
‘যদি বর্ষে মাঘের শেষ, ধন্য রাজার পুণ্য দেশ’। খনার বচনটি যেন গতকাল রোববার কৌতুকে পরিণত হলো অমর একুশে গ্রন্থমেলায়। ঢাকার আকাশে প্রায় সারা দিনই ছিল মেঘের ঘনঘটা। অকালের এই মেঘ জায়গা করে নিল অমর একুশে গ্রন্থমেলায় অংশ নেওয়া প্রকাশক ও বিক্রয়কর্মীদের মনেও। স্টলে বসে বই বিক্রি তো দূরের কথা, বৃষ্টির পানি থেকে বইগুলোকে রক্ষা করায় ব্যস্ত ছিলেন বিক্রয়কর্মীরা।
সদ্য বিদায় নিল মাঘ। কিন্তু হুট করেই গত শনিবার থেকে শীতের প্রত্যাবর্তন! ওই দিন রাতেই বৃষ্টিও দেখা দেয় হঠাৎ করেই। যদিও বৃষ্টিতে সেদিন মেলার বিঘ্ন ঘটেনি। কিন্তু গতকালের বৃষ্টি তছনছ করে দিল মেলাকে।
সাপ্তাহিক কর্মদিবসের প্রথম দিন গতকাল অমর একুশে গ্রন্থমেলার দ্বার খুলেছিল বেলা তিনটায়। কিন্তু ঝাঁপ খুলে মনের মতো বই বিক্রি করার উপায় কোথায়। আয়োজকদের পরিকল্পনার দুর্বলতার খেসারত দিতে হলো প্রকাশকদের। হাঁটতে গেলে কাঁদায় বিতিকিচ্ছি অবস্থা। স্টলের ওপর ত্রিপল দিয়ে টিপটিপ পানির বেরসিক উপস্থিতি। স্টল খুললেও বিক্রি করতে গিয়েও হিমশিম খেতে হয়েছে। বিকেল পাঁচটায়ও বেশ কয়েকটি প্রকাশনার স্টল খুললেও বিক্রি করেননি বিক্রয়কর্মীরা। আবার সন্ধ্যার পরপর অনেক প্রকাশক ঝাঁপ ফেলে বাড়ি ফিরে যান।
যাঁরা বই কিনেছিলেন, তাঁরা পড়ে গেলেন মুশকিলে। নগদ টাকায় কেনা নতুন বই তো আর পানিতে নষ্ট হতে দেওয়া যায় না। এদিকে পথঘাটও পিচ্ছিল। বৃষ্টিতে বই রক্ষার জন্য স্টলকর্মীদের প্রাণান্ত চেষ্টা। একটু পরপর ওপরের ছাউনিতে পানি জমছিল। শর্টসার্কিটের আশঙ্কায় বিদ্যুতের সংযোগ দেয়নি মেলা কর্তৃপক্ষ। তাই মুঠোফোনের টর্চ আর মোমের আলোই ভরসা।
মেলা নিয়ে মতবিনিময়
মেলার ষোড়শ দিনের বিকেলে গতকাল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। তিনি বলেন, এবারের মেলা হচ্ছে নতুন আঙ্গিকে, ভিন্ন পরিসরে। বাংলা একাডেমির পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানে ছড়িয়ে দেওয়া হয়েছে বইমেলা। খুব অল্প সময়ে ভেতরে এই আয়োজনের ফলে কিছু সমস্যা থাকলেও এ পর্যন্ত মেলা খুব ভালো যাচ্ছে। আর যেসব ত্রুটি-বিচ্যুতি আছে, তা আগামীবার থেকে ঠিক করে ফেলা হবে।
একুশের বইমেলাকে আন্তর্জাতিক রূপদান প্রসঙ্গে শামসুজ্জামান খান বলেন, ‘আমি উদ্বোধনী অনুষ্ঠানে মেলাকে আন্তর্জাতিক করার কথা বলেছিলাম। অনেকেই বিষয়টি ভুলভাবে গ্রহণ করে মনে করেছিলেন, এই মেলায় বুঝি বিদেশি প্রকাশনী ও লেখকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। বিষয়টি তা নয়।
