বৃষ্টি হলেই সড়কে হাঁটু পানি, সীমাহীন দুর্ভোগ
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার বানিনাথপুর এলাকায় উদ্ধবগঞ্জ-বারদী সড়ক দীর্ঘদিন ধরে মেরামত করা হয় না। সড়কটিতে বড় বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে এসব গর্তে হাঁটুপানি জমে। তখন যানবাহন চলাচল করতে পারে না। সীমাহীন দুর্ভোগে পড়তে হয় উপজেলার তিনটি ইউনিয়নের কয়েক হাজার বাসিন্দাকে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উদ্ধবগঞ্জ এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বারদী তালতলা পর্যন্ত সড়কের সোনারগাঁ পৌরসভার বানিনাথপুর এলাকায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের সড়কটির প্রায় সাত কিলোমিটার দীর্ঘ। প্রায় ছয় বছর ধরে এর সংস্কার করা হয় না। এর মধ্যে তিন কিলোমিটার সবচেয়ে বেশি বেহাল হয়ে পড়েছে। বহু খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ সড়কে সিমেন্টবাহী ভারী ট্রাক চলাচল করে। তা ছাড়া যাত্রীবাহী হালকা যান সিএনজিচালিত অটোরিকশা, ভটভটি, নছিমন-করিমন চলাচল করে।
গতকাল শুক্রবার বিকেলে সরেজমিনে দেখা যায়, বানিনাথপুর এলাকায় সড়কটিতে হাঁটুপানি জমে আছে। পানি নেমে যাওয়ার জন্য কোনো নালা নেই। ইঞ্জিনে পানি ঢুকে তিনটি সিএনজিচালিত অটোরিকশা বন্ধ হয়ে গেছে। চালকেরা ধাক্কা দিয়ে ও টেনে অটোরিকশাগুলো গর্ত থেকে ওঠানোর চেষ্টা করছেন। তা ছাড়া লোকজন ময়লা পানি পার হয়ে যাচ্ছেন।
অটোরিকশাচালক নয়ন মিয়া বলেন, এ সড়কে এমনটিতেই চলাচল করা যায় না। গর্তে পড়ে প্রতিদিনই যানবাহনের ক্ষতি হয়। এখন মুশকিল হলো বৃষ্টির পানি। ইঞ্জিনে পানি ঢুকে বিকল হয়ে পড়েছে। টেনে টেনে নেওয়া ছাড়া আর গতি নেই।
জানতে চাইলে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রউফ প্রথম আলোকে বলেন, সওজের এ সড়ক দিয়ে বিভিন্ন কারখানার সিমেন্টবাহী ট্রাক চলাচল করে। এতে সড়কের বেশ ক্ষতি হয়। বর্তমানে সড়কটির এমন অবস্থা হয়েছে যে যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অথচ এ সড়ক ব্যবহার করে উপজেলার বৈদ্যেরবাজার, বারদী ও নোয়াগাঁও ইউপির হাজার হাজার মানুষ নানা গন্তব্যে যায়। বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জ ও উপজেলা সদরে আসতে হলে তাদের এ সড়কই একমাত্র ভরসা। বিকল্প কোনো সড়ক নেই। এখন বৃষ্টির মৌসুমে এই সড়কে হাঁটুপানি জমে থাকে। মানুষজনের যাতায়াতে সীমাহীন দুর্ভোগে পড়তে হয়।
সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আলিউল হোসেন বলেন, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় সড়কটির মেরামতকাজ শুরু করা যাচ্ছে না। অর্থ বরাদ্দ হলে মেরামতকাজ শুরু করা হবে।