বৃষ্টি হলে জলাবদ্ধতা না হলে ধুলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ইস্কাটন এলাকার দিলু রোডের মাথায় ফ্লাইওভারের নিচে বসে কাঁচাবাজার। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো
রাজধানীর ইস্কাটন এলাকার দিলু রোডের মাথায় ফ্লাইওভারের নিচে বসে কাঁচাবাজার। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো

সড়কের মুখেই নূর হোসেনের সবজির দোকান। ফুটপাতের ওপর বাঁশের ডালায় ভরা আলু, কপি, শিম প্রভৃতি সাজানো থরে থরে। ফলে ফুটপাত দিয়ে লোকজনের চলতে অসুবিধা হচ্ছে। কিন্তু তাতে তাঁর কিচ্ছু যায়-আসে না। ওসব নিয়ে ভাবতে গেলে তো ব্যবসা হবে না!
দিলু রোডের ভেতরে দুই পাশ দিয়ে সারি সারি অস্থায়ী দোকান। নূর হোসেনের দোকানের পরেই কেউ কেউ বসেছেন রিকশা-ভ্যানে পসরা সাজিয়ে। কার্পাস-শিমুল তুলার বস্তা নিয়ে বসেছেন গুলজার হোসেন। ভ্যানে বঁটি, খন্তা ইত্যাকার তৈজসপত্রের সম্ভার সাজিয়ে রেখেছেন আবুল বাশার। কুমিল্লার বিখ্যাত কুল নিয়ে বসেছেন মানিক। শহিদুল ইসলাম এনেছেন মাষকলাই আর মুগ ডাল। নিউ ইস্কাটন রোডে নির্মাণাধীন ফ্লাইওভারের নিচ থেকে শুরু হয়েছে কাঁচাবাজারের পসরা। সেখান থেকে সড়কের ফুটপাত হয়ে দিলু রোডের ভেতর দিয়ে পসরা চলে গেছে একেবারে প্রভাতী স্কুলের গলি পেরিয়ে, সড়কটি যেখানে ডানে মোড় নিয়েছে সেই অব্দি।
সড়কটির মাঝ বরাবর খানাখন্দ। গত মাসে এই সড়কে ঢাকা ওয়াসার ঢাকা ওয়াটার সিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় পুরোনো ৮ ইঞ্চি ব্যাসের সুয়ারেজ পাইপ বদলে ১৬ ইঞ্চি ব্যাসের পাইপ বসানো হয়েছে। সে কারণে সড়কের মাঝ বরাবর যে গভীর গর্ত খোঁড়া হয়েছিল, তা আলগা মাটি আর বালু দিয়ে ভরাট করা হয়েছে। যানবাহনের চাকার চাপে সেই মাটি বসে গিয়ে গর্তের সৃষ্টি হয়। সড়কের দুই পাশের ব্যবসায়ী ও বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেল, গত বুধবারের বৃষ্টিতে সড়কটি পানিতে তলিয়ে গিয়েছিল। কাদায় আশপাশের জায়গা সয়লাব হয়ে পড়ে। এতে গর্তগুলো আরও গভীর হয়েছে। এর ওপর দুই পাশে বসে কাঁচাবাজার। এসব এড়িয়ে চলাচল করাই কঠিন হয়ে পড়েছে। ভূঁইয়া ড্রাগসের ব্যবস্থাপক মানিক লাল নন্দী বললেন, এই কাঁচাবাজারটাই এখন চলাচলের ক্ষেত্রে বড় সমস্যা। সকালে বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়া যায় না। তাঁর কাছে জানা গেল, দিলু রোডের ভেতরেই প্রভাতী উচ্চবিদ্যালয়। তা ছাড়া এই এলাকায় রয়েছে এজি চার্চ স্কুল, ইস্পাহানী বালিকা উচ্চবিদ্যালয় ও পশ্চিম দিকে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ। এসব স্কুলের ছাত্রছাত্রীদের যাতায়াতের প্রধান পথ দিলু রোড। সকালে