বৃষ্টি হলেই হবিগঞ্জে বিদ্যুৎ বন্ধ ৫ থেকে ৬ ঘণ্টা
একটু বৃষ্টি হলেই হবিগঞ্জ শহরে পাঁচ থেকে ছয় ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। গত তিন দিন লাগাতার এ বিদ্যুৎ সমস্যার কারণে এইচএসসি পরীক্ষার্থীসহ শহরবাসীর দুর্ভোগ বেড়ে গেছে।এলাকাবাসী জানিয়েছেন, সমস্যাটি অনেক দিন ধরে। বিদ্যুৎ বিভাগ জানায়, সরবরাহ লাইনের ত্রুটির কারণে এ সমস্যা হচ্ছে। গতকাল রোববার সকাল আটটার দিকে একটু বৃষ্টিপাত শুরু হলে এ লাইনটি বন্ধ হয়ে যায়। সাড়ে পাঁচ ঘণ্টা পর ওই দিন বেলা দেড়টার দিকে বিদ্যুৎ এলেও আবার একই কারণে বন্ধ হয়ে যায়। এভাবে গত শুক্র ও শনিবার বৃষ্টিপাতের কারণে লাগাতার পাঁচ থেকে ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে হবিগঞ্জ শহরে।হবিগঞ্জ শহরে টাউন হল সড়ক এলাকার ব্যবসায়ী এস এম মিলন বলেন, ‘একটু বৃষ্টি হলেই আমরা বুঝতে পারি, এখন বিদ্যুৎ চলে যাবে। গেলেও পাঁচ থেকে ছয় ঘণ্টার ভেতর আর আসে না।’ শহরের অধিবাসী ও জেলা বারের সদস্য আলমগীর চৌধুরী বলেন, এ সমস্যা হবিগঞ্জবাসীর অনেক পুরোনো। বৃষ্টিপাতের কারণে আধুনিক বিশ্বে কোথাও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে, এটা ভাবতেই কষ্ট হয়।হবিগঞ্জ বিদ্যুৎ বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, হবিগঞ্জে বিদ্যুতের কোনো ঘাটতি নেই। বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র থেকে শহরে সরবরাহ করা লাইনটি অতি পুরোনো ও জোড়াতালি দিয়ে কোনোরকমে চালানো হচ্ছে। এটি মেরামতের জন্য অসংখ্যবার হবিগঞ্জ থেকে কেন্দ্রে চিঠি লিখেও কাজ হচ্ছে না।হবিগঞ্জ বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী শামস এ আরেফিন বলেন, বিদ্যুৎকেন্দ্র থেকে শহরে সরবরাহ করা ৩৩ কেবির মূল লাইনে ত্রুটি রয়েছে। লাইনটি সময়োপযোগী করে তোলা প্রয়োজন। যে কারণে বৃষ্টি-বাদল মৌসুমে অতিবৃষ্টি, বজ্রপাত ও গাছপালা পড়ে এ লাইনটি বন্ধ হয়ে যায়।