বৃষ্টি হলেই কালকিনি পৌরসভায় জলাবদ্ধতা
মাদারীপুরের কালকিনি পৌর এলাকার ব্যস্ততম স্বপন-সারাফাত সড়কে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। অথচ পৌর এলাকাসহ উপজেলার আটটি ইউনিয়নের সঙ্গে জেলা-উপজেলায় যাতায়াতের এটি একমাত্র সড়ক।উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে এলজিইডি ২১ লাখ টাকা ব্যয়ে সড়কটির মূল অংশ কার্পেটিং করে। এ সময় পানি সরার জন্য কোনো ব্যবস্থা করা হয়নি। কারণ, পৌরসভার অন্তর্ভুক্ত সড়কগুলোর পানি নিষ্কাশনের জন্য নর্দমা করার কথা পৌরসভার। কিন্তু দুই বছরেও পৌরসভা তা করেনি।গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, ব্যস্ততম এ সড়কে জলাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থী ও অফিসকর্মী জুতো-স্যান্ডেল খুলে হাতে নিয়ে হাঁটুপানি দিয়ে যাচ্ছেন। আবার অনেকে রিকশায় যাচ্ছে। এ সড়কের পাশে কালকিনি কাঁচাবাজার হওয়ায় জলাবদ্ধতায় ক্রেতা-বিক্রেতারা নাজেহাল হচ্ছেন বেশি।স্থানীয় ব্যবসায়ী জামাল শরিফ বলেন, ‘জনসাধারণের কষ্ট লাঘবের জন্য রাস্তা করল। কিন্তু পানি সরানোর কোনো ব্যবস্থা করল না। বৃষ্টির পানি জমে দোকানে ঢুকে ব্যবসার ক্ষতি করে। যদি আগেই পরিকল্পনা করে কাজ করত, তাহলে এ অবস্থা হতো না।’ একই ধরনের কথা বললেন তুষার বল্লভ ও কামরুল বেপারীসহ ২০-২৫ জন ব্যবসায়ী।সৈয়দ আবুল হোসেন কলেজের ছাত্রী আছিয়া আক্তার জানান, রাস্তায় হাঁটুসমান পানি হওয়ায় প্রতিদিন কলেজে যাতায়াতের সময় কাপড়চোপড় ভিজে যায়। একই কলেজের ছাত্র সোহেল বলেন, ‘জুতো পরে কলেজে আসা যায় না। এ কারণে অনেক সময় কলেজে আসি না।’উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, ‘রাস্তা আমরা করেছি। ড্রেন তো পৌরসভার করার কথা। আমরা পৌরসভাকে বলেছি। কিন্তু তারা করেনি। তাই মানুষের দুর্ভোগ হচ্ছে এবং আমাদের রাস্তাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।’পৌর মেয়র এনায়েত হোসেন হাওলাদার বলেন, ‘বিষয়টি নিয়ে আমি অবগত আছি। বর্ষার মধ্যেই পানি নিষ্কাশনের ব্যবস্থা করে এ সমস্যার সমাধান করার চেষ্টা করব।’