বৃষ্টি হলেই চরম ভোগান্তি এলাকাবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা বৃষ্টি হলেই জলাবদ্ধ হয়ে পড়ে রাজধানীর ধানমন্ডি হকার্স মার্কেট, নিউমার্কেট ১ নম্বর গেট, নিউ পল্টন, আজিমপুর, লালবাগ ও গ্রিন রোড এলাকা। স্থানীয় ও ভুক্তভোগীরা জানান, সিটি করপোরেশন নিয়মিত সুয়ারেজ লাইন পরিষ্কার না করার কারণে এই সমস্যা হচ্ছে।
ধানমন্ডি হকার্স মার্কেটের ভেতরে নোংড়া হাঁটুপানি। সেই পানি মাড়িয়ে গতকাল শনিবার দুপুর ১২টার দিকে কেনাকাটা করছিলেন বেসরকারি চাকুরে বারিধারার বাসিন্দা নিলুফার ইয়াসমীন । তিনি জানালেন, গতকাল সকাল ১০টায় এই মার্কেটে এসেই দেখেন হাঁটুপানি। এক ঘণ্টা দাঁড়িয়ে থাকার পরও পানি না কমায় বাধ্য হয়ে পানিতে নেমেই কেনাকাটা করেন তিনি। নিলুফার বলেন, ‘এই মার্কেটে কিছুটা কম দামে কাপড় পাওয়া যায়, সে জন্য বাসা থেকে দূর হলেও এখানে এসেছি। বারিরাধা থেকে এখানে আসা মানে যানজটে একটা দিন শেষ। ময়লা পানিতে পা চুলকাচ্ছে। তার পরও কিছু করার নেই।’
গতকাল টানা বৃষ্টিতে এই মার্কেটে অনেকেই এভাবে সীমাহীন ভোগান্তি নিয়ে পানিতে ভিজে কেনাকাটা সেরেছেন। তবে ক্রেতাদের বেশির ভাগই জলাবদ্ধতার কারণে কেনাকাটা না করেই ফিরে গেছেন।
জলাবদ্ধতায় ক্ষোভ প্রকাশ করেন ধানমন্ডি হকার্স মার্কেট সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম। তিনি বলেন, ‘একটু বৃষ্টি হলেই এই মার্কেট পানিতে ডুবে যায়। ক্রেতা ফিরে যায়। সিটি করপোরেশনকে আমরা যথাসময়ে রাজস্বের টাকা দিই। তার পরও তারা আমাদের সমস্যা সমাধান করে না। সমিতির উদ্যোগে মাঝেমধ্যে সুয়ারেজ লাইন পরিষ্কার করি। তাহলে সিটি করপোরেশনের দরকার কী?’
একই রকম জলাবদ্ধতা তৈরি হয় পাশেই গাউছিয়া মার্কেটের কিছু অংশেও। দীর্ঘ সময় ধরে পানি থাকায় গাউছিয়ার উত্তর দিকে রাস্তার পাশের দোকানদারেরা দোকান খুলতে পারেননি। মানুষকে ময়লা পানি মাড়িয়ে রাস্তা চলাচল করতে হয়েছে।
নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে রাস্তায় ও মার্কেটের ভেতরে বেশ কিছুটা জায়গায় গতকাল জলাবদ্ধতা তৈরি হয়। ভোগান্তিতে পড়ে ওই এলাকার মানুষ ও মার্কেটে আসা লোকজন।
নিউমার্কেটের বিক্রেতারা জানান, বৃষ্টিতে সব সময় এই রাস্তায় পানি ওঠে। বৃষ্টি বেশি হলে মার্কেটে পানি ঢোকে। তখন ক্রেতারা ১ নম্বর গেট দিয়ে ঢুকতে পারেন না। বেচাকেনায় ভাটা পড়ে।
নিউমার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক এম এ হান্নান বলেন, ওয়াসা বা সিটি করপোরেশন কর্তৃপক্ষ এই সমস্যা সম্পর্কে অবগত। তার পরও কাজ হচ্ছে না।
সকাল সাড়ে ১০টার দিকে গ্রিন রোড ও পান্থপথ সড়কে ছিল কোমরসমান পানি। পানির ওপর দিয়ে রিকশা চললেও পানির উচ্চতার কারণে রিকশার পাটাতনে পানি চলে আসে। এ সময় কিছুক্ষণ ওই সড়কে রিকশা চলাচল বন্ধ ছিল। পরে দ্বিগুণ, তিন গুণ বেশি ভাড়ায় রিকশায় চড়ে মানুষ। রিকশার স্বল্পতার কারণে অনেককে কোমরপানিতে হেঁটেই গন্তব্যে যেতে দেখা গেছে।
এই এলাকার বাসিন্দারা জানান, তিন বছর ধরেই বেশি বৃষ্টি হলে এই রাস্তায় পানি জমছে। নিয়মিত সুয়ারেজ লাইন পরিষ্কার না করায় এই রাস্তায় পানি জমছে বলে জানান তাঁরা।
গতকালের জলাবদ্ধতার কারণে রাজধানীর নিউ পল্টন, আজিমপুর ও লালবাগের কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। স্থানীয় লোকজনের মতে এটি নতুন নয়। বৃষ্টি হলেই সুয়ারেজ লাইন উপচে পড়ে ময়লা পানিতে রাস্তা ভরে যায়।
নিউ পল্টন এলাকায় ৩০ বছর ধরে বসবাস করছেন নির্মাণশ্রমিক জলিল উদ্দিন। তিনি বলেন, ‘এই এলাকায় ড্রেন ভরা। পানি যাওনের রাস্তা নাই। হের লাইগ্যা বৃষ্টি হইলেই তলাই যায়।’ তিনি আরও বলেন, ‘মাঝে মইদ্যে সিটি করপোরেশনের লোক আইস্যা ড্রেনে গুঁতা দেয়। ময়লা তুইলা আবার হেই জায়গায়ই ফালায়। ময়লা আবার ড্রেনেই যায়, কামের কাম কিছুই হয় না।’