বৃষ্টি হলেই জলাবদ্ধতা, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টিতে গতকাল রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়ে নগরবাসী। সড়কে পানি জমে থাকার এই চিত্র আরামবাগ এলাকার। ছবি: প্রথম আলো
বৃষ্টিতে গতকাল রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়ে নগরবাসী। সড়কে পানি জমে থাকার এই চিত্র আরামবাগ এলাকার। ছবি: প্রথম আলো

টানা তিন দিন ছুটির পর গতকাল সোমবার ছিল কর্মদিবস। আগের দুদিনের মতো গতকালও রাজধানীতে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হয়। এতে বেশ কিছু এলাকায় সৃষ্টি হওয়া অস্থায়ী জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়ে পথচলতি মানুষ।
গতকাল সোমবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকায় ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এই বৃষ্টিতে রাজধানীর জুরাইন, দনিয়া, মুরাদপুর, মিরপুর ১০, শেওড়াপাড়া, মতিঝিল, মালিবাগ, কাঁঠালবাগানসহ বিভিন্ন এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়। আগামী ৪৮ ঘণ্টায় ঢাকায় আরও ভারী বর্ষণ হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, জলাবদ্ধতা নিরসনে ঢাকা ওয়াসা ও দুই সিটি করপোরেশন যে উদ্যোগ নিয়েছে, সেগুলো মূল বর্ষার আগে শেষ না হলে দুর্ভোগে পড়বে রাজধানীবাসী। আর এসব উদ্যোগ জলাবদ্ধতা কতটা কমাতে পারবে, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাবেক সাধারণ সম্পাদক আকতার মাহমুদ প্রথম আলোকে বলেন, খাল ও নর্দমা পরিষ্কারের কাজ আরও আগে শুরু করা উচিত ছিল ওয়াসার। সিটি করপোরেশন বর্ষার আগে সড়ক সংস্কার শেষ করতে তাড়াহুড়ো করবে। ফলে অনেক ক্ষেত্রে কাজের মান ভালো না হওয়ার আশঙ্কাই বেশি। আর সংস্থাগুলোর মধ্যে সমন্বয় না থাকায় এসব উদ্যোগে জলাবদ্ধতা কমে যাবে, সেটিও নিশ্চিত বলা যাবে না।
রাজধানীর জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব থাকা সংস্থাগুলো প্রতিবছর কয়েক শ কোটি টাকা খরচ করেছে। মূলত নর্দমা নির্মাণ ও মেরামত, খাল, বক্স কালভার্ট খনন ও পরিষ্কারের কাজে এই টাকা ব্যয় হয়। অর্থ খরচ হলেও রাজধানীর জলাবদ্ধতা কমছে না। গত বছরের বর্ষায় প্রায় প্রতিদিনই কোনো না কোনো এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়। গত তিন দিনের বৃষ্টিতে বিভিন্ন এলাকায় সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় এ বছরও একই পরিস্থিতির শঙ্কায় রাজধানীবাসী।
গতকাল সকালে বাসাবো থেকে গুলশানের কর্মস্থলের দিকে রওনা দেন একটি গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তা সাকিব হোসাইন। কর্মস্থলে যেতে তাঁকে বেশ বেগ পেতে হয়। তিনি প্রথম আলোকে বললেন, ‘গত বছর সড়কে জমে থাকা পানির কারণে অফিসে যেতে কষ্ট হয়েছে। গত দুই দিনের বৃষ্টিতেও সড়কে পানি জমেছে। এবারও একই অবস্থা হলে আমরা কোথায় যাব?’
রাজধানীর জলাবদ্ধতা নিরসনের মূল দায়িত্ব ঢাকা ওয়াসা ও দুই সিটি করপোরেশনের। এ বছর জলাবদ্ধতা কমাতে ওয়াসার কাজ এখনো শেষ হয়নি। কোনো কোনো এলাকায় সিটি করপোরেশনের কাজ শেষ হয়েছে। কিন্তু খাল পরিষ্কার না করায় জলাবদ্ধতা থেকে মুক্তি মেলেনি।
ওয়াসা সূত্রে জানা যায়, জলাবদ্ধতা কমাতে ওয়াসা যে ব্যয় করে, তার একটি অংশ আসে ওয়াসার নিজস্ব বাজেট থেকে; বাকি অংশ দেয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। ওয়াসা সূত্রে জানা যায়, গত বর্ষার আগে রক্ষণাবেক্ষণ বাবদ ওয়াসার বরাদ্দ ছিল ১১ কোটি টাকা এবং মন্ত্রণালয় দিয়েছিল সাড়ে পাঁচ কোটি টাকা। গত বছর বর্ষায় ব্যাপক জনভোগান্তির পরও এই খাতে বরাদ্দ বাড়েনি।
গত রোববার মাত্র এক ঘণ্টায় প্রায় ৫০ মিলিমিটার বৃষ্টি হয়। তাতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ বিষয়ে আবহাওয়াবিদ বজলুর রশীদ প্রথম আলোকে বলেন, এই বৃষ্টি কয়েক ঘণ্টা ধরে হলে জলাবদ্ধতা হতো না। জলাবদ্ধতা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষগুলোর এমন পরিস্থিতির জন্য আগে থেকে প্রস্তুতি থাকা দরকার।
ঢাকার দুই সিটি করপোরেশন গত বছর বেশি জলাবদ্ধতা হয়েছে এমন কিছু এলাকা চিহ্নিত করেছে। সেসব এলাকার জলাবদ্ধতা নিরসনে পানিনিষ্কাশনের নালা নির্মাণ শুরু করেছে। তবে বর্ষার আগে এসব উন্নয়নকাজ শেষ হওয়া নিয়ে শঙ্কা রয়েছে।
পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে গত বছরে সামান্য বৃষ্টিতে হাঁটুপানি জমে ভোগান্তিতে পড়তে হয়েছে সারা দিন। দক্ষিণ সিটি করপোরেশন নাজিমুদ্দিন রোডে সংস্কারকাজ শুরু করেছে। পাইপ বসানোর কাজ চলছে। এরপর গর্ত ভরাট করতে হবে। পিট ও স্ল্যাব বসানো হবে। রাস্তা ও ফুটপাত মেরামত শেষে করা হবে কার্পেটিংয়ের কাজ।
সংস্কারকাজে নিয়োজিত লোকজন বলছেন, কাজ শেষ হতে জুলাই মাস লাগবে। তবে সংস্কারকাজের দায়িত্বে থাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-৩-এর নির্বাহী কর্মকর্তা খায়রুল বাকের বলেন, কাজ চললেও বিভিন্ন করণে তা বিলম্বিত হয়েছে। যেটুকু কাজ বাকি আছে, তা বর্ষা মৌসুম আসার আগেই শেষ হয়ে যাবে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবারও ঝোড়ো হাওয়াসহ ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তার থেকে বেশি বেগে কালবৈশাখী হাওয়া বয়ে যেতে পারে।