বৃষ্টি হলেই দুশ্চিন্তা বাড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়ে বিরামপুর এলএসডি। সম্প্রতি তোলা ছবি l প্রথম
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়ে বিরামপুর এলএসডি। সম্প্রতি তোলা ছবি l প্রথম

দিনাজপুরের বিরামপুর উপজেলার চরকাই লোকাল সাপ্লাই ডিপোর (এলএসডি) সামনের সড়কটি প্রায় দুই হাত উঁচু। আর এলএসডির তিন পাশেই উঁচু বসতি। এতে একটু বৃষ্টি হলেই গুদামে পানি ঢুকে তৈরি হয় জলাবদ্ধতা। এ ছাড়া বাসাবাড়িতে ঢুকে পড়ে পানি ও সাপ। তাই বৃষ্টি শুরু হলেই দুশ্চিন্তায় থাকতে হয় এলএসডির কর্মকর্তা-কর্মচারীদের।
বিরামপুর এলএসডি সূত্রে জানা যায়, ১৯৬১ সালে ২ দশমিক ৫ একর জমিতে এলএসডিটি নির্মাণ করা হয়। এখানে ৫০০ টনের সাতটি ও ১ হাজার টনের একটি গুদাম, কর্মকর্তার একটি বাসভবন, নিরাপত্তাপ্রহরীদের কোয়ার্টার চারটি এবং এএসআই কোয়ার্টার রয়েছে দুটি।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বিরামপুর রেলস্টেশনের পূর্ব দিকে ওই এলএসডি অবস্থান। এলএসডির সামনে দিয়ে চলে গেছে বাফার গুদামের সড়ক। সড়কটি সংস্কার করতে করতে সেটি এলএসডি থেকে প্রায় দুই হাতের মতো উঁচু হয়ে গেছে। এ ছাড়া এলএসডির তিন পাশেই গড়ে উঠেছে বসতি।
নিরাপত্তাপ্রহরী আহম্মদ আলী প্রথম আলোকে বলেন, তিনি গত ২০১০ সাল থেকে এখানে কর্মরত ও কোয়ার্টারে অবস্থান করছেন। তখন থেকেই প্রতি বর্ষাতেই তাঁদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বৃষ্টি হলে এলএসডির ভেতরে চলাচল করাই দায় হয়ে পড়ে। আহম্মদ আলীর স্ত্রী শান্তি বেগম বলেন, একটু পানি জমলেই ঘরের মধ্যে সাপ চলে আসে। বর্ষার পুরো সময়টি তাই আতঙ্কে থাকতে হয়। খাবারের পানি হয়ে পড়ে ব্যবহারের অযোগ্য। বসবাস করা দায় হয়ে পড়ে তখন।
নিরাপত্তাপ্রহরী জহুরুল ইসলাম বলেন, সামান্য বৃষ্টি হলেই শৌচাগারগুলোতে পানি ঢুকে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। দুর্গন্ধে কাজ করা দায় হয়ে যায়। টানা তিন ঘণ্টা বৃষ্টি হলেই গুদামের ভেতরে পানি ঢুকতে শুরু করে।
এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব হোসেন খন্দকার প্রথম আলোকে বলেন, সড়কটি উঁচু হওয়ায় এবং তিন পাশে অপরিকল্পিতভাবে বসতবাড়ি গড়ে ওঠায় এলএসডির পানিনিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। এতে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। জলাবদ্ধতার কারণে কোয়ার্টারগুলো বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। গুদামে পানি ঢুকে যাতে খাদ্যশস্য নষ্ট হয়ে না যা, সে জন্য পুরো বর্ষাকালে তাঁদের সব সময় বালির বস্তা তৈরি রাখতে হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানানো হচ্ছে। এরপরও এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
জেলা খাদ্যনিয়ন্ত্রক আবদুল কাদির গতকাল বুধবার বিকেল চারটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খুব শিগগির এর সংস্কারকাজ শুরু হবে।