কিশোরগঞ্জের হোসেনপুর পৌর শহরের ব্যস্ততম দুটি সড়ক সামান্য বৃষ্টিতেই কাদাপানিতে একাকার হয়ে যায়। ভারী বৃষ্টি হলে জমে হাঁটুপানি। নালা না থাকায় দীর্ঘদিন ধরে সড়ক দুটিতে পানি আটকে থাকে। ফলে লক্ষাধিক মানুষকে চলাচলে দুর্ভোগ পোহাতে হয়।
সড়ক দুটি হলো শহরের দ্বীপেশ্বর গোলচত্বর থেকে হোসেনপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় হয়ে নতুন বাজার পর্যন্ত দেড় কিলোমিটার এবং হাসপাতাল চৌরাস্তা মোড় থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দিয়ে হোসেনপুর মহিলা ডিগ্রি কলেজ পর্যন্ত আধা কিলোমিটার।
পৌর এলাকার মিনহাজ উদ্দিন, রাসেল মিয়াসহ অন্তত ১০ জন বলেন, প্রায় তিন বছরের বেশি সময় ধরে সড়ক দুটি ভাঙাচোরা অবস্থায় রয়েছে। এ দুটি সড়ক দিয়ে প্রতিদিন সহস্রাধিক যানবাহন চলাচল ছাড়াও বিভিন্ন এলাকা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী নিয়ে আসেন স্বজনেরা। তাঁরা দুর্ভোগে পড়েন। ভাঙা অংশে ঝাঁকুনির কারণে রোগী আরও অসুস্থ হয়। ওই এলাকার দুটি উচ্চবিদ্যালয় ও একটি ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদেরও দুর্ভোগ হয়।
গত সোমবার সরেজমিনে দেখা যায়, রোববার দিবাগত রাতের হালকা বৃষ্টিতে সড়ক দুটির বেশি অংশ কাদাপানিতে একাকার হয়ে আছে। দুটি সড়কেরই বিভিন্ন অংশে পিচ ঢালাই ও ইটের খোয়া ওঠে গিয়ে অনেক ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়ক দুটির পাশে নালাও নেই।
এলাকার কয়েকজন বলেন, সড়ক দুটির বেহাল অংশে যানবাহন চলাচল করে হেলেদুলে। যাত্রী নিয়ে ব্যাটারিচালিত ইজিবাইক বা সিএনজিচালিত অটোরিকশা প্রায়ই গর্তে পড়ে ছোটখাটো দুর্ঘটনার শিকার হয়।
সিএনজি অটোরিকশার চালক রুবেল মিয়া বলেন, বৃষ্টি হলে গর্তে পড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে। অটোরিকশা নষ্ট হয়। তা মেরামত করতে খরচ হয়।
হাসপাতাল এলাকার ব্যবসায়ী মো. আবদুল কাদির ও নজরুল ইসলাম বলেন, ব্যস্ততম সড়ক দুটি এমন বেহাল থাকলেও পৌর কর্তৃপক্ষের নজর নেই। অথচ নির্বাচনের আগে পৌরসভার মেয়র প্রার্থীসহ কাউন্সিলররা রাস্তাঘাট উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে থাকেন। নির্বাচন চলে গেলে তাঁদের আর মনে থাকে না। সামান্য বৃষ্টিতে সড়কটিতে হাঁটুপানি জমে যায়। এ সময় বিভিন্ন যানবাহনের কাদা ছিটকে আসে। রাস্তায় হেঁটে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে যায়।
পৌরসভার মেয়র মো. আবদুল কাইয়ুম জনদুর্ভোগের কথা স্বীকার করে গত সোমবার প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ধরে এ দুটি সড়ক বেহাল থাকলেও বরাদ্দের অভাবে কিছু করা যাচ্ছে না। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে। আপনারাও লেখালেখির মাধ্যমে কিছুটা সহায়তা করেন। তাহলে আমাদের জন্য বরাদ্দ পেতে সুবিধা হবে।’