বৃষ্টি হবে বলছে আবহাওয়া বিভাগ, হবে তো?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তপ্ত এপ্রিল অবশেষে বিদায় নিল। এবার মে মাসের দিকে তীর্থের কাকের মতো তাকিয়ে আছে সবাই। যদি একটু বৃষ্টির দেখা মেলে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আগামী দু-তিন দিনের মধ্যে আবহাওয়ায় এমন কিছু পরিবর্তন হবে, যাতে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। তবে নতুন এই মাসের শুরুতে বৃষ্টি যে হবেই, সেই নিশ্চয়তা দিতে পারছে না আবহাওয়া অধিদপ্তর। তাই প্রকৃতির কৃপার দিকেই সবার নজর।
গতকালও দেশের বেশির ভাগ স্থানে তীব্র থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত বেশি ছিল। আর পুরো এপ্রিলের বৃষ্টিপাতের হিসাব করে আবহাওয়া অধিদপ্তর বলছে, এই উত্তপ্ত মাসে ৬৩ শতাংশ কম বৃষ্টি হয়েছে। এপ্রিলে যেখানে মোট বৃষ্টিপাত হওয়ার কথা ৪ হাজার ৪২৮ মিলিমিটার, সেখানে হয়েছে ২ হাজার ৮৬ মিলিমিটার। আর সিলেটে এর প্রায় উল্টো চিত্র। ওই জেলায় বৃষ্টি হয়েছে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণেরও বেশি। এপ্রিলে ওই জেলায় স্বাভাবিক বৃষ্টিপাত হয় ৫৯২ মিলিমিটার, আর হয়েছে ১ হাজার ২৮৭ মিলিমিটার।
অন্যদিকে গতকালও দেশের বেশির ভাগ এলাকায় স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৬ ডিগ্রি বেশি তাপমাত্রা ছিল। এপ্রিলের ৩০ তারিখে ঢাকার স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা থাকার কথা ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৩ দশমিক ৬ ডিগ্রি। আর গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি ও সর্বনিম্ন ২৮ দশমিক ৪ ডিগ্রি।
তবে ভারতের আবহাওয়া অধিদপ্তরের গতকালের পূর্বাভাস প্রতিবেদন দেখে কিছুটা আশাবাদী হওয়ার সুযোগ আছে। সেখানকার আবহাওয়া অধিদপ্তর বলছে, এক মাস ধরে চলা প্রচণ্ড তাপপ্রবাহ ও খরা পরিস্থিতির উন্নতি হচ্ছে। ভারতের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে চলা খরতাপকে কোণঠাসা করে ফেলেছে মেঘের দল। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও বিহারে বৃষ্টি শুরু হয়ে গেছে। আগামী দুই দিনের মধ্যে ওই মেঘবৃষ্টির দল বাংলাদেশের দিকে ছুটে আসতে পারে বলে দেশের আবহাওয়াবিদেরা আশায় বুক বেঁধেছেন।
তবে আবহাওয়া অধিদপ্তরের আজকের জন্য দেওয়া পূর্বাভাসে খুব বেশি আশার বাণী নেই। ২৪ দিন ধরে চলা তাপপ্রবাহ আজও দেশের বেশির ভাগ স্থানজুড়ে প্রবাহিত হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। তবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগের দু-একটি স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে। তবে কেউ যদি গত শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর থেকে গত শনিবারের জন্য যে পূর্বাভাস দেওয়া হয়েছিল তার সঙ্গে বাস্তবতা মিলিয়ে দেখেন, তাহলে আগামী দিনের বৃষ্টিপাতের সম্ভাবনা নিয়ে হয়তো হতাশই হবেন।
তবে গরমে সারা দেশে যখন জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, তখন দিনাজপুরবাসী ভিন্ন এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। সেখানে দিনে খরতাপের পর সন্ধ্যা নামতেই চারপাশ ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে। তাপমাত্রাও বেশ কমে আসে।
জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রাশেদুজ্জামান বলেন, আবহাওয়ার পূর্বাভাস যে সব মিলবে তা নয়। অনেক ক্ষেত্রে পূর্বাভাস না-ও মিলতে পারে। তবে মেঘের গতিপ্রকৃতি দেখে মনে হচ্ছে আগামী দু-তিন দিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি নামতে পারে। এতে তাপমাত্রা কিছুটা হলেও কমার সম্ভাবনা আছে।