বৃষ্টি ভিজেই ঈদ উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন মুসল্লিরা l ছবি: প্রথম আলো
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন মুসল্লিরা l ছবি: প্রথম আলো

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে গত শনিবার পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করেছে দেশের মুসলমান সম্প্রদায়। এক মাস পবিত্র রমজান পালন শেষে শুক্রবার সন্ধ্যার পর শাওয়ালের চাঁদ দেখার মধ্য দিয়ে শুরু হয় উৎসবের শেষ প্রস্তুতি। তবে শেষ রাত থেকে বৃষ্টি যে চোখরাঙানি দিচ্ছিল, তা উৎসবের বর্ণিল রং মিলিয়ে দিতে না পারলেও কিছুটা হালকা করেছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই শনিবার সকালে দেশের কোটি কোটি মুসলমান অসংখ্য স্থানে ঈদগাহে কিংবা মসজিদে নামাজ পড়তে জড়ো হন। বৃষ্টি উপেক্ষা করেই রাজধানীর সব বিনোদন কেন্দ্রে ভিড় করে শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ।
বরাবরের মতোই বাংলাদেশের প্রধান ঈদ জামাতটি হয় সুপ্রিম কোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাহে। প্রতিবারের মতো এবারও দেশে ঈদুল ফিতরের বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে।
ঈদের দিন সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ভেজা প্রবেশপথসহ প্যান্ডেলের বাইরে যেখানেই একটু শুকনা জায়গা পেয়েছেন, সেখানেই নামাজে দাঁড়িয়েছেন লোকজন। বৃষ্টির মধ্যেও বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্যদের কাজ করতে দেখা গেছে জাতীয় ঈদগাহের নিরাপত্তায়। ঈদের পাঞ্জাবির ওপর রেইনকোট জড়িয়ে ঈদগাহ মাঠে গিয়েছিলেন গ্রিন রোডের সোহান আহম্মেদ। বলেন, ‘বৃষ্টিটাকে ঈদের উপহার মনে করে বেরিয়ে পড়েছি বাসা থেকে। পথে ভিজলেও এখানে ব্যবস্থা দেখে বেশ ভালো লাগছে।’
কেউ কেউ বৃষ্টির কারণে ঈদগাহে নামাজ পড়তে পারেননি। তাঁরা চলে যান বায়তুল মোকাররমে। সেখানে কয়েকটি জামাত হয়। অনেকে আবার বৃষ্টির ঝামেলা এড়াতে পাড়া-মহল্লার মসজিদেই ঈদের নামাজ আদায় করেন। সকাল আটটায় হাটখোলা রোডের ফকির বানু আল-ফালাহ জামে মসজিদে ছেলেকে নিয়ে নামাজ পড়তে এসেছিলেন স্থানীয় বাসিন্দা আইয়ুব আলী। তিনি বলেন, বিগত বছরগুলোতে ঈদগাহ মাঠে নামাজ আদায় করেছি। কিন্তু সকাল থেকে যে বৃষ্টি তাতে বাচ্চা নিয়ে যাওয়ার সাহসে কুলোয়নি।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কূটনীতিক ও বিশিষ্টজনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন সরকারি হাসপাতাল, কারাগারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করে। সংবাদপত্রগুলো প্রকাশ করে ঈদের বিশেষ সংখ্যা।