
জং ধরে ঘরের টিনের চাল ঝাঁঝরা হয়ে গেছে। বৃষ্টি হলেই ঘরের ভেতর হাঁটুপানি জমে। দরজা-জানালা ভাঙা। এমনই করুণ দশা কান্দুলী আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোর। এ প্রকল্পের অধিকাংশ নলকূপ নষ্ট, শৌচাগারও ব্যবহারের অনুপযোগী। তাই এখানের ৬০ পরিবার ভালো নেই।
আশ্রয়ণ প্রকল্পটি শেরপুরের ঝিনাইগাতী উপজেলায়। এই প্রকল্পের বাসিন্দারা যে কত কষ্টে আছেন তা ফুটে উঠেছে এখানকার বাসিন্দা আনোয়ারা বেগমের কথায়। তিনি বলেন, ‘ঘরের টিনের চাল ভাঙা। তাই বৃষ্টি নামলে আর উপায় থাহে না। ঝরঝরাইয়া ঘরের মধ্যে পানি পড়ে। খেতা (কাঁথা) বালিশ সবকিছু ভিজা যায়। টানা বৃষ্টি অইলে ঘরের মধ্যে তো আডু হমান (হাঁটু পর্যন্ত) পানি ওঠে। নিরুপায় অইয়া আমরা সবাই কমিউনিটি সেন্টারে আশ্রয় লই। সরকার যদি ঘরের চালডা আর ঘরের নিচে মাডি ফালাইনের একটা ব্যবস্থা কইরা দিত, তাইলে আশ্রয় পাওয়া মানুষগুলা একটু শান্তিতে থাকবার পাইত।’
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও আশ্রয়ণ প্রকল্প সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালে সরকার ভূমিহীনদের পুনর্বাসনের জন্য উপজেলার ধানশাইল ইউনিয়নের সাড়ে সাত একর জমিতে কান্দুলী আশ্রয়ণ প্রকল্পের কাজ শুরু করে। এর মধ্যে ছয় একর একটি পুকুর খনন এবং দেড় একর জমিতে ছয়টি ব্যারাক (প্রতিটি ব্যারাকে ১০টি করে মোট ৬০টি কক্ষ থাকার ঘর) নির্মাণ করা হয়। এ ছাড়া এখানে ২৪টি শৌচাগার, নয়টি নলকূপ ও একটি কমিউনিটি সেন্টারও নির্মাণ করা হয়। এই প্রকল্পে এলাকার ৬০টি ভূমিহীন পরিবার আশ্রয় পায়।
প্রকল্পের কয়েকজন বাসিন্দা জানান, দরজা-জানালা এবং অধিকাংশ ঘরের টিনের চাল ভেঙে পড়েছে। ভেঙে পড়ায় ঘরগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কার না করায় ব্যারাকের সব ঘরই জরাজীর্ণ হয়ে গেছে। সামান্য বৃষ্টি হলে প্রতিটি ঘরের মেঝেতে হাঁটুপানি জমে থাকে। এ সময় বাসিন্দাদের দুর্ভোগের সীমা থাকে না। এখানে নয়টি নলকূপের মধ্যে আটটি নষ্ট হয়ে গেছে। সব শৌচাগারই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এতে ৬০টি পরিবারের তিন শতাধিক সদস্য মানবেতর জীবনযাপন করছেন। এ ছাড়া এখানে কোনো বিদ্যালয় না থাকায় শতাধিক শিশু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এ অবস্থায় এ প্রকল্পের বাসিন্দারা সরকারের কাছে ঘর মেরামত, মাটি ভরাট এবং একটি বিদ্যালয় স্থাপনের দাবি জানাচ্ছেন।
আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা কমল উদ্দিন (৭০) জানান, ‘ছয়পুলাপুরি লইয়া নিরুপায়ই অইয়া থাহি। বাইসার(বর্ষায়) সুমু এইন আডুর উপেেও পানি থাহে। আয়ের কোনো ব্যবস্থা নাই। এক বেলা খাইয়া, কুন রহম দিন কাডাইতাছি। সরকার যদি আমগর ঘরগুলা ঠিক কইরা দিত তাইলে আমরা একটু শান্তিতে থাকবার পাইতাম।’
ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন খান জানান, কান্দুলী আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো মেরামত করতে হবে। এ ছাড়া সেখানে মাটি ভরাটের কাজও করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোজাম্মেল হক জানান, আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো মেরামত ও মাটি ভরাটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পেলে ঘরগুলো সংস্কার ও মাটি ভরাটের কাজ করা হবে।