বৃষ্টি শুরুর পর খাল খননে গতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরো শুকনো মৌসুমে কোনো কাজ হয়নি। কিন্তু বৃষ্টি শুরুর পর খাল, নালা খননকাজ শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। তাই বর্ষা পুরোদমে শুরুর আগে এ কাজ শেষ হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। চট্টগ্রাম শহরের প্রতিটি খালের উপরিভাগই কোনো না-কোনো পাহাড়ের সঙ্গে সংযুক্ত। বৃষ্টি ছাড়াও সারা বছর এসব পাহাড় থেকে নেমে আসা মাটিতে খাল, নালা ভরাট হয়ে যায়। তা ছাড়া খালপারে বসবাসকারী লোকজন নিত্যদিনের আবর্জনা খালেই ফেলে থাকে। এতে ভরাট হয়ে যায় নগরের সব খাল। এ বছর খাল খননে ব্যয় ধরা হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা। গতবার এ বাজেট ছিল সাত কোটি টাকা। জানা যায়, প্রায় চার মাস আগে খাল খনন-সংক্রান্ত দরপত্র আহ্বান করা হয়। কিন্তু কার্যাদেশ দিতে মার্চ মাস পর্যন্ত লেগে যায়। এপ্রিলে শুরু হয় খননকাজ। সিটি করপোরেশনের যান্ত্রিক বিভাগ জানিয়েছে, খননের জন্য বর্তমানে চাক্তাই খালে নয়টি, ডুমখালে দুটি, মির্জাখালে দুটি, শাহ আমানত খালে একটি, সৈয়দ শাহ সড়কের পাশের খালে একটি, মির্জা নয়াখালে একটি, মহেশখালে একটিসহ মোট ২৩টি খননযন্ত্র কাজ করছে। এর ছয়টি সিটি করপোরেশনের নিজস্ব। অন্যগুলো ভাড়ায় আনা। গতকাল রোববার নগরের চাক্তাই খালের একাধিক জায়গায় খাল খনন করতে দেখা যায়। এর মধ্যে বাদুরতলা এলাকায় একটি ভাসমান বয়ার ওপর খননযন্ত্র বসিয়ে মাটি তোলা হচ্ছিল। সেই মাটি ইস্পাতের তৈরি নৌকাসদৃশ বাক্স ভরে যন্ত্রের সাহায্যে নিয়ে যাওয়া হচ্ছে দূরের খালি জায়গায়। চট্টগ্রামের মেয়র মোহাম্মদ মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘খালপারে চলাচলের জায়গা না থাকায় বিগত বছরগুলোতে আমরা চাক্তাইসহ অনেক খাল পুরোপুরি খনন করতে পারিনি। এ জন্য এ বছর ভাসমান বয়ার মাধ্যমে সেসব জায়গায় খননযন্ত্র পাঠানো হয়েছে। এতে পুরো খালই খনন করা সম্ভব হচ্ছে।’ তিনি বলেন, আগামী এক মাস পুরোদমে কাজ করা গেলে খালে কোনো মাটি থাকবে না। এবারের বর্ষায় চট্টগ্রামের জলাবদ্ধতাও সহনীয় পর্যায়ে চলে আসবে। অভিযোগ উঠেছে, নালার পাশে পরিচ্ছন্নতাকর্মীরা যে মাটি তুলে রাখেন, তা তাৎক্ষণিকভাবে সরানো হয় না। ফলে বৃষ্টিতে আবারও তা নালাতে চলে যায়।