বৃষ্টি হচ্ছে না, মরে যাচ্ছে চা-গাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টি না হওয়ায় রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত ওয়াগ্গাছড়া চা-বাগানের গাছ মরে যাচ্ছে। ৫০০ একর আয়তনের বাগানের প্রায় অর্ধেক চা-গাছের পাতা এরই মধ্যে ঝরে গেছে। বাগানের ব্যবস্থাপক খোরশেদুল আলম কাদেরী প্রথম আলোকে বলেন, বৃষ্টি না হওয়ায় ওয়াগ্গাছড়া চা-বাগান মরে যাচ্ছে। খরার কারণে ১৫ হাজার কেজি চা-পাতা চয়ন করা সম্ভব হয়নি। শিগগিরই বৃষ্টি না হলে বাগানের আরও বেশি ক্ষতি হবে বলে তাঁর আশঙ্কা। গতকাল রোববার দুপুরে ওয়াগ্গাছড়া চা-বাগানে গিয়ে দেখা যায়, বাগানের কয়েকটি প্লটে লাগানো চা-গাছের পাতা ঝরে গেছে। বাগানের অনেক গাছ শুকিয়ে মরে যাচ্ছে। খোরশেদুল আলম কাদেরী বলেন, গত বছরের ১৩ অক্টোবর কাপ্তাইয়ে ভারী বৃষ্টিপাত হয়। গত ৭ নভেম্বর হালকা বৃষ্টি হয়। এরপর এখন পর্যন্ত আর বৃষ্টির দেখা নেই। তিনি বলেন, ফেব্রুয়ারি মাসে সাধারণত দু-একবার বৃষ্টি হয়। মার্চ ও চলতি মাসের এ সময় পর্যন্ত একাধিকবার বৃষ্টি হয়। কিন্তু এবার এখন পর্যন্ত মেঘের চিহ্নও দেখা যাচ্ছে না। বাগানের কর্মকর্তারা বলেন, ১৯৯৩ সালের পর এ রকম বৃষ্টিহীন অবস্থা আর দেখা যায়নি। সময়মতো বৃষ্টি না হলে চা-গাছগুলো দুর্বল হয়ে পড়বে। এর প্রভাব সামনের বছরগুলোতেও দেখা যাবে। বাগানের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রশিদ কাদেরী বলেন, তাঁরা কৃত্রিম উপায়ে বাগানে পানি দেওয়ার কথা ভেবেছিলেন। কিন্তু পাহাড়ি এলাকায় ভৌগোলিক অবস্থানের কারণে কৃত্রিম উপায়েও পানি দেওয়া সম্ভব হচ্ছে না। বাগানের শ্রমিকেরা বলেন, তাঁরা কষ্ট করছেন, কিন্তু সুফল পাওয়া যাচ্ছে না। প্রতিদিন বাগানের ক্ষতির পরিমাণ বাড়ছে। এ অবস্থা অব্যাহত থাকলে ওয়াগ্গাছড়া চা-বাগান টিকিয়ে রাখা কঠিন হবে বলেও তাঁরা মন্তব্য করেন।