
সামান্য বৃষ্টি হলেই পটুয়াখালী কেন্দ্রীয় বাস টার্মিনালে জলাবদ্ধতা দেখা দেয়। টার্মিনালের সেপটিক ট্যাংক উপচে পড়া নোংরা পানি ও বৃষ্টির পানিতে সয়লাব হয়ে যায় পুরো এলাকা। পয়োনিষ্কাশনব্যবস্থা না থাকায় এই বর্ষা মৌসুমে লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
বাস টার্মিনাল সূত্র ও স্থানীয় লোকজন জানান, ২০০৩ সালে বিশ্বব্যাংকের অর্থায়নে এক কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পাশে কালিকাপুর এলাকায় স্থাপন করা হয় আধুনিক মানের কেন্দ্রীয় বাস টার্মিনাল। আর ২০০৮ সালে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া এই টার্মিনালের উদ্বোধন করেন।
তবে টার্মিনালটি নির্মাণ করা হলেও পয়োনিষ্কাশনব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দেখা দেয়। এ ছাড়া গত বছর টার্মিনালের গণশৌচাগারের সেপটিক ট্যাংকটি ভেঙে যায়। এতে সামান্য বৃষ্টিতেই ময়লা ও দুর্গন্ধযুক্ত পানিতে সয়লাব হয়ে যাচ্ছে টার্মিনাল এলাকা।
১৮ জুলাই বাস টার্মিনালে নুরুল ইসলাম নামে এক যাত্রী বলেন, ‘এই নোংরা পানি ভেঙে কীভাবে বাসে উঠব, বুঝতে পারছি না। এত বড় এলাকাজুড়ে টার্মিনাল কিন্তু পানি যাওয়ার কোনো ব্যবস্থা নেই। দুর্গন্ধযুক্ত পানির ওপর দিয়ে চলাচল করতে লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।’
পটুয়াখালী বাস টার্মিনালের সাকুরা পরিবহনের কাউন্টারের ব্যবস্থাপক আবু জাফর খান জানান, এই বাসস্ট্যান্ডে যাত্রীদের অবস্থান করার মতো পরিবেশ নেই। যাত্রীরা দূর-দূরান্ত থেকে এসে কাউন্টারে অপেক্ষা করার সুযোগও পায় না।
সাকুরা পরিবহনের গাড়িচালক মাহাতাব উদ্দিন বলেন, টার্মিনালটি তুলনামূলক নিচু জায়গায়। পাশাপাশি রয়েছে ছোট-বড় গর্ত। এ কারণে টার্মিনালে ঢোকা ও বের হওয়ার সময় বডি ও চেসিসে আঘাত লাগে।
পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা ওরফে দুলু জানান, বাস টার্মিনালটি নির্মাণের সময় পয়োনিষ্কাশনের কোনো ব্যবস্থা রাখা হয়নি। এ কারণে প্রতিবছর বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। যাত্রীদের পড়তে হয় চরম ভোগান্তিতে। এখন ঈদ সামনে রেখে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
পটুয়াখালী পৌরসভার প্যানেল মেয়র সৈয়দা আকলিমুনেছা বলেন, বাস টার্মিনালে যেন জলাবদ্ধতা না হয়, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।