বৃষ্টি হলেই পানি জমে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টি হলেই কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড, কক্ষ ও বারান্দায় পানি জমে। এতে এখানে চিকিৎসা নিতে এসে রোগীরা দুর্ভোগ পোহান। কষ্ট হয় চিকিৎসক এবং কর্মকর্তা ও কর্মচারীদেরও।
কয়েক দিনের বৃষ্টিতেও ২৫ জুন এই স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্থানে পানি জমে যায়। ওই দিন এখানে শরীর ব্যথার চিকিৎসা নিতে আসা আজিম উদ্দিন (৫৫) বলেন, ‘কই আইয়া পড়লাম। পানি আর পানি। পানিতে হাড়াইয়া (দাঁড়িয়ে)ডাক্তার দেহাইতে অইব জানালে আইতাম না।’ আজিম পেশায় কৃষক। তিনি উপজেলার শিবপুর ইউনিয়নের জামালপুর গ্রামের বাসিন্দা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। ভবনের ছাদ ও দেয়ালের বেশ কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। এ কারণে বৃষ্টি হলে দেয়াল চুইয়ে হাসপাতালে প্রায় সব কক্ষে পানি ঢোকে।
গত ২৫ জুন সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের নিচতলা থেকে শুরু করে তিনতলার বারান্দায় পানি জমে আছে। জরুরি চিকিৎসাসেবা কেন্দ্রের ভেতরে পানি। একই সমস্যার কারণে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাঁর কক্ষে চিকিৎসা কার্যক্রম চালাতে পারছেন না। দোতলার পুরুষ ও নারী ওয়ার্ডেও একই সমস্যা। এ ছাড়া বৃষ্টি হলেই এক্স-রে কক্ষে পানি ঢোকে। এ কারণে তিন বছর ধরে কক্ষটি ব্যবহারই করা যাচ্ছে না।
পানি মাড়িয়ে রোগীদের সেবা দেওয়ার সময় কথা হয় সেবিকা আসমা খানমের সঙ্গে। তিনি বলেন, ‘পানি থাকায় অস্বস্তি নিয়ে ভালো সেবা আশা করা যায় না।’ এ সময় কয়েকজন সেবিকা জানান, যে কক্ষে পানি নেই, সেই কক্ষও পরিচ্ছন্ন রাখা যাচ্ছে না। কারণ বারান্দা কর্দমাক্ত হয়ে আছে। পানি আর কাদা নিয়ে হাঁটাচলা করতে হয়, তাই ভালো কক্ষও পরিচ্ছন্ন থাকছে না।
এক সপ্তাহ ধরে পানি সরাতে সরাতে কোমরে ব্যথা হয়ে গেছে বলে জানান কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী। তাঁরা জানান, নিচতলার বারান্দার পানি সরাতে না-সরাতেই ওপরের তলায় গিয়ে দেখেন, পানি জমে গেছে। এ ছাড়া কক্ষগুলোর মেঝেতে পানি জমে থাকে।
নিজের কক্ষ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কক্ষে বসে প্রয়োজনীয় কাজ সারছিলেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) বুলবুল আহম্মদ। বুলবুল বলেন, কয়েক বছর ধরে ভবনের ভেতরে পানি আসছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না; বরং আরও বাড়ছে। চিকিৎসক থেকে শুরু করে রোগীরাও তাঁর কাছ থেকে জানতে চাচ্ছেন, কবে সমস্যার সমাধান হবে।
কিশোরগঞ্জের সিভিল সার্জন মুখলেছুর রহমান বলেন, সমস্যাটি তাঁর জানা আছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা আছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন সংস্কারের বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সালাউদ্দিন চৌধুরী বলেন, বিষয়টি তাঁরা দেখছেন।