বৃষ্টি হলে পরীক্ষা বন্ধ
রংপুরের বদরগঞ্জ কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গত শনিবার প্রথম সাময়িক পরীক্ষা দিচ্ছিল। দুপুর ১২টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় তাদের পরীক্ষার খাতা ও প্রশ্নপত্র ভিজে যায়। এতে কর্তৃপক্ষ বাধ্য হয়ে পরীক্ষা বন্ধ করে দেয়। শুধু শনিবারই নয়, সপ্তাহের যেসব দিন পরীক্ষা থাকে, সেসব দিন বৃষ্টি না থাকলে শিক্ষার্থীরা পরীক্ষা দেয় এবং বৃষ্টি শুরু হলে তারা পরীক্ষা দিতে পারে না।খোঁজ নিয়ে জানা গেছে, ১৪ এপ্রিল মধ্যরাতে উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখীতে ওই বিদ্যালয়ের আটটি কক্ষের ছয়টির টিনের চাল উড়ে গেছে। এখন পর্যন্ত চাল না দেওয়ায় বিদ্যালয়ের অনেক শিক্ষার্থীকে খোলা আকাশের নিচে কক্ষে বসে পরীক্ষা দিতে হচ্ছে।বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সামান্তা শাহরিয়ার বলে, ‘ওই দিন পরীক্ষা শুরুর দুই ঘণ্টা পর হঠাৎ বৃষ্টি শুরু হয়। আমরা কক্ষ থেকে পরীক্ষার খাতা ও প্রশ্নপত্র নিয়ে দৌড়ে বের হতে না-হতেই বৃষ্টিতে সব ভিজে যায়।’ অষ্টম শ্রেণীর ছাত্রী আনিকা খাতুন বলে, বৃষ্টি এলে বিদ্যালয়ে পরীক্ষা বন্ধ থাকে। থেমে গেলে শুরু হয়।বিদ্যালয়ের কার্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়টি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। এখানে শিক্ষক-কর্মচারী ২২ জন এবং শিক্ষার্থীর সংখ্যা ৪৫৫।প্রধান শিক্ষক আবদুল মান্নান বলেন, ঝড়ে ছয়টি কক্ষের টিনের চাল উড়ে যাওয়ায় বৃষ্টির কারণে প্রথম সাময়িক পরীক্ষা চালাতে মারাত্মক সমস্যা হচ্ছে। আকাশের অবস্থা বুঝে পরীক্ষা বসানো ও বন্ধ রাখা হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহুরুল হক বলেন, ওই বিদ্যালয়ের সমস্যার বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।