দেশের প্রকাশক ও লেখকদের স্বার্থ ক্ষুণ্ন করে আমি বিদেশি বই বিক্রি করার কথা বলিনি। আমরা আগামীবার থেকে মেলায় আন্তর্জাতিক সাহিত্য কিংবা সংগীত সম্মেলন করতে পারি। বিদেশি লেখকদের এনে তাঁদের সাহিত্য সম্পর্কে জানতে পারি। ফলে মেলাটা একটা আন্তর্জাতিক রূপ নেবে।’
নতুন বইয়ের মোড়ক উন্মোচন
গতকাল একাডেমির শামসুর রাহমান সেমিনার হলে ছিল আমিনুর রহমানের সাংবাদিকতা থেকে সেলুলয়েড—সময়ের সেরা কথোপকথন শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অ্যাডর্ন থেকে প্রকাশিত বইটির মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবী, নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, বীর মুক্তিযোদ্ধা হাবিবুল আলম, প্রকাশক সৈয়দ জাকির হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কবি ও লেখক ডরোথিয়া মুলার-ওথ।
নজরুল মঞ্চে ১৩টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা স্কুলের শিক্ষক ক্যানসারে আক্রান্ত কবি প্রণয় কান্তি নাথের প্রথম কাব্যগ্রন্থ বুদ্ধির মুক্তি ও বেদনা মাধুরী এবং অপরাজিতা অনুর কাব্যগ্রন্থ তোমার সমাসঙ্গে কবিতার উঠোন বইয়ের মোড়ক উন্মোচন করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
নতুন আলোকে জীবনানন্দের ‘বনলতা সেন’
মেলায় প্রথমা প্রকাশন এনেছে আকবর আলি খানের চাবিকাঠির খোঁজে। জীবনানন্দ-চর্চার ক্ষেত্রে এই বই একটি ব্যতিক্রমধর্মী রচনা বলে মন্তব্য করলেন প্রতিষ্ঠানটির এক প্রতিনিধি। এই বইয়ে জীবনানন্দের বনলতা সেন কাব্যগ্রন্থের কবিতাগুলোর নিবিড় বিশ্লেষণ করে দেখানো হয়েছে। এ গ্রন্থ প্রমাণ করেছে, জীবনানন্দের কবিতা এখনো অনাবিষ্কৃত মহাদেশের মতো, নতুন করে তাকে আবিষ্কারের প্রয়োজন রয়েছে।
এ ছাড়া মেলার ১৬তম দিনে নতুন বই এসেছে ৫৯টি। এর মধ্যে বুকস ফেয়ার এনেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক হাকিম আরিফ ও তাওহিদা জাহানের লেখা যোগাযোগবিজ্ঞান ও ভাষাগত অসঙ্গতি, সূচিপত্র এনেছে মোহাম্মদ আবদুল হাইয়ের বাঙালির ধর্মচিন্তা, নন্দিতা এনেছে মোনায়েম সরকারের হাজার বছরের বাংলা গান, ঐতিহ্য এনেছে আরিফুর রহমানের বাংলাদেশ, শব্দশৈলী এনেছে ফেরদৌসী প্রিয়ভাষিণীর নিন্দিত নন্দন।
মেলা মঞ্চের আয়োজন
বিকেলে গ্রন্থমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘জ্ঞানভিত্তিক সমাজ ও ডিজিটাল বাংলাদেশ নির্মাণে তথ্য-প্রযুক্তি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান। আলোচনায় অংশ নেন মোস্তাফা জব্বার, তারিক সুজাত, অপরেশ বন্দ্যোপাধ্যায় এবং মাহবুব জামান। সভাপতিত্ব করেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।