সামান্য বৃষ্টিতে কিশোরগঞ্জ আন্তজেলা বাস টার্মিনাল পানিতে ডুবে যায়। টার্মিনালের উঁচু অংশ কাদাপানিতে একাকার হয়ে পড়ে। তখন দেশের বিভিন্ন গন্তব্যের যাত্রীসাধারণকে জুতা খুলে বাসে উঠতে হয়। এ অবস্থা দেড় দশক ধরে চললেও কোনো ব্যবস্থা নিচ্ছে না পৌর কর্তৃপক্ষ। অথচ প্রতিবছর টার্মিনাল ইজারা দিয়ে পৌরসভা প্রায় কোটি টাকা আয় করছে। পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, শহরের গাইটাল আন্তজেলা বাস টার্মিনাল থেকে প্রতিদিন ঢাকা, চট্টগ্রামসহ সারা দেশের দূরপাল্লার সব বাস চলাচল করে। গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, বাস টার্মিনালে ঢোকার সবগুলো রাস্তাই বেহাল। টার্মিনালে ইট বিছানো থাকলেও বেশির ভাগ অংশই ভাঙা, এবড়োখেবড়ো। সামান্য বৃষ্টিতেই কাদাপানি জমে একাকার হয়ে আছে। যাত্রীসাধারণকে কাপড় হাঁটু পর্যন্ত তুলে বিভিন্ন সার্ভিসের বাসে উঠতে হচ্ছে। যাত্রীরা অভিযোগ করেন, টার্মিনালের শৌচাগারগুলো নোংরা ও ভীষণ দুর্গন্ধময়। কোনো সুস্থ মানুষের পক্ষে শৌচাগার ব্যবহার করা সম্ভব নয়। পৌরসভা সূত্র জানায়, ১৯৯০ সালে টার্মিনালটি নির্মিত হয়। ওই বছরই পৌরসভা টার্মিনালের কর্তৃত্ব গ্রহণ করে। ২২ বছরে ইজারার মাধ্যমে পৌরসভা প্রায় কোটি টাকা রাজস্ব আদায় করেছে। পৌরসভার নীতিমালায় রয়েছে, হাটবাজার, বাস টার্মিনালের ইজারা থেকে পাওয়া টাকার একটা অংশ সেখানকার অবকাঠামোগত উন্নয়নে ব্যয় করা হবে। কিন্তু গত ২২ বছরেও পৌরসভা গুরুত্বপূর্ণ বাস টার্মিনালটির উন্নয়নে এক টাকাও খরচ করেনি। এ বছর সামান্য কিছু ইটভাঙা ফেলে যাত্রীদের টার্মিনালে যাওয়া-আসার পথ তৈরির কাজ করার উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবে কোনো কাজে আসেনি।জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি শাহজাহান লস্কর জানান, রাজস্ব আয়ের টাকা দিয়ে টার্মিনালের উন্নয়ন করার কথা। বারবার বলা ও লিখিতভাবে আবেদন করার পরও কাজ হচ্ছে না। ফলে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। প্রতিদিন এখান থেকে চার শতাধিক বাসে কয়েক হাজার যাত্রী যাতায়াত করেন বলে তিনি জানান। পৌর চেয়ারম্যানকে একাধিকবার লিখিতভাবে জানানোর পরও তিনি কোনো ব্যবস্থা নেননি। শহরের শোলাকিয়া এলাকার চিকিৎসক পীযূষকান্তি শর্মা, আখড়াবাজার এলাকার আনোয়ার হোসেন ও মজিবুল হক জানান, জেলার প্রধান বাস টার্মিনালটি নোংরা ও অপরিচ্ছন্ন। ঢাকা থেকে আসা যাত্রী ব্যবসায়ী আমিনুল হকসহ একাধিক যাত্রী জানান, ঢাকা থেকে হেলেদুলে কষ্ট করে আসতে হয়েছে। এখন পানিতে ডুবে থাকা বাসস্ট্যান্ড থেকে বের হতে পারছেন না।বাস টার্মিনালে প্রতিবছর রাজস্ব আয়ের একটি অংশ সেখানকার উন্নয়ন খাতে ব্যয় করার কথা স্বীকার করে পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবদুস সালাম বলেন, ‘বিষয়টি অবশ্যই দেখব।’ পৌর মেয়র মো. মাজহারুল ইসলাম কাঞ্চন বলেন, ‘পৌরসভায় আর্থিক সংকট থাকায় ইচ্ছা থাকা সত্ত্বেও উন্নয়ন করতে পারছি না। যাত্রীসাধারণের কষ্ট হচ্ছে, এ কথা সত্য। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কয়েক দিনের মধ্যে পুরোনো ইট দিয়ে আপাতত যাত্রীদের বাসে ওঠার ব্যবস্থা করা হবে। পরে উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত করে টার্মিনালের সার্বিক সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।’