বৃষ্টি হলেই জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর পৌরসভার অধিকাংশ সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার ও মেরামতের অভাবে বর্তমানে বেহাল হয়ে পড়েছে। চলতি বছরের বর্ষা মৌসুমে প্রবল বর্ষণ, পৌরসভার অর্থ-সংকট, সুষ্ঠু পরিকল্পনার অভাব ও বিভিন্ন সময়ে নিম্নমানের কাজের কারণে বর্তমানে শহরের অধিকাংশ সড়ক চলাচলের অযোগ্য ও মরণফাঁদে পরিণত হয়েছে।শেরপুর পৌরসভা সূত্রে জানা গেছে, শেরপুর পৌর এলাকায় পৌরসভা-নিয়ন্ত্রিত পাকা সড়ক রয়েছে ৬১ দশমিক ১৩৬ কিলোমিটার এবং কাঁচা সড়ক রয়েছে ১৮ দশমিক ৬০৮ কিলোমিটার। এ ছাড়া সড়ক ও জনপথ অধিদপ্তরের রয়েছে ১৬ কিলোমিটার সড়ক। শেরপুর শহরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকাসহ বিভিন্ন আবাসিক এলাকার সড়কগুলোতে খানাখন্দের সৃষ্টি হওয়ায় পথচারীদের হেঁটে চলার সময় সতর্কভাবে পা ফেলতে হয়। ভারী যানবাহন চলাচল করায় শহরের অধিকাংশ সড়কের সিলকোট, কার্পেটিংসহ ইটের খোয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। চলতি বর্ষা মৌসুমে এসব গর্তে হাঁটুপানি জমে ময়লা ও কাদা-জলে একাকার অবস্থার সৃষ্টি হয়েছে। বর্তমানে শেরপুর পৌর শহরের সবচেয়ে নাজুক সড়কগুলো হচ্ছে গৌরীপুরের পৌর বাস টার্মিনাল থেকে বাগরাকসা, মাইসাহেবা মসজিদ হয়ে তিনআনী বাজার কলেজ মোড় পর্যন্ত সড়ক। মুন্সীবাজার শহীদ বুলবুল সড়ক থেকে গোপালবাড়ী, বটতলা, সাতানীপাড়া, আফছর আলী স্কুল রোড হয়ে সজবরখিলা পর্যন্ত সড়ক। পৌর ট্রাক টার্মিনাল থেকে শীতলপুর, ঢাকলহাটী, দীঘারপাড় হয়ে নওহাটা পর্যন্ত সড়ক। চকবাজার মোড় থেকে রঘুনাথ বাজার থানা মোড় হয়ে মাধবপুর পর্যন্ত সড়ক।ব্যস্ততম নিউমার্কেট মোড় থেকে শিববাড়ী হয়ে শেখহাটি বাজার পর্যন্ত সড়ক, গৃদা নারায়ণপুর থেকে পুরোনো গরুহাটী হয়ে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট পর্যন্ত সড়ক এবং রঘুনাথ বাজার থানা মোড় থেকে মাধবপুর হয়ে খরমপুর মোড় পর্যন্ত সড়কের অবস্থা অত্যন্ত করুণ। এদিকে, ২০০৫-০৬ অর্থবছর থেকে ২০০৯-১০ অর্থবছর পর্যন্ত এশীয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের আওতায় ১০ কোটি টাকা ব্যয়ে শেরপুর পৌর শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ও ড্রেন পুনর্নির্মাণ করা হয়। কিন্তু এলাকাবাসীর অভিযোগ, এসব সড়কের নির্মাণকাজের গুণগত মান নিম্নমানের হওয়ায় মাত্র এত-দুই বছরের মধ্যেই তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এবং জনদুর্ভোগ বেড়ে গেছে।শেরপুর পৌর শহরের বাগরাকসা মহল্লার বাসিন্দা মজিবর রহমান, চকবাজার মহল্লার বাসিন্দা আশীষ চন্দ্র কর, মাধবপুর মহল্লার বাসিন্দা সেরাজুল করিম ও পুরোনো গরুহাটী মহল্লার সেকান্দর আলী প্রায় অভিন্ন ভাষায় বলেন, মূল সড়ক থেকে তাঁদের বাসায় যাওয়ার রাস্তাগুলো সম্পূর্ণ ভেঙে গেছে এবং সামান্য বৃষ্টিতে হাঁটুপানি ভেঙে তাঁদের বাসায় যেতে হয়। তাঁরা আরও বলেন, দীর্ঘদিন ধরে এসব সড়কে কোনো সংস্কারকাজ না হওয়ায় এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছেন।জলাবদ্ধতা সমস্যাশেরপুর পৌর শহরের আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। এ শহরে পানি-নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই শহরের প্রধান সড়ক ও আবাসিক এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং পৌর নাগরিকদের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ে। ফলে আবাসিক এলাকার অনেকের পক্ষেই ঘর থেকে বের হওয়া ও পথচলা দুষ্কর হয়ে পড়ে।শেরপুর পৌরসভার মেয়র মো. হুমায়ুন কবীর বলেন, শেরপুর পৌরসভা একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের নিজস্ব আয়ের উৎস থেকে রাস্তাঘাটের উন্নয়ন ও মেরামতের কাজ অত্যন্ত কঠিন। তাই চলতি ২০১১-১২ অর্থবছরে দ্বিতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প ও বাংলাদেশ মিউনিসিপাল ডেভেলপমেন্ট ফান্ড প্রকল্পের আওতায় শেরপুর পৌর শহরের বিভিন্ন রাস্তাঘাট ও ড্রেন মেরামত, সংস্কার ও পুনর্নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া গেলে আসন্ন শুষ্ক মৌসুমে প্রকল্পগুলোর কাজ শুরু করা হবে।