বৃষ্টি সামান্য, দুর্ভোগ চরম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানিনিষ্কাশনের ব্যবস্থা ভালো না হওয়ায় গতকাল সকাল ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত টানা ​বৃষ্টিতে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তাসহ বিভিন্ন আবাসিক এলাকার রাস্তাগুলো পানিতে তলিয়ে যায়। ছবিটি শহরের নরেশ চৌহান সড়ক থেকে সকাল ১০টায় তোলা l প্রথম আলো
পানিনিষ্কাশনের ব্যবস্থা ভালো না হওয়ায় গতকাল সকাল ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত টানা ​বৃষ্টিতে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তাসহ বিভিন্ন আবাসিক এলাকার রাস্তাগুলো পানিতে তলিয়ে যায়। ছবিটি শহরের নরেশ চৌহান সড়ক থেকে সকাল ১০টায় তোলা l প্রথম আলো

ঠাকুরগাঁও জেলা শহরে গতকাল রোববার টানা বৃষ্টিতে শহরের চৌরাস্তাসহ বিভিন্ন আবাসিক এলাকার ছোট সড়কগুলো পানিতে তলিয়ে যায়। অনেক বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতরেও পানি ঢুকে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়ে শহরের মানুষ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঠাকুরগাঁও কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল সকাল সাতটা থেকে সাড়ে দশটা পর্যন্ত শহরে ১৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়ছে।
সরেজমিনে দেখা গেছে, শহরের হলপাড়া, ঘোষপাড়া, পূর্বগোয়ালপাড়া, সরকারপাড়া, হাজীপাড়া, জেলা ও দায়রা জজ আদালতের ফটক ও সদর হাসপাতালসহ অনেক এলাকা হাঁটুপানির নিচে।
ঠাকুরগাঁও সদর হাসপাতালের কর্মকর্তা নাজমুল হক বলেন, একটু বৃষ্টি হলেই এখানে পানি জমে এ অবস্থা তৈরি হয়।
জলাবদ্ধতা সম্পর্কে হলপাড়ার বাসিন্দা ফেরদৌস আরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জলাবদ্ধতা দূর করার জন্য গত বছর অনেক টাকা খরচ করে এলাকায় নর্দমা তৈরি করা হয়েছে। কিন্তু তারপরও যদি জলাবদ্ধতা সৃষ্টি হয়, তাহলে নর্দমা বানানোর কী দরকার ছিল?’
শহীদ নরেশ চৌহান সড়কের পথচারী আঞ্জুমান আরা বেবি জানান, একটু বৃষ্টিতেই শহরে হাঁটুপানি জমেছে। বৃষ্টি থেমে যাওয়ার পরও পানি নামছে না। পৌরসভার নালা দিয়ে পানি না সরার কারণেই এ অবস্থা।
নরেশ চৌহান সড়কের হলপাড়ার বাসিন্দা জেলা আওয়ামী লীগ নেতা মোস্তাক আলম বলেন, ‘অপরিকল্পিতভাবে যত্রতত্র নর্দমা তৈরি করায় এর সুফল পাওয়া যাচ্ছে না। আশপাশের এলাকা থেকে পানি মূল নর্দমায় যাওয়ার কোনো ব্যবস্থা করা হয়নি। এ ছাড়া শাখা নর্দমাগুলোও সংস্কার করা হয়নি। এতে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দিচ্ছে।’
হাজিপাড়া মহল্লার বাসিন্দা শহিদুল ইসলাম অবশ্য বলেন, শহরের নাজুক নালা ব্যবস্থাপনার জন্য পৌরসভাকে এককভাবে দোষ দিয়ে লাভ নেই। শহরবাসীর মধ্যেও সচেতনতার অভাব রয়েছে। শহরের অধিকাংশ মহল্লায় নালা তৈরির মতো জায়গা রেখে ঘরবাড়ি নির্মাণ করা হয়নি। ফলে পরিকল্পনা অনুয়ায়ী নালা তৈরি করতে পারছে না পৌর কর্তৃপক্ষ।
এ বিষয়ে পৌরসভার মেয়র এস এম এ মঈনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। তবে পৌরসভার সচিব মজিবর রহমান দাবি করেন, শহরের নর্দমাব্যবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। কিন্তু অনেকেই ময়লা-আবর্জনা ফেলে নর্দমার মুখ বন্ধ করে দিয়েছেন। এ কারণে সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে যাচ্ছে। পৌরবাসীর সহযোগিতা না পেলে এ সমস্যা দূর করা সম্ভব নয়।