বৃষ্টি হলেই বিদ্যালয় জলাবদ্ধ
পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় গত রোববার রাতে সামান্য বৃষ্টিতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার দুটি বিদ্যালয়ে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছে শিক্ষক-শিক্ষার্থীরা।
সরেজমিনে গতকাল সোমবার দেখা গেছে, সামান্য বৃষ্টিতেই উপজেলার মর্ণেয়া ইউনিয়নের মৌভাষা এলাকার মৌভাষা সরকারি প্রাথমিক ও মৌভাষা নিম্নমাধ্যমিক বিদ্যালয় মাঠে হাঁটুপানি জমে। গত রোববার রাতের বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেয়। মাঠের পাশ দিয়ে কোনো নালা বা এ রকম কিছু না থাকায় পানি অন্যত্র সরে যেতে পারছে না। শিক্ষার্থীরা পানি ডিঙিয়ে শ্রেণিকক্ষে যাচ্ছে। এতে তাদের পরনের পোশাকের নিচের অংশ ভিজে যাচ্ছে। যার যার হাতে তার স্যান্ডেল অথবা জুতা।
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রোকসানা বেগম বলে, ‘বৃষ্টি হলেই আমাদের স্কুলের মাঠে পানি জমে। রোদে না শুকানো পর্যন্ত এ পানি সরেও না।’ একই শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসান বলে, প্রায়ই বৃষ্টি হলে এভাবে মাঠে পানি জমে। তখন আর শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারে না।
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণা রানী রায় বলেন, শত বছরের পুরোনো বিদ্যালয়টি আশপাশের চেয়ে নিচু। পানি বের হওয়ারও রাস্তা নেই। সামান্য বৃষ্টিতে পানি জমে যায়। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। নিম্ন মাধমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম বলেন, ইউএনওকে মাঠের পরিস্থিতি দেখানো হয়েছে।
ইউএনও তৌহিদুল ইসলাম বলেন, ‘এখন কোনো নতুন বরাদ্দ নেই। বরাদ্দ এলে মাঠটিতে মাটি ফেলা হবে।’