বৃষ্টিতে আরও করুণ দশা রাস্তাটির
সিলেট সিটি করপোরেশনের নগর ভবনের ঠিক সামনের বন্দরবাজার এলাকার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। ছোট-বড় অসংখ্য খানাখন্দ। সংস্কার না করায় গর্তগুলো দিন দিন বড় হচ্ছে। এ কারণে দুর্ভোগ পোহাচ্ছেন পথচারী ও গাড়িচালকেরা।
কয়েক দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সেই পানি গর্তে জমছে। ওই গর্তে রিকশা-অটোরিকশা পড়ে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। প্রায় আধা কিলোমিটার অংশের কার্পেটিং উঠে গিয়ে যান চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাটি। বন্দরবাজার এলাকাটি নগরের ঠিক প্রাণকেন্দ্রে অবস্থিত। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, বন্দরবাজারের রাস্তাটি সড়ক ও জনপথ অধিদপ্তরের। রাস্তাটি সংস্কারের জন্য একাধিকবার সওজ কর্তৃপক্ষকে লিখিত ও মৌখিকভাবে তাগদা দেওয়া হয়েছে।
সওজ সিলেট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম বলেন, বৃষ্টির মৌসুম শেষ হওয়ার পরপরই দরপত্র আহ্বান করে রাস্তাটির সংস্কারকাজ শুরু করা হবে।