বৃষ্টি হলেই গোয়ালন্দ বাজার সড়কে জলাবদ্ধতা, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা শহরের বাজার এলাকার পানিনিষ্কাশনের জন্য প্রধান সড়কের পাশে নালার ব্যবস্থা থাকলেও ময়লা-আবর্জনায় ভরে রয়েছে। এ কারণে সামান্য বৃষ্টিতে গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে জলাবদ্ধতা তৈরি হয়। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা শহরের বাজার এলাকার পানিনিষ্কাশনের জন্য প্রধান সড়কের পাশে নালার ব্যবস্থা থাকলেও ময়লা-আবর্জনায় ভরে রয়েছে। এ কারণে সামান্য বৃষ্টিতে গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে জলাবদ্ধতা তৈরি হয়। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

বৃষ্টি হলেই রাজবাড়ীর গোয়ালন্দ শহরের বাজার এলাকায় প্রধান সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে শহরের বাসিন্দাদের সীমাহীন দুর্ভোগে পড়তে হয়।

সরেজমিনে দেখা গেছে, গোয়ালন্দ পৌরসভার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ৬ নম্বর ওয়ার্ড গোয়ালন্দ বাজার। বাজারের প্রধান সড়কের পাশে থানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও পৌরসভার কয়েকজন কাউন্সিলরের বাড়ি রয়েছে। এসব গুরুত্বপূর্ণ স্থানে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়। পানিনিষ্কাশনের নালা ময়লা-আবর্জনায় ভরাট হয়ে গেছে। এ ছাড়া সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। ঢালাই উঠে রড বেরিয়ে এসেছে। বহু খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ কারণে যানবাহন ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। 

রিকশাচালক আ. জব্বার প্রথম আলোকে বলেন, সড়কের কয়েক স্থানে ঢালাই ভেঙে রড বেরিয়ে এসেছে। তা ছাড়া পাশের ড্রেনের ওপরের স্ল্যাব ভেঙে গেছে। চলাচলে খুব অসুবিধা হয়।

স্থানীয় বিপণিবিতান ‘গাঙ চিল’-এর পরিচালক মিন্টু মণ্ডল বলেন, প্রায় তিন বছর ধরে সড়কের এমন বাজে অবস্থা হয়েছে। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। সামান্য বৃষ্টি হলেই পানি আটকে দোকানপাটে উঠে যায়। এতে ব্যবসায়ীদের দুর্দশার আর সীমা থাকে না।

স্থানীয় ওষুধ ব্যবসায়ী নিরঞ্জন কুমার আগরওয়ালা বলেন, নিয়মিত নালা পরিষ্কার রাখলে এমন জলাবদ্ধতা দেখা দিত না। ময়লা-আবর্জনায় নালা ভরে থাকে। পানি ঠিকমতো নামতে পারে না। এ কারণে সামান্য বৃষ্টিতেই সড়কে হাঁটুপানি জমে। অনেকের বাসাবাড়িতেও পানি ঢোকার অবস্থা হয়। অথচ এটি একটি প্রথম শ্রেণির পৌরসভা।

স্থানীয় বাসিন্দা মোসলেম উদ্দিন বলেন, সড়কের বেশ কয়েকটি স্থানে রড বের হয়ে আছে। এতে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। পচা পানির দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসার উপক্রম হয়। হেঁটে যাওয়ার উপায় থাকে না।

স্থানীয় কাউন্সিলর কোমল কুমার সাহা বলেন, এ সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচল করায় সড়ক ও পাশের নালার ওপরের স্ল্যাব ভেঙে গেছে। এ ছাড়া পথচারী, স্থানীয় ব্যবসায়ীসহ এলাকার লোকজন ময়লা-আবর্জনা অহরহ নালায় ফেলেন। এ কারণে পানিনিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়।

পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, বাজারের প্রধান সড়কের বড় মসজিদ থেকে রেলস্টেশন পর্যন্ত ৩৬৬ মিটার সড়ক উন্নয়নের দরপত্র ৬ এপ্রিল আহ্বান করা হয়। সড়কের ২২ ফুট বা ৬ দশমিক ৭১ মিটার প্রশস্ত ও আরসিসি দ্বারা উন্নয়ন, ৬ ইঞ্চি পুরু বা দশমিক ১৫ মিটার ঢালাইসহ নালা (ড্রেন) নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ৯৫ লাখ ৪৭ হাজার ৩৭৬ টাকা।

পৌরসভার মেয়র শেখ মো. নিজাম বলেন, বাজারের প্রধান সড়ক ও নালা উন্নয়নে ইতিমধ্যে প্রায় এক কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। ঈদের পর থেকে পুরোদমে কাজ শুরু হবে। আপাতত নাগরিকদের যাতে অসুবিধায় পড়তে না হয়, সে
জন্য নিয়মিত নালা পরিষ্কার রাখা হচ্ছে।