিশের। বাঙালির জীবনে বর্ষা আর ইলিশ এক সুতোয় বাঁধা। মেঘ-বিজলি যতই গর্জন বর্ষণ করুক, তার সঙ্গে ইলিশের সংযোগ না ঘটলে বর্ষার আমেজ পুরোপুরি জমে না। ঢাকার বাজারে সেই ইলিশের এবার ভারি আকাল।
রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে খোঁজ নিয়ে দেখা গেল, ইলিশের উপস্থিতি সামান্যই। তবে দামে অসামান্য। এক কেজি ওজনের ইলিশ বলতে গেলে দুর্লভ। কদাচিৎ মিললেও তাকে ব্যাগে তুলতে হলে গুনতে হবে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা। আর যেসব ইলিশ পাওয়া যাচ্ছে, সেগুলো ৫০০ থেকে ৮০০ গ্রামের। এসব ইলিশ বিকোচ্ছে ৫০০ থেকে সাড়ে ৬০০ টাকায়। সাধারণত বর্ষায় যা ৩০০ থেকে ৪০০ টাকাতেই পাওয়া যেত। আমদানি কম বলে দাম চড়া। তাই ইলিশ এবার ঘ্রাণ ছড়াচ্ছে না অনেকের রান্নাঘরে।
ইলিশ খ্যাত চাঁদপুর ও মতলবের জেলেরা বলেছেন, পদ্মায় এবার তাঁরা ইলিশ তেমন পাননি। গত নভেম্বর থেকে মেঘনায় ব্যাপক পরিমাণে জাটকা ধরা হয়েছিল। সে কারণেই পদ্মায় ইলিশ কমেছে বলে জেলেদের ধারণা। প্রথম আলোর প্রতিনিধিরা জানিয়েছেন, চাঁদপুর ও মতলবের মাছের আড়তগুলো এবার বর্ষায় ছিল প্রায় ইলিশ-শূন্য। ষাটনল এলাকার জেলে বিমল চন্দ্র বলেছেন, এবার বর্ষায় এমনও হয়েছে, টানা দুই সপ্তাহ পদ্মায় জাল ফেলে একটি ইলিশও পাননি তিনি। মতলবের মৎস্য কর্মকর্তাও বলেছেন, জাটকা নিধনের কারণেই পদ্মায় ইলিশের আকাল বলে তাঁদের ধারণা।
নিরাপদ আবাস, ডিম ছাড়ার উপযুক্ত পরিবেশ না পেলে যে ইলিশ আসবে না, সে আশঙ্কার কথা বহুবারই বলেছেন মৎস্য ও পরিবেশবিদেরা। সতর্ক করেছেন জাটকা ধরার ভয়ংকর পরিণাম সম্পর্কে। ইলিশবিহীন বর্ষা কি তাঁদের সেই আশঙ্কারই প্রমাণ দিচ্ছে!
ইলিশ হলো পুরোপুরি এক যাযাবর চরিত্রের মাছ। সারা দুনিয়ার সমুদ্রে সে সাঁতরে বেড়ায়। ডিম ছাড়ার সময়ে আসে নদীর মোহনায়। বিশেষজ্ঞরা বলেছেন, স্রোতের বিপরীতে শতসহস্র মাইলের এই যাত্রাপথে খানাপিনায় বিরত থাকে ইলিশরা। ফলে এ সময় তাদের শরীর থাকে নির্মেদ। নদীতে এসে মুখ খোলে ইলিশের ঝাঁক। মিষ্টি পানির স্পর্শ আর উপাদেয় শেওলার ভোজে তাদের শরীর হয়ে ওঠে ভারী। গোলাপি রঙের আভা ফুটে ওঠে পদ্মার ইলিশের গায়ে। তেল জমতে থাকে পেটে। স্বাদে-ঘ্রাণে অতুলনীয় হয়ে ওঠে পদ্মার ইলিশ। হয়ে ওঠে মাছের রাজা। যাকে কেন্দ্র করে উপন্যাস রচনা করেছেন মানিক বন্দ্যোপাধ্যায়, কবি বুদ্ধদেব বসু তাঁর কবিতায় ইলিশকে উপাধি দিয়েছেন ‘জলের রুপালি শস্য’।
রান্নাঘর আর খাবার টেবিল ছড়িয়ে ইলিশ তার আসন করে নিয়েছে বাঙালির শিল্প-সাহিত্যে। তবে অধুনা দিনে দিনে যেভাবে সে দুর্লভ হয়ে উঠছে, তাতে সাধ আর সাধ্যের সমীকরণ মিলিয়ে ইলিশের স্বাদ আস্বাদন করা বেশ কঠিন হয়েই পড়েছে ভক্তকুলের পক্ষে। তবে সামর্থ্যে কুলিয়ে উঠতে পারলে আজ এই ছুটির দিনে মন্দ কী ইলিশ-খিচুড়ির আয়োজন হলে। আর যদি আকাশে ঘনিয়ে আসে সজল ঘন মেঘের দল, তবে তো কথাই নেই—জমে যাবে আয়োজন।