
কিশোরগঞ্জ শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক গাইটাল বাসস্ট্যান্ড থেকে জেনারেল হাসপাতাল পর্যন্ত চলে গেছে। বাড়ি গাইটাল এলাকায় হওয়ায় রোকন উদ্দিনকে প্রায় প্রতিদিনই এ সড়ক দিয়ে চলতে হয়। কিন্তু সড়কটির বর্তমান দুরবস্থার কারণে চরম হতাশ ও ক্ষুব্ধ তিনি।
পেশায় ব্যবসায়ী রোকন উদ্দিন বললেন, কিশোরগঞ্জ শহরের সবচেয়ে ব্যস্ত সড়ক এটি। এ সড়ক হয়ে প্রতিদিন হাজারো মানুষ দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করে। অথচ বৃষ্টি হলেই সড়কটিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তখন এ সড়কে ভোগান্তিও হয় সবচেয়ে বেশি।
কিশোরগঞ্জ পৌরসভাভুক্ত অনেক সড়কের অবস্থাই কমবেশি ওই সড়কের মতো। এক দিন বৃষ্টি হলে সাত দিনেও তা সড়ক থেকে সরে না। আর টানা কয়েক দিন বৃষ্টি হলে ভোগান্তির শেষ থাকে না। তখন নিচু জায়গার পাশাপাশি আশপাশের বাড়িঘরেও পানি ঢুকে পড়ে। সেই পানির সঙ্গে বাড়ির পয়োবর্জ্যসহ ময়লা-আবর্জনা সড়কে চলে আসায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে।
জানতে চাইলে কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া প্রথম আলোকে বলেন, শহরের বিভিন্ন এলাকায় নালার সংস্কারকাজ অব্যাহত রয়েছে। কিছু এলাকায় বড় বড় নালা নির্মাণ করা হচ্ছে। এগুলোর কাজ শেষ হলে জলাবদ্ধতা অনেকাংশে কমে যাবে। যত দ্রুত সম্ভব সঠিকভাবে পানিনিষ্কাশনের ব্যবস্থা করে সমস্যার সমাধান করবেন তাঁরা।
পৌরসভা সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ ‘ক’ শ্রেণির পৌরসভা। প্রায় ১১ বর্গকিলোমিটারের এ পৌরসভায় বাসিন্দার সংখ্যা ১ লাখ ৬৭ হাজারের বেশি। পৌরসভার আওতায় রাস্তা আছে ৬৫ কিলোমিটার। তবে বেশির ভাগ রাস্তায়ই নিয়মিত সংস্কারকাজ হয় না। ফলে রাস্তাগুলোর অবস্থা এই পর্যায়ে এসে পৌঁছেছে। বিশেষ করে বর্ষাকালের জলাবদ্ধতা বাসিন্দাদের চরমভাবে ভোগাচ্ছে।
পৌরসভার আওতাধীন অন্তত ৪০ কিলোমিটার সড়কই বর্ষাকাল এলে পানিতে ডুবে যায়। এর মধ্যে আবার ২৫ কিলোমিটার ভাঙাচোরা। সবচেয়ে খারাপ অবস্থা শহরের আলোরমেলা, নতুন স্টেডিয়াম ও পুরাতন কোর্ট এলাকার রাস্তাগুলোর। সামান্য বৃষ্টিতেই কয়েক বছর ধরে এসব এলাকায় রাস্তার ওপরে হাঁটুপানি জমে যাচ্ছে। পুরাতন কোর্ট এলাকায় রয়েছে জেলা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যালয়, জেলা শিশু একাডেমীসহ বেশ কটি সরকারি দপ্তর। এ ছাড়া পাশের আবাসিক এলাকায় হাজারো লোকের বসবাস। জলাবদ্ধতার দুর্ভোগ স্থানীয় বাসিন্দা ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিত্যদিনের সঙ্গী।
পুরাতন কোর্ট এলাকার বাসিন্দা সুরাইয়া ফেরদৌসী বলেন, জলাবদ্ধতার কারণে ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে যায়। ছেলেমেয়েরা বিদ্যালয়ে আসা-যাওয়া করতে পারে না। এলাকার যা অবস্থা, তাতে যানবাহন চলা দায়। আবার পচা-নোংরা পানি মাড়িয়ে চলতে গেলে চর্মরোগে আক্রান্ত হতে হয়।
গত মঙ্গলবার দুপুরেকিশোরগঞ্জ শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, টানা বর্ষণে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।শহরের কাচারিবাজার, বড়বাজার, পুরান থানা বাজার, আলোরমেলা এলাকা, নগুয়া, বত্রিশ, হয়বতনগর, পুরোনো কোর্ট এলাকা, হারুয়া, গাইটাল, নিউটাউন, নীলগঞ্জ রোড, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠসহ বিভিন্ন এলাকার সড়কগুলো বেহাল। প্রায় জায়গায় নালার পচা আবর্জনা রাস্তার ওপর জমে থাকা পানিতে মিশে আছে। আনাচকানাচে পানি জমে স্থায়ী জলাবদ্ধতায় রূপ নিয়েছে। শহরের বত্রিশ, সুইপার কলোনি, বড় বাজার, কাচারিবাজার, পুরোনো থানা এলাকায় রাস্তার ওপর আবর্জনা স্তূপ করে রাখা হচ্ছে।
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র বলেন, শহরে আগের মতো আর ময়লা জমা থাকে না। প্রতিদিন সকালে পৌরসভার গাড়ি গিয়ে জমে থাকা ময়লা তুলে নিয়ে আসে। আগে শহরের যেসব মোড়ে ময়লা ফেলে স্তূপ করে রাখা হতো, সেসব জায়গায় ছোট ছোট টং দোকান বসানো হয়েছে। যাতে কেউ নতুন করে আর ময়লা ফেলতে না পারে। তবে শহরের বড় বাজারের আশপাশ এলাকায় ব্যবসায়ীদের কারণে ময়লার স্তূপ হয়ে থাকে। যেগুলো সরানো পৌরসভার পক্ষে সম্ভব হয় না।
শহরবাসী বলছেন, জলাবদ্ধতার প্রধান কারণ দুটি: অপরিকল্পিত নগরায়ণ ও সঠিকভাবে পানিনিষ্কাশনের স্থায়ী ব্যবস্থার অনুপস্থিতি।সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই শহরে বাড়িঘর নির্মাণ করা হয়েছে। আবার শহরে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা নেই। যে কয়টা নালা আছে, সেগুলোও ঠিকমতো পরিষ্কার করা হয় না। ফলে ঠিকমতো পানিনিষ্কাশন হয় না।
এ বিষয়ে কিশোরগঞ্জ সওজের উপসহকারী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, সড়কের পাশে বাড়িঘর করায় নালাগুলো বন্ধ হয়ে গেছে। নালা ঠিক করা ছাড়া সড়কের জলাবদ্ধতা নিরসন করা সম্ভব নয়। নালা ঠিক করার দায়িত্ব পৌরসভা কর্তৃপক্ষের।