যখন শিক্ষার্থীরা একই সময় স্কুলের দিয়ে রওনা হয়, কাঁচাবাজারও বসে ঠিক সেই সময় থেকেই। ফলে দুর্বিষহ যানজটে পড়তে হয় শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের। সামনের নিউ ইস্কাটন রোডে ফ্লাইওভারের নির্মাণকাজ চলছে দীর্ঘদিন থেকে। মগবাজার মোড় থেকে বিয়াম ফাউন্ডেশন পর্যন্ত সড়কের দক্ষিণ পাশের অংশে যানবাহন চলাচল বন্ধ। উত্তর পাশের ভাঙাচোরা অংশ দিয়েই উভয়মুখী যানবাহন চলছে। এর মধ্যে কাঁচাবাজার বসায় এই সড়কে সারা দিনই ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছে।
এলাকার জনদুর্ভোগ সম্পর্কে দিলু রোডের বাসিন্দা এজাজ রায়হান জানালেন, ওয়াসার রাস্তা খনন, নির্মাণসামগ্রী রাখায় একটু বাতাস উঠলেই পুরো এলাকা ধুলোবালিতে ভরে যাচ্ছে। আবার বৃষ্টি হলেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। মাজারের গলি থেকে রুবি টাওয়ার পর্যন্ত এলাকা বুধবারের বৃষ্টিতে প্রায় হাঁটুপানিতে তলিয়ে যায়। এই এলাকার ড্রেনগুলো বন্ধ হয়ে গেছে। তা ছাড়া এখানে সুয়ারেজের বড় পাইপ বসানোর কাজও হয়নি। সামনেই বর্ষা মৌসুম। দ্রুত ড্রেনগুলোর সংস্কার না করা হলে বর্ষায় জলাবদ্ধতার কারণে এলাকাবাসীর দুর্ভোগের সীমা থাকবে না। তা ছাড়া এলাকায় গ্যাসের চাপও ইদানীং কম বলে জানালেন তিনি। এতে রান্নাবান্নায় সমস্যা হচ্ছে।
এই এলাকা পড়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডে। এ সম্পর্কে জানতে ওয়ার্ড কাউন্সিলর ফয়জুল মুনির চৌধুরীর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, দিলু রোডের কাঁচাবাজার নিয়ে তাঁর কাছে কেউ অভিযোগ করেনি। তিনি কাল (আজ রোববার) সকালে এলাকায় গিয়ে অবস্থা দেখবেন। অবৈধ দোকান থাকলে দ্রুত উচ্ছেদের ব্যবস্থা করবেন। জলাবদ্ধতা সম্পর্কে তিনি বলেন, কেবল দিলু রোডই নয়, মগবাজারের শাহ সাহেব বাড়ি থেকে ব্যাংক কলোনি, গাউস নগর মসজিদের সামনে, ওয়্যারলেস গেটের উত্তরের গলিসহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা হচ্ছে। পানিনিষ্কাশনের জন্য তিনি ওয়াসার সঙ্গে আলোচনা করছেন। ওয়াসার ড্রেনেজ বিভাগের নির্বাহী প্রকৌশলীর নেতৃত্বে একটি দল এসে এলাকা সরেজমিনে দেখবেন। ফ্লাইওভারের কারণে এই এলাকার সুয়ারেজের মুখগুলো প্রধান নিষ্কাশন লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বিকল্প ব্যবস্থা হিসেবে তিনি যেসব এলাকায় পানি জমছে, সেখান থেকে পাইপ বসিয়ে আলাদা করে সংযোগের মাধ্যমে এসব পানি আপাতত হাতিরঝিলে ফেলার ব্যবস্থা করার প্রস্তাব দিয়েছেন। তবে দ্রুত নিষ্কাশনব্যবস্থার উন্নতি না করা গেলে বর্ষায় এলাকাবাসী যে প্রচণ্ড দুর্ভোগে পড়বে, সে কথা তিনিও স্বীকার করেন।