বৃষ্টি শেষে প্রাণ ফিরেছে ঈদ বাজারে
বৃষ্টি থেমে গেছে। কমেছে আকাশে মেঘের আনাগোনা। দুই দিনের বৈরী আবহাওয়া শেষে চট্টগ্রাম নগরের বিপণিবিতানগুলো আবার প্রাণ ফিরে পেয়েছে। ঈদবাজারে ভিড় বেড়েছে। বেড়েছে বিকিকিনি। পছন্দের পোশাক কিনে ক্রেতা যেমন খুশি, তেমনি খুশি দোকানিরাও।
গতকাল সোমবার নগরের বিভিন্ন বিপণিকেন্দ্র ঘুরে এই চিত্র দেখা গেছে। প্রতিটি বিপণিকেন্দ্রের সামনে যানজট লেগেই ছিল সারা দিন। বিকেলের পর এই ভিড় আরও বেড়ে যায়। শনিবার থেকে টানা দুই দিন থেমে থেমে বৃষ্টি ছিল। রোববারের বৃষ্টিতে নগরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেয়। বৃষ্টি-বিঘ্নিত হয় ঈদবাজার। লঘুচাপ না কাটলেও গতকাল চট্টগ্রামে বৃষ্টি হয়নি। এই সুযোগ কাজে লাগিয়েছে ক্রেতারা। সকাল থেকে নগরের বিভিন্ন বিপণিবিতানে আস্তে আস্তে ভিড় বাড়তে থাকে।
নিউমার্কেটের অদুদ ফ্যাশনের সত্বাধিকারী আবু আকরাম উদ্দিন জানান, দুই দিন বৃষ্টি ছিল। লোকজন বের হতে পারেননি। আজ (সোমবার) থেকে আবার ভিড় বেড়েছে। বেচাকেনা ভালোই চলছে। যত দিন যাবে ভিড় আরও বাড়বে।
মধ্যবিত্তের বাজারখ্যাত নগরের রেয়াজউদ্দিন বাজার, হকার মার্কেটেও ক্রেতাদের ভিড় ছিল লক্ষনীয়। দুপুরের পর থেকে এই দুটি মার্কেটে ভিড় বাড়ে। হকার মার্কেটের ব্যবসায়ী মিজান জানান, ক্রেতার ভিড় গত কয়েক দিনের চেয়ে বেড়েছে। একইভাবে নগরের আফমি প্লাজা, মিমি সুপার মার্কেট, জিইসি মোড়ের সেন্ট্রাল প্লাজা, আমিন সেন্টার ইত্যাদি বিপণিবিতানে ভিড় ছিল চোখে পড়ার মতো।
সানমার ওশান সিটিতে পরিবার-পরিজন নিয়ে ঈদের বাজার করতে আসা ফেরদৌস আহমদ বলেন, ‘প্রতিদিন বের হব চিন্তা করি। কিন্তু সময়-সুযোগ হয়নি। আবার গত কয়েক দিন বৃষ্টির কারণেও বের হতে পারিনি। আজ স্ত্রী ছেলেমেয়ে সবাইকে নিয়ে এসেছি।’ মার্কেটে ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে যানজটও।
মার্কেটকেন্দ্রিক যানজটে নগরবাসীর দুর্ভোগ বেড়েছে। যানজট মোকাবিলায় ট্রাফিক পুলিশ হিমশিম খাচ্ছে। আফমি প্লাজা ও মিমি সুপার মার্কেটকে কেন্দ্র করে যানজট সৃষ্টি হয় প্রবর্তক মোড় এলাকায়।
তামাকুমন্ডী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সামশুল আলম বলেন, ‘যানজট কিছুটা তো হবেই। হরতাল বৃষ্টি সবকিছু মিলে ব্যবসা এত দিন সেই অর্থে ভালো হয়নি। এখন লোকজন আসছে। আমাদের ভালো লাগছে।’