
দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় সংস্কার ও মেরামত না করায় সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা পরিষদ এলাকার সরকারি ইউটিডিসি ৩ নম্বর ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। বৃষ্টি হলে ভবনটির ছাদ চুয়ে পানি পড়ে। ভবনের নানা অংশের পলেস্তারা খসে পড়ছে। বৃষ্টির পানিতে ভবনে কার্যক্রম চলা পাঁচ দপ্তরের গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট হচ্ছে। সামান্য বৃষ্টিতে ভবনের ভেতরে কর্মকর্তা-কর্মচারীদের মাথায় ছাতা মেলে ধরতে হয়।
সরেজমিনে গত মঙ্গলবার বেলা তিনটায় দেখা যায়, উপজেলা সমবায় কার্যালয়ের কক্ষে প্লাস্টিকের ব্যানার দিয়ে টেবিলের ওপর থাকা প্রয়োজনীয় কাগজপত্র ঢেকে রাখা হয়েছে। ঘরের মেঝে স্যাঁতস্যাঁত করছে। পরিষ্কার-পরিচ্ছন্ন না থাকায় ভবনের ছাদের অংশে আগাছা বেড়ে উঠছে।
নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, ভবনটির সংস্কার ও মেরামতের নামে বেশ কয়েক বছর ধরে লাখ লাখ টাকা লোপাট হচ্ছে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।
জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বলেন, ভবনটির প্রয়োজনীয় সংস্কার ও মেরামত না করায় এটি জরাজীর্ণ হয়ে পড়েছে। ভবনের নানা স্থানে পলেস্তারা খসে পড়ছে। কখন কী ঘটে, বলা যাচ্ছে না। নিরুপায় হয়ে ওই ভবনেই দাপ্তরিক কার্যক্রম চালাতে হচ্ছে। মাসিক উপজেলা সমন্বয় কমিটির গত সভায়ও বিষয়টি উত্থাপিত হয়েছে।
উপজেলা সমবায় কার্যালয়ের অফিস সহকারী মাসুদ মিয়া বলেন, বৃষ্টি হলে ছাদ দিয়ে পানি পড়ে। এতে দাপ্তরিক কাগজপত্র ভিজে নষ্ট হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই কক্ষের ভেতরে ছাতা মাথায় কাজ করতে হয়। এ ছাড়া ভবনের মেঝেতে পানি জমে থাকে। জরাজীর্ণ এ ভবন দ্রুত মেরামতের জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান।
উপজেলা প্রশাসন, এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ চত্বরের সামান্য উত্তরে ইউটিডিসি ৩ নম্বর ভবনের অবস্থান। এখানে সাতটি কক্ষ রয়েছে। ১৯৮৮ সালে ভবনটি নির্মিত হয়। ওই ভবনটিতে জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, উপজেলা সমবায়, উপজেলা যুব উন্নয়ন, উপজেলা আনসার–ভিডিপি, উপজেলা পরিসংখ্যান কার্যালয় এবং সহকারী সেটেলমেন্ট কর্মকর্তার কার্যালয়ের রেকর্ড রুম রয়েছে। দীর্ঘদিন ধরে ভবনটি সংস্কার ও মেরামত না করায় ভবনের ছাদ চুয়ে পানি পড়ে গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট হচ্ছে।
উপজেলা প্রকৌশলী শাহ মো. আবদুল ওয়াদুদ বলেন, এই ভবনের অবকাঠামোগত সমস্যা সমাধানে খুব শিগগির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন খন্দকার বলেন, ভবনটি খুবই জরাজীর্ণ হয়ে পড়েছে। নতুন ভবন নির্মাণ একান্ত প্রয়োজন। উপজেলা প্রকৌশলীকে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে।