বৃষ্টিতে ইট হয়ে গেল মাটি

শীত যখন মাত্র একটু জেঁকে বসতে শুরু করেছে, ঠিক তখন মাঘ মাসের প্রথম সপ্তাহটি পার হতে না হতে আকস্মিক বৃষ্টিতে বিভিন্ন স্থানের ইটভাটার মালিকেরা বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন। বছরের এই সময়ে বৃষ্টি থেকে কাঁচা ইট রক্ষায় কোনো প্রস্তুতি ছিল না তাঁদের। পোড়ানোর জন্য প্রস্তুত কাঁচা ইট বৃষ্টিতে ভিজে এ লোকসানের শিকার হন তাঁরা।
বৃষ্টিতে পাবনার ৯০টি ইটভাটায় প্রায় ৫০ লাখ কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। ভাটার মালিকদের হিসাব অনুযায়ী এতে ক্ষতি হয়েছে প্রায় ৩০ কোটি টাকা।
জেলার বিভিন্ন এলাকার আটজন ভাটামালিকের সঙ্গে কথা বলে জানা যায়, পৌষ মাসে কোনো বৃষ্টিপাত না হওয়ায় চলতি মাসে জেলার ইটভাটাগুলোতে প্রচুর ইট তৈরি করা হয়। কাঁচা ইটগুলো শুকানো ও পোড়ানোর অপেক্ষায় ছিল। এসব ইট পোড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন ভাটার মালিকেরা। কিন্তু গত মঙ্গলবার থেকে আকস্মিক বৃষ্টিতে এসব কাঁচা ইট নরম হয়ে ভেঙে গেছে। অনেক ইট পানিতে গলে মাটি হয়ে গেছে।
গতকাল বৃহস্পতিবার পাবনা জেলা সদর, আটঘরিয়া ও চাটমোহর উপজেলার চারটি ইটভাটা ঘুরে দেখা যায়, শ্রমিক নেই। সাজানো কাঁচা ইটগুলো বৃষ্টির পানিতে গলে গেছে। কিছু ইট পলিথিন দিয়ে ঢাকার চেষ্টা হলেও শেষ পর্যন্ত রক্ষা হয়নি।
একই এলাকার এমএকে ইটভাটার স্বত্বাধিকারী আবদুল খালেক বলেন, ‘আমার প্রায় তিন লাখ ইট বৃষ্টিতে নষ্ট হয়েছে। নতুন ইট তৈরি না হওয়া পর্যন্ত ভাটাও বন্ধ রাখতে হচ্ছে। এতে এবার ইটের দাম কিছুটা বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। অন্যথায় ভাটার মালিকদের পথে বসতে হবে।’
চাটমোহর উপজেলার ধুলাউড়ি গ্রামের একটি ইটভাটার ব্যবস্থাপক আবদুল গণি বলেন, কাঁচা ইট নষ্ট একদিকে তৈরি ইট নষ্ট হলো। অন্যদিকে আবার নতুন ইট তৈরি না হওয়া পর্যন্ত ভাটা বন্ধ রাখতে হবে। এতে লোকসান বাড়বে।
পাবনা জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আবুল কাশেম বলেন, ‘আমাদের সমিতির আওতায় জেলায় ৭০টি ইটভাটা ও সমিতির বাইরে আরও ২০টি ভাটা রয়েছে। প্রাথমিক হিসাবে এসব ভাটার প্রায় ৫০ লাখ কাঁচা ইট নষ্ট হয়েছে। এতে ভাটার মালিকদের প্রায় ৩০ কোটি টাকার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ক্ষতি কীভাবে পোষাবে, তা নিয়ে সবাই উদ্বিগ্ন। উৎপাদন খরচ ওঠাতে ইটের দাম কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ইটভাটার মালিকেরাও বৃষ্টির কারণে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন। গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, বগুড়ার দুপচাঁচিয়া ও কাহালুর সীমানা দিয়ে বয়ে যাওয়া নাগর নদের দুই পাড়ে অন্তত ১৫টি ইটভাটা রয়েছে। গত দুই দিনের বৃষ্টিতে এসব ভাটার লাখ লাখ কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। এতে ভাটার মালিকদের বড় ধরনের ক্ষতি তো হয়েছেই, ভাটাগুলোতে কাজ বন্ধ হয়ে যাওয়ায় এর সঙ্গে জড়িত প্রায় সাড়ে তিন হাজারের মতো শ্রমিক বেকার হয়ে পড়েছেন।
‘মাঘ মাসের শেষ সপ্তাহ থেকে গোটা ফাল্গুন মাস পর্যন্ত কাঁচা ইট সংগ্রহ করে পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়। কিন্তু এবার মাত্র ইট গোছানোর কাজ শুরু করতেই আকস্মিক বৃষ্টিতে সর্বনাশ হয়ে গেল। গত দুই দিনের বৃষ্টিতে প্রতিটি ভাটায় ৯-১০ লাখ কাঁচা ইট মাটির সঙ্গে মিশে গেছে।’ কথাগুলো বললেন ইটভাটার ব্যবসায়ী নূরুল ইসলাম। তাঁর ইটভাটা কাহালুর বারমাইল এলাকায়।
কাহালুর বীরকেদার বারমাইলে অবস্থিত মেসার্স ফেন্সি ব্রিকসে কাঁচা ইট তৈরির কাজে নিয়োজিত শ্রমিক সর্দার (নেতা) মানিক প্রামাণিক বলেন, ‘কাঁচা ইট তৈরির জন্য মৌসুমের শুরুতে ভাটার মালিকের কাছ থেকে অগ্রিম নিয়েছি। ঠিকমতো ইট তৈরি করে দিতে না পারলে টাকা ফেরত দিতে হবে। বৃষ্টির জন্য ভাটা বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকেরা বেকার বসে আছে।’
কাহালু-দুপচাঁচিয়া বারমাইল ইটভাটা মালিক সমিতির সভাপতি নূরুল হক তালুকদার বলেন, এমনিতে শীতে যত্সামান্য বৃষ্টি হয়, তাতে তেমন কোনো ক্ষতি হয় না। কিন্তু এবার দুই দিনের টানা বৃষ্টিতে সব ইটভাটা মিলে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।