বৃষ্টি হলেই প্রধান সড়কে জলাবদ্ধতা

একটু বৃষ্টি হলেই সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রায়গঞ্জ পৌরসভার প্রধান সড়ক ধানগড়া নতুন চৌরাস্তা থেকে পুরাতন চৌরাস্তার বিভিন্ন অংশে পানি জমে যায়। এতে ভোগান্তিতে পড়তে হয় পথচারীসহ বাজারের ব্যবসায়ীদের।
গত বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, ধানগড়া নতুন চৌরাস্তা থেকে পুরাতন চৌরাস্তা পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের ছয়-সাত জায়গায় বৃষ্টির পানি জমে রয়েছে। পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সড়কের দুই পাশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে পানি ঢুকে পড়েছে। পথচারীদের চলাচলে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে। যানবাহন চলার সময় পানি ছিটে অনেকে ভিজে যায়।
এলাকার ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, বৃষ্টি হলে সড়কের দুই পাশে পানি জমে যায়। যানবাহন চলাচলের সময় কাদাপানি দোকানের মধ্যে ঢুকে পড়ে। এতে ক্রেতা-বিক্রেতা উভয়কেই বিব্রতকর অবস্থায় পড়তে হয়। সৌদি কসমেটিকসের মালিক জাহাঙ্গীর আলম বলেন, দোকানের সামনে উঁচু থাকায় এবং পানিনিষ্কাশনের ব্যবস্থা না করায় প্রতিবছর বর্ষা মৌসুমে এ ভোগান্তি পোহাতে হয়। পথচারী সেলিম রেজা খন্দকার বলেন, বৃষ্টির সময় সড়কে পানি জমায় চলাফেরা করা মুশকিল হয়ে যায়। যানবাহনের পানির ঝাপটায় ভিজে যেতে হয়। রায়গঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাজেদুল ইসলাম বলেন, সড়কের দুই পাশের ব্যবসায়ীরা দোকানের সামনে মাটি ফেলে উঁচু করায় এ অবস্থা মারাত্মক হয়েছে। বিষয়টি নিয়ে পৌরসভার উন্নয়ন সমন্বয় সভায় একাধিকবার আলোচনা হয়েছে বলে তিনি জানান।
রায়গঞ্জ পৌরসভার মেয়র মোশারফ হোসেন আকন্দ বলেন, আগামী অর্থবছরে পানিনিষ্কাশনের জন্য নালা নির্মাণের বরাদ্দ রাখা হয়েছে। অল্প দিনের মধ্যেই কাজ শুরু করা হবে বলে তিনি জানান।