বৃষ্টি হলেই গর্তে জমে পানি, বাড়ে ভোগান্তি
সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত। একটু বৃষ্টি হলে ওই সব গর্তে পানি জমে থাকে। দুই পাশও ভেঙে গেছে। এতে এ সড়ক দিয়ে বাস, ট্রাক ও যানবাহন চলাচলে সমস্যা হয়। পথচারীদেরও দুর্ভোগ বাড়ে। এ করুণ অবস্থা ভোলার কালীনাথ রায়ের বাজার খেয়াঘাট সড়কের।এলাকাবাসীর অভিযোগ, নির্মাণের এক বছর তিন মাস পরই সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ঠিকাদারেরা নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এবং শিডিউল অনুযায়ী কাজ না করায় এই অবস্থা হয়েছে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সদর উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, এ সড়কের দৈর্ঘ্য সাড়ে তিন কিলোমিটার। ভোলা খেয়াঘাট থেকে ভোলা শহরের ডায়াবেটিক হাসপাতাল পর্যন্ত এ সড়ক নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়েছে ২০০৯ সালের ২৩ নভেম্বর। কাজ শেষ হয়েছে ২০১০ সালের ৩০ মার্চ। সড়ক ও এর পাশে এক হাজার ৩০০ মিটার নালা নির্মাণের জন্য মোট ব্যয় হয়েছে তিন কোটি ১৩ লাখ টাকা। চারজন ঠিকাদার এ কাজ করেন।এলজিইডি সূত্রে আরও জানা গেছে, এ কাজের ১০ শতাংশ নিরাপত্তা অর্থ (সিকিউরিটি মানি) দপ্তরের কাছে জমা ছিল। এ টাকা ঠিকাদারদের ফেরত দিয়েছে কর্তৃপক্ষ। নিয়ম হচ্ছে, যদি এক বছরের মধ্যে সড়কে কোনো ত্রুটি দেখা দেয়, তবে ওই টাকায় তা সংস্কার করা হবে। ছয় মাস না যেতেই সড়কটির ত্রুটি দেখা দিয়েছে। মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের কমপক্ষে ১০-১২টি স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং দুই পাশ ভেঙে গেছে। কোথাও কোথাও দেবে গেছে। বৃষ্টিতে পানি জমে আছে। গাড়ির চাকা গর্তে পড়লেই যাত্রীদের শরীরে ঝাঁকুনি লাগে। ঠিকাদার নজরুল ইসলাম জানান, তাঁরা সঠিকভাবে কাজ করেছেন বলেই সিকিউরিটির টাকা ফেরত দিয়েছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, অতিরিক্ত ওজনের গাড়ি চলাচল করায় এবং পাশে নালা না থাকায় সড়কটি ভেঙে যাচ্ছে। সদর উপজেলা প্রকৌশলী মো. মাজহারুল ইসলাম বলেন, সড়কের দুই পাশে প্রায় চার কিলোমিটার ড্রেন করার কথা থাকলেও সবটুকু করা সম্ভব হয়নি। এ কারণে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সড়কটি নষ্ট হয়ে যাচ্ছে।মাজহারুল ইসলাম আরও জানান, এলজিইডির ঢাকা কার্যালয় থেকে যে নকশা পাঠানো হয়েছে, তাতে বিটুমিন-পাথরের পুরুত্ব ধরা ছিল ৪০ মিলিমিটার, কিন্তু বাস্তবায়িত হয়েছে ২৫ মিলিমিটার। এ ধরনের সড়ক ১৫ টন পর্যন্ত লোড নিতে পারে। কিন্তু এ সড়ক দিয়ে ৪০-৫০ টন ওজন নিয়ে গাড়ি চলাচল করছে। এতে দ্রুত এটির স্থায়িত্ব কমে যাচ্ছে।