
খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়নের দুটি বেইলি সেতু ভারী বর্ষণ হলেই পানিতে তলিয়ে যায়। ফলে দীঘিনালা সদরের সঙ্গে রাঙামাটির লংগদু উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে এ সড়কে চলাচলকারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
দীঘিনালা সড়ক ও জনপথ বিভাগ জানায়, দীঘিনালা উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরে বড় মেরুং ছড়ার ওপর একটি এবং ১৩ কিলোমিটার দূরে ছোট মেরুং ছড়ার ওপর অপর বেইলি সেতুটি অবস্থিত। ১৯৮৫-১৯৮৬ সালে দীঘিনালা-মেরুং সড়ক নির্মাণের সময় অস্থায়ীভাবে বেইলি সেতুগুলো স্থাপন করা হয়। ৪ জুন কাঠভর্তি ট্রাক পার হওয়ার সময় বড় মেরুং এলাকার সেতুটি ধসে পড়ে। এতে এক সপ্তাহ ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে আবারও সেখানে একটি অস্থায়ী বেইলি সেতু স্থাপন করা হয়। সর্বশেষ ভারী বর্ষণে ১৯ ও ২০ জুন দুই দিন বেইলি সেতু দুটি তলিয়ে যায়।
গতকাল বৃহস্পতিবার মেরুং এলাকায় গিয়ে দেখা যায়, দুটি বেইলি সেতুই সড়কের চেয়ে নিচু। এ কারণে বৃষ্টিতে ছড়ার পানি বেড়ে গেলে সেতু দুটি ডুবে যায়।
খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের দীঘিনালার দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক নাছির উদ্দিন বলেন, বড় মেরুং ও ছোট মেরুং এলাকার বেইলি সেতুটি দুটি পানিতে তলিয়ে গেলে রাঙামাটির লংগদুর সঙ্গে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানের যানবাহন চলাচল বন্ধ রাখতে হয়। ওই সেতু দুটির স্থানে পাকা সেতু তৈরি করতে হবে।
মেরুং ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রহমান কবীর বলেন, বেইলি সেতু দুটি সরিয়ে ওই জায়গায় স্থায়ী পাকা সেতু নির্মাণ করা খুবই জরুরি। গত দশ বছরে সেতুটি চারবার ধসে পড়েছিল। একবার সেতু ধসে পড়লে এক সপ্তাহ যানবাহন চলাচল বন্ধ থাকে।
সড়ক ও জনপথ অধিদপ্তর খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলী মোসলেহ উদ্দিন চৌধুরী বলেন, সড়কটি আগে সেনাবাহিনীর ১৯ কন্সট্রাকশন ব্যাটালিয়নের (১৯ ইসিবি) অধীনে ছিল। গত বছরের ২৭ জুলাই সওজকে সড়কটির দায়িত্ব দেওয়া হয়। বেইলি সেতুগুলো অস্থায়ীভাবে নির্মাণ করা হয়েছিল। এই স্থানে স্থায়ী পাকা সেতু নির্মাণের জন্য দুই মাস আগে প্রধান কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।