বৃষ্টি হলেই স্কুলের সামনে জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামান্য বৃষ্টি হলেই ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের সামনের সড়কে পানি জমে থাকে। এতে শিক্ষক-শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা-যাওয়া করতে সমস্যা হয়। পাশাপাশি ওই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে উপজেলার ১০ গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলা শহরের থানা সড়কের পাশে অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়। এটি ১৮৭১ সালে প্রতিষ্ঠিত হয়। এখানে ৫৬০ জন শিক্ষার্থী পড়াশোনা করে। সামান্য বৃষ্টি হলেই বিদ্যালয়ের সামনের সড়কে পানি জমে থাকে। এ সড়ক দিয়েই শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয়ে ঢুকে এবং বের হয়। কিন্তু বৃষ্টির পানি জমে থাকলে চার-পাঁচ দিন তাদের চলাচল করতে সমস্যা হয়। এ ছাড়া সড়কটি দিয়ে উপজেলা সদরের কুট্টাপাড়া, আলীনগর, পাঠানপাড়া, সৈয়দটুলা, নোয়াহাটি ও পানিশ্বর ইউনিয়নের অন্তত ১০টি গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ উপজেলা সদরে চলাচল করে। জলাবদ্ধতার কারণে তাদেরও দুর্ভোগ পোহাতে হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বছর আগে সরাইল-অরুয়াইল সড়কের উপজেলা সদরের এক কিলোমিটার অংশ এক ফুট উঁচু করা হয়। এ কারণে এবং দুই পাশে নালা না থাকায় অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের সামনের সড়কে বৃষ্টি হলেই পানি জমে থাকে। এ সমস্যা দূর করার জন্য সড়কের দুই পাশে পানি নিষ্কাশনের জন্য নালা নির্মাণ করতে হবে।
অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী বলে, বৃষ্টি হলে স্কুলে আসতে তাদের ভালো লাগে না। কারণ, বৃষ্টির পর চার-পাঁচ দিন স্কুলে প্রবেশ করা কঠিন হয়ে পড়ে। অনেক সময় তারা নিজেরা পানি সরানোর চেষ্টা করে। তাতেও কাজ হয় না। তারা বৃষ্টির পর দ্রুত পানি নিষ্কাশন চায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা সহকারী প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘সামান্য বৃষ্টি হলেই বিদ্যালয়ের সামনে কয়েক দিন পানি জমে থাকে। এতে বিদ্যালয়ে প্রবেশ করা দায় হয়ে পড়ে। জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের উপস্থিতিও হ্রাস পায়। এতে পাঠদানও ব্যাহত হচ্ছে।’
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ এমদাদুল হক প্রথম আলোকে বলেন, ‘বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের জন্য ওই সড়কের দুই পাশে ড্রেন নির্মাণের চেষ্টা চলছে।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বলেন, ‘শিগগির সড়কটি উঁচু করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’