বৃষ্টি হলেই ছড়ায় পানি ওঠে
সামান্য বৃষ্টি হলেই ছড়ায় পানি উঠে যাওয়ায় রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের কয়েক গ্রামের বাসিন্দারা যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছেন। ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান অংলাচিং মারমা বলেন, দোলইন্যাপাড়া, নুনছড়ি, মইন, ছোট মইন, পাগলিপাড়াসহ বিভিন্ন গ্রামের শতাধিক পরিবারের লোকজনের যাতায়াতে বড় বাধা ওই ওয়াগ্গাছড়া। এই ছড়ায় সারা বছরই পানি থাকে। তবে বৃষ্টি হলেই ছড়ায় পানি বেড়ে যায়। ভারী বৃষ্টি হলে পায়ে হেঁটে যাতায়াত করাও কঠিন হয়ে পড়ে বলে জানান অংলাচিং মারমা। দোলইন্যাপাড়ার কার্বারি মংসুুই প্রু মারমা বলেন, ওয়াগ্গাছড়ার ওপর দিয়ে ঘাঘড়া, কুকিমারা, তম্বপাড়া, হাফছড়ি, নোয়াপাড়াসহ প্রায় ৩০টি এলাকার পানি প্রবাহিত হয়ে কর্ণফুলী নদীতে গিয়ে পড়ে। ওই ছড়ার ওপর কালভার্ট বা সেতু নির্মিত হলে মানুষের কষ্ট দূর হতে পারে। ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার বলেন, দোলইন্যায় ছড়ার ওপর সেতু না থাকায় সাধারণ লোকজন ছাড়াও বিপুলসংখ্যক স্কুল-কলেজের শিক্ষার্থীরাও যাতায়াতে দুর্ভোগে পড়েন। দুর্ভোগ এড়াতে অনেক শিক্ষার্থী বর্ষার সময় স্কুল-কলেজে যাওয়া বন্ধ করে দেয়। কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী ওয়াগ্গাছড়ার কারণে মানুষের দুর্ভোগের কথা স্বীকার করেন। দোলাইন্যাপাড়ায় ওয়াগ্গাছড়ার ওপর পায়ে হেঁটে চলাচলের জন্য একটি সেতু নির্মাণ করার জন্য পার্বত্য মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কাছে স্থানীয় লোকজনের পক্ষ থেকে দাবি তুলে ধরা হয়। উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আট ফুট প্রশস্ত ও ১০০ ফুট দীর্ঘ একটি কালভার্ট নির্মাণ করার জন্য সিদ্ধান্ত হয়। সেতুটি নির্মিত হলে জনগণের দুর্ভোগ কমার পাশাপাশি স্থানীয় উৎপাদিত কৃষিপণ্য সহজে বাজারজাত করা যাবে বলেও তিনি মন্তব্য করেন।