বৃষ্টিতে আবার আতঙ্কিত রাঙামাটির বাসিন্দারা

আবার বৃষ্টিতে আতঙ্ক ভর করেছে রাঙামাটির পাহাড়ের বাসিন্দাদের মধ্যে। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে পাহাড় ধসের সতর্কবার্তা ঘোষণা করা হচ্ছে। তাই আজ রোববার সকাল থেকে বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দারা নতুন করে আশ্রয়কেন্দ্রে ছুটতে শুরু করেন।
রোববার দুপুর ১২টা পর্যন্ত রাঙামাটিতে ৬৮ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভোররাতে এই বৃষ্টি শুরু হয়।
সকাল সাড়ে ১০টায় ফায়ার সার্ভিসের কর্মীদের পাওয়া যায় রাঙামাটির টি অ্যান্ড টি কলোনি এলাকায়। সেখানে তাঁরা হ্যান্ড মাইক নিয়ে লোকজনকে সরে যাওয়ার অনুরোধ জানান। ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নিউটন দাশ বলেন, বৃষ্টি বেশি হচ্ছে। তাই নতুন করে ঝুঁকি দেখা দেওয়ায় লোকজনকে সতর্ক করা হচ্ছে। পাশাপাশি আশ্রয়কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে।
তবে স্থানীয় লোকজন অনেককে নিজ উদ্যোগে আশ্রয় কেন্দ্রে ছুটতে দেখা গেছে। টেলিভিশন ভবনের পেছনের ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে বৃষ্টি মাথায় লোকজনকে নিরাপদ আশ্রয়ে যেতে দেখা গেছে। জানতে চাইলে কয়েকজন নারী জানান, বৃষ্টি হওয়ায় আবার পাহাড়ধসের ঝুঁকি দেখা দিয়েছে। তাই চলে যাচ্ছি।
রাঙামাটি সরকারি কলেজ কেন্দ্রে নতুন করে চারটি পরিবার আশ্রয় নিয়েছে। ওখানে এখন মোট ৫২ পরিবার আশ্রয় নিয়েছে। কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত যুব রেড ক্রিসেন্টের উপপ্রধান সাইফুল উদ্দিন বলেন, বৃষ্টি শুরু হওয়ার পর নতুন করে কিছু পরিবার আশ্রয় কেন্দ্রে ছুটতে শুরু করেছে।
জেলা প্রশাসনের হিসাবে রাঙামাটি সদরে ১৯টি আশ্রয় কেন্দ্রে প্রায় আড়াই হাজার লোক আশ্রয় নিয়েছে।
জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান দুপুরে তাঁর সম্মেলন কক্ষে সাংবাদিকদের জানান, আড়াই হাজার মানুষকে আমরা প্রথমে খাবার দিচ্ছি। তাদের এখন ত্রাণ দেওয়া হচ্ছে না। কারণ ত্রাণ রাখার জায়গা তাদের নেই। ক্ষতিগ্রস্তদের পূর্ণাঙ্গ হিসাব পাওয়ার পর তাদের ত্রাণ দেওয়া হবে। পর্যাপ্ত ত্রাণ রয়েছে বলে তিনি জানান। পাশাপাশি জ্বালানি তেলসহ ভোগ্যপণ্যের কোনো সংকট নেই বলেও তিনি দাবি করেন।

তবে খাবার দেওয়া হলেও তা সময়মতো যায় না বলে অভিযোগ রয়েছে। আজ রোববার রাঙামাটি সরকারি কলেজ কেন্দ্রে দুপুরের খাবার পৌঁছেছে বেলা পৌনে তিনটায়। এর আগে ওই কেন্দ্রের বাসিন্দা নাজমা আখতার বলেন, এখানে এখনো খাবার আসেনি। বাচ্চারা খিদেয় কষ্ট পাচ্ছে।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাহিদা আক্তার বলেন, এখন পর্যন্ত সদরে ১৯টি আশ্রয়কেন্দ্রে রয়েছে। বৃষ্টির কারণে কেন্দ্রের সংখ্যা আরও বাড়তে পারে।
আরও পড়ুন...