বৃষ্টি হলেই কেবল তোড়জোড়
শনিবার রাতের বৃষ্টিতে চট্টগ্রাম শহরের বেশির ভাগ এলাকা আবারও পানিতে তলিয়ে যায়। আটকে থাকা পানি দ্রুত সরাতে গতকাল রোববার সকালে সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগের লোকজন চাক্তাই খাল ও বির্জা খালের ওপর নির্মাণাধীন তিনটি সেতুর নিচের গাছের খুঁটি সরানোর কাজ শুরু করে। কিন্তু দুপুরের পর বৃষ্টি থেমে গেলে সেতুর নিচের খুঁটি সরানোর কাজও বন্ধ হয়ে যায়। জানা যায়, গত জুন মাসেই এ তিন সেতুর নির্মাণকাজের সময়সীমা শেষ হয়ে গেছে। কিন্তু এখনো পর্যন্ত সেতুগুলোর ঢালাইকাজই শেষ হয়নি। এ ঢালাইকাজের জন্য এক মাসেরও বেশি সময় ধরে ঠিকাদারেরা সেতুর নিচে খুঁটি গেড়ে রেখেছেন। ভারী বৃষ্টিপাত শুরু হলে নগরের পানি খাল নিয়ে নামার সময় এসব খুঁটিতে আটকে পানিপ্রবাহ বন্ধ হয়ে যায়। শনিবার রাতের ভারী বৃষ্টির পর গতকাল মেয়র মোহাম্মদ মন্জুর আলম ওই সেতুগুলোর প্রকল্প পরিচালক আনোয়ার হোসাইন ও আবু সালেহকে তাঁর কার্যালয়ে ডেকে পাঠান। দুই প্রকৌশলী বলেন, মিয়াখাননগর ও ইছাইক্কার পুল সেতুর ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। এখন সেতুর নিচের খুঁটিগুলোর অপসারণকাজ শুরু হচ্ছে। এ সময় সেখানে উপস্থিত দক্ষিণ বাকলিয়ার ওয়ার্ড কাউন্সিলর ইয়াছিন চৌধুরী বলেন, এ কথা ঠিক নয়। খুঁটিগুলো সরানো হয়নি। এতে বৃষ্টির পানি নামছে না। আর এলাকার মানুষের ভোগান্তিও বাড়ছে। তবে আনোয়ার হোসাইন মেয়রকে বলেন, তুলাতলী সেতুতে এখনো বিম (গ্রাডার) তৈরির কাজই শেষ হয়নি। সেতুর ঠিকাদার আলাউদ্দিন মোল্লা ৯ জুলাই থেকে নির্মাণকাজে অনুপস্থিত রয়েছেন। তাঁর মুঠোফোনও বন্ধ। ঠিকাদার আলাউদ্দিনের স্ত্রী শেখ নাজমুন নাহার প্রথম আলোকে বলেন, ‘কোনো কথাবার্তা ছাড়াই তিনি বাড়ি থেকে বেরিয়ে গেছেন। মাঝে মাঝে বিভিন্ন মুঠোফোন থেকে কথা বললেও পরে তা বন্ধ পাওয়া যায়। শুনেছি সিটি করপোরেশনে কিছু নির্মাণকাজের অনিয়ম নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করেছে। এর পর থেকেই তিনি অনেকটা আত্মগোপনে চলে গেছেন।’মেয়র মন্জুর আলম বলেন, সেতু তিনটি তৈরি করতে কিছুটা সময় লাগলেও নির্মাণকাজ শেষ হলে এর সুফল ওই এলাকার মানুষ পাবে। তিনি বলেন, নগরের জলাবদ্ধতা নিয়ন্ত্রণে আনতে ১৯৯৫ সালের মